লোকসভায় ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি পেশ হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় লোকসভার বর্ষাকালীন অধিবেশনে ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি অনুমোদনের লক্ষ্যে সংবিধান সংশোধনী বিল পেশ হতে পারে। আগামী ৫ আগস্ট এই অধিবেশন শুরু হবে। চলবে ৩০ আগস্ট পর্যন্ত। গতকাল সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সংসদবিষয়ক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়, এই অধিবেশনে ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি বা ছিটমহল বিনিময় চুক্তি সম্পাদনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) সরকার। এ লক্ষ্যে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ সব রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য গড়তে আলোচনা শুরু করবেন। এর আগেও সালমান খুরশিদ বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যে পৌঁছেছিলেন। কিন্তু আসামের বিজেপি, আসাম গণপরিষদ ও পশ্চিমবঙ্গ সরকার এর বিরোধিতা করায় ওই বিল সংসদে পেশ করতে পারেনি কেন্দ্রীয় সরকার। তাই এবার নতুন করে এই সংবিধান সংশোধনী বিল পেশ করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার ইউপিএ ও বাংলাদেশের শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালে এই চুক্তি সম্পাদন করতে চাইছে। এই দুই সরকারেরই মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। তাই বিজেপি, আসাম গণপরিষদ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজি করাতে ফের তত্পরতা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। লোকসভার গত অধিবেশনে আসামের বিজেপি এবং আসাম গণপরিষদ এই বিলের তীব্র প্রতিবাদ করায় তা আর পেশ করা যায়নি। এবার বিজেপি, আসাম গণপরিষদ ও মমতাকে রাজি করানো গেলে এই বিল উভয় সংসদে পাস করানো সম্ভব হবে। এতে দুই দেশের মধ্যে থাকা ১৬২টি ছিটমহল বিনিময় সহজ হবে। ভারতের ভূখণ্ডে রয়েছে ৫১টি বাংলাদেশি ছিটমহল ও বাংলাদেশ ভূখণ্ডে রয়েছে ১১১টি ভারতীয় ছিটমহল। অথচ দুই দেশের ভূখণ্ডে থাকা ছিটমহলের বাসিন্দারা তাঁদের নিজ নিজ দেশের মৌলিক অধিকার ভোগ করতে পারেন না। তাই ছিটমহল বিনিময় চুক্তি সম্পাদিত হলে, ছিটমহলবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ার পথ খুলে যাবে।