দিনাজপুরে চোরাই পথে আসছে হরলিকস, কমপ্ল্যান, চকলেট, কসমেটিকস
লোকসান গুনছেন আমদানিকারকেরা
দিনাজপুরের জেলা শহর এবং প্রতিটি উপজেলার হাট-বাজারে বিক্রি হচ্ছে ভারত থেকে চোরাই পথে আসা হরলিকস, কমপ্ল্যান, চকলেট, মিষ্টি, শণপাপড়ি, কসমেটিকসসহ নানা পণ্য। বহুজাতিক কোম্পানিগুলোর স্থানীয় পরিবেশকদের অভিযোগ, এসব পণ্য অবাধে বিক্রি হওয়ায় প্রতিদিন কোটি কোটি টাকা লোকসান গুনছেন আমদানিকারকেরা। প্রশাসন, পুলিশ, বিডিআরসহ সরকারি বিভাগগুলো নীরব ভূমিকা পালন করছে।খোঁজ নিয়ে জানা গেছে, গ্ল্যাক্সো বাংলাদেশ মালটোভা, হরলিকস, জুনিয়র হরলিকসসহ বিভিন্ন হেলথ ফুড, ড্রিংকস বাজারজাত করে থাকে। বাংলাদেশে গাজীপুর জেলার মিউচুয়াল ফুড প্রোডাক্টস লিমিটেড তাদের এ দেশীয় এজেন্ট। কোম্পানিটির দিনাজপুরের পরিবেশক শহরের বাহাদুর বাজার এলাকার মেসার্স একরামুল স্টোরস।একরামুল স্টোরসের মালিক মো. এনামুল হক জানান, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রতি মাসে যে পরিমাণ হরলিকস ও মালটোভা বিক্রি হয়েছে, গত এক বছরে বিক্রির পরিমাণ অর্ধেকে নেমে এসেছে। কারণ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবাধে ভারত থেকে আসা হরলিকস ও মালটোভা বাজার দখল করে ফেলেছে।একই অভিযোগ দিনাজপুর শহরের উত্তরা সুপার মার্কেটের ময়ূরী ডিপার্টমেন্টাল স্টোরসের মালিক এখলাসুর রহমানের। তিনি প্রথম আলোকে জানান, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন লিমিটেডের ‘গার্নিয়ার’ ব্র্যান্ডের লোশন, ক্রিমসহ বিভিন্ন পণ্য বিক্রি করেন।বাংলাদেশে এর এজেন্ট ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এরা বাজারজাত করে আমেরিকার ‘হাইন্স’ কোম্পানির হেলথ ফুড ও ড্রিংস কমপ্ল্যান। কমপ্ল্যানের দিনাজপুরের পরিবেশক দীলিপ স্টোর। এর মালিক নারায়ণ চন্দ্র সাহা জানান, হরলিকসের চেয়ে আমদানি করা কমপ্ল্যানের অবস্থা আরও ভয়াবহ। কারণ বাংলাদেশে যে কমপ্ল্যান আমদানি করা হয়, তা তৈরি হয় ভারতে। শুল্ক, ভ্যাট, আইটি দিয়ে ৫০০ গ্রাম ওজনের আমদানি করা এক প্যাকেট কমপ্ল্যানের খুচরা মূল্য ৪০৩ টাকা। অথচ বিনা শুল্কে চোরাই পথে আসা একই ওজনের এক প্যাকেট কমপ্ল্যান বিক্রি হচ্ছে মাত্র ২৭০ থেকে ২৯০ টাকায়। এ কারণে মানুষ আমদানি করা কমপ্ল্যান কিনছে না।নারায়ণ চন্দ্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বিপুল পরিমাণ টাকা জামানত দিয়ে পরিবেশক হিসেবে নিয়োগ পেয়েছেন। প্রতি মাসে নগদ দাম দিয়ে কোম্পানি থেকে পণ্য তুলতে হয়। কিন্তু চোরাই পথে আসা কমপ্ল্যানে বাজার ভরে আছে। কম দাম হওয়ার কারণে ভোক্তারা চোরাই পথে আসা কমপ্ল্যান কিনছেন। আর বিক্রি না হওয়ার কারণে বৈধ পথে আমদানি করা কোটি কোটি টাকার কমপ্ল্যান গুদামে পড়ে আছে।দিনাজপুর শহরের একাধিক বেকারি ও ডিপার্টমেন্টাল স্টোরে খোঁজ নিয়ে দেখা গেছে, বিএসটিআইয়ের স্টিকার লাগানো হরলিকস ও মালটোভার পাশাপাশি স্টিকার ছাড়া হরলিকস ও মালটোভাও দেদারছে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, আমদানি করা ৪০০ গ্রাম ওজনের কাচের বয়ামের একটি হরলিকস বিক্রি করছেন ২৬০ টাকায়, আর ৮০০ গ্রাম ৪৭৫ টাকায়। ৪০০ গ্রামের পলি প্যাক ২৪৫ টাকায়। অথচ অবৈধ পথে ভারত থেকে আসা ৫০০ গ্রামের কাচের বয়ামে একটি হরলিকস মাত্র ২৮০ টাকা এবং এক কেজি ওজনের পলি প্যাক বিক্রি হচ্ছে ৪৯০ থেকে ৫০০ টাকা দরে। এ কারণে পরিমাণ বেশি এবং দামে কম হওয়ার কারণে ভোক্তারা ওই হরলিকস বা মালটোভা বেশি কিনছেন বলে জানান বিক্রেতারা।সরেজমিনে জেলা সদর ছাড়াও পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ এবং বিভিন্ন উপজেলা শহর ছাড়াও হাট-বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ দোকানেই বৈধ পথে আমদানি করা কমপ্ল্যান, হরলিকস বা ওই জাতীয় পণ্য পাওয়া যায় না। প্রতিটি ডিপার্টমেন্টাল স্টোর এমনকি পানের দোকানেও চোখে পড়ে ভারতীয় কমপ্ল্যান, হরলিকস, হলদিরামের শণপাপড়ি, চানাচুর, ভুজিয়া, মিষ্টি, ক্যাটবেরি ডেইরি মিল্ক, কিট-ক্যাটসহ সব ধরনের চকলেট।হাকিমপুর ও বিরামপুর পৌর এলাকার একাধিক ডিপার্টমেন্টাল স্টোর ও বেকারির মালিক তাঁদের নাম ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যে পণ্য মানুষ কিনবে, সেটাই তো রাখব। প্রতিদিন দিন-রাতে সীমান্তের প্রতিটি গ্রাম পার হয়ে নানা ধরনের ক্যাটবেরি চকলেট, কার্টন বোঝাই হরলিকস, কমপ্ল্যান, গার্নিয়ার লোশন ও শ্যাম্পু বাংলাদেশে আসছে। বিডিআর, পুলিশ সবাই টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে।’দিনাজপুরের হিলি স্থলবন্দরের বেসরকারি ইজারা প্রতিষ্ঠান ‘পানামা হিলি পোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী ওরফে নেপাল প্রথম আলোকে জানান, আমদানির অনুমোদিত পণ্যগুলো প্রতিদিন চোরাই পথে বাংলাদেশে আসার কারণে আমদানিকারকেরা বিপাকে পড়েছেন। ফলে আগের চেয়ে আমদানি কমেছে। আমদানি-অনুমোদিত পণ্য চোরাই পথে আসা বন্ধ করতে তিনি বিডিআর, পুলিশ ও কাস্টমস কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।দিনাজপুর বিডিআর সেক্টরের কর্মকর্তা (জি টু) মেজর ওয়াজেদ জানান, সার, মাদকদ্রব্যসহ ভারত থেকে চোরাই পথে আসা বিভিন্ন পণ্য বিডিআরের হাতে ধরা পড়ে। কিন্তু চকলেট, কমপ্ল্যান দুধ, গার্নিয়ারসামগ্রী, মিষ্টি এসব ধরা পড়েছে বলে তাঁর জানা নেই, তবে উল্লিখিত আমদানি-অনুমোদিত পণ্য চোরাই পথে আসা বন্ধ করতে বিডিআর ভূমিকা রাখবে বলে তিনি জানান।অন্যদিকে দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. জাকির হোসেন জানান, চোরাচালান প্রতিরোধে রয়েছে জেলা টাস্কফোর্স কমিটি। জেলা প্রশাসক কমিটির আহ্বায়ক, পুলিশ সুপার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিডিআর ও জেলা আনসার কর্মকর্তা কমিটির সদস্য। এ ছাড়া চারজন ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পৃথক চারটি টাস্কফোর্স দল আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তারাও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতি মাসে একাধিকবার চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে থাকেন বলে তিনি জানান।