লোকসানে কমছে লোভের তামাক চাষ
গত বছরের তুলনায় এ বছর সারা দেশে তামাকের চাষ কমেছে। সরকারি হিসাবে, গত বছর ৭৯ হাজার ৪১৫ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বছরের হিসাব চূড়ান্ত না করলেও তাদের প্রাথমিক তথ্যমতে, এবার ৫২ হাজার ৯২২ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। অর্থাৎ তামাকমুক্ত হয়েছে প্রায় ২৭ হাজার হেক্টর জমি। তবে স্থানীয় কৃষক, ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান, মাঠকর্মী, কৃষি কর্মকর্তা, তামাক কোম্পানির স্থানীয় প্রতিনিধিদের কাছ থেকে প্রথম আলোর প্রতিনিধিরা যে তথ্য পেয়েছেন, গত বছর সারা দেশে প্রায় সাড়ে ৯৬ হাজার হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। আর এবার হয়েছে সাড়ে ৭৯ হাজার হেক্টরে। এই হিসাবেও দেখা যায়, এবার প্রায় ২০ হাজার হেক্টর জমিতে তামাক চাষ কম হয়েছে। সরকারি ও স্থানীয় পর্যায় থেকে পাওয়া হিসাবের পার্থক্যের কারণ: প্রথমত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে গত দুই বছর ধরে তামাক চাষের জেলা দেখানো হচ্ছে ১৫টি। প্রথম আলোর সরেজমিন প্রতিবেদনে উঠে এসেছে ২০টি জেলার তামাক চাষের চিত্র ও হিসাব। অতিরিক্ত এই পাঁচ জেলার দুটিতে এবার তামাক চাষ হয়নি, যেখানে গতবার হয়েছিল। বাকি তিনটি জেলায় এবার চাষ হয়েছে ৩৬৬ হেক্টর জমিতে, যা অধিদপ্তরের প্রাথমিক হিসাবে নেই। দ্বিতীয়ত, আটটি জেলায় অধিদপ্তরের হিসাবের সঙ্গে উল্লিখিত স্থানীয় সূত্রে পাওয়া হিসাবের বড় ধরনের অমিল পাওয়া গেছে। চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, রংপুর, দিনাজপুর ও টাঙ্গাইলে কৃষি অধিদপ্তরের প্রাথসিক হিসাবে, এবার চাষ হয়েছে ৩০ হাজার ৪৫৫ হেক্টর জমিতে। আর প্রথম আলোর প্রাপ্ত তথ্য অনুযায়ী, চাষ হয়েছে প্রায় ৫৬ হাজার হেক্টরে।তবে দুই হিসাবেই এবার তামাক চাষ উল্লেখযোগ্য হারে কমার তথ্য বেরিয়ে এসেছে। এর প্রধান কারণ, গত বছর তামাক কোম্পানিগুলো প্রতিশ্রুতি অনুযায়ী চাষিদের কাছ থেকে তামাক কেনেনি। তামাক ঘরে নষ্ট হয়েছে। আবার অনেক ক্ষেত্রে প্রতিশ্রুত দাম পাওয়া যায়নি। ফলে লোকসানে পড়ছেন চাষিরা। তামাকের কারণে পরিবারের লোকদের স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে। রবিশস্য উৎপাদন কমে যাওয়ায় কাঁচাবাজার খাতে তাদের ব্যয় বেড়েছে। আবার তামাকের চুল্লির ধোঁয়ার কারণে বাড়ির গাছে আম-কাঁঠালসহ সব ধরনের ফলের উৎপাদন কমেছে। তাও কৃষকের আর্থিক ক্ষতির সঙ্গে যোগ হয়েছে। ফলে এবার অনেকেই তামাক বাদ দিয়ে রবিশস্য ও বোরো চাষ করেছেন। ঝিনাইদহের কৃষকেরা বলছেন, গত বছর লোকসান দেওয়ায় এ বছর তামাক চাষ কম করেছেন তাঁরা। গত বছর এ জেলায় দুই হাজার ৫৪১ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছিল। এ বছর হয়েছে এক হাজার ১১০ হেক্টরে। সদর উপজেলার উদয়পুর গ্রামের আব্দুল কুদ্দুস জানান, তিনি চার বিঘা জমিতে তামাকের চাষ করেছেন। প্রতি বিঘায় ৪৫ হাজার টাকা খরচ হয়েছে। তামাক পেয়েছেন ৪০০ কেজি। ঠিক দামে বিক্রি করলে পাবেন ৬০ হাজার টাকা। কুদ্দুসের মতে, জমির বর্গামূল্য ও নিজেদের শ্রমের হিসাব ধরলে এই চাষে কোনো লাভ থাকে না। ধানহাড়িয়া গ্রামের কৃষক আলমগীর হোসেন জানান, এখন লাভের পরিবর্তে বিঘাপ্রতি পাঁচ থেকে ১০ হাজার টাকা লোকসান দিতে হচ্ছে। আর যাঁরা জমি বর্গা নিয়ে চাষ করেছেন তাঁরা ১৫ থেকে ২০ হাজার টাকা লোকসান দিচ্ছেন। বিক্রির সময় চাষিরা তামাক কোম্পানিগুলোতে গিয়ে হয়রানির শিকার হন বলে অভিযোগ করলেন মেহেরপুরের চাষিরা। প্রতি বিঘায় তামাক চাষে ৩০-৩২ হাজার টাকা ব্যয় হয়। বিক্রির সময় কোম্পানি ভালো-খারাপ ধরে যে দাম দেয় তাতে আর লাভ থাকে না। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, গত বছর এ জেলায় সাত হাজার ৫০ হেক্টরে তামাক চাষ হয়েছিল। এ বছর হয়েছে চার হাজার ৪৭০ হেক্টর জমিতে। মেহেরপুরের দায়িত্বপ্রাপ্ত ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) রিজিওনাল চিফ ম্যানেজার মামুনুর রশীদ জানান, এবার তাঁদের চুক্তিবদ্ধ তিন হাজার কৃষক প্রায় দুই হাজার ৮০০ হেক্টর জমিতে তামাক চাষ করেছেন। গতবার এর পরিমাণ ছিল আরও বেশি। তিনি দাবি করেন, এবার বিএটি তামাকের সর্বোচ্চ দাম ১২২ ও সর্বনিম্ন ৯৩ টাকা কেজি দরে দিয়েছে। ফলে চাষিরা এবার লাভবান হয়েছেন। রাঙ্গামাটির বাঘাইছড়িতে অন্যান্য বছর তামাক চাষ লাভজনক হলেও এ বছর ক্ষতি হয়েছে বলে চাষিরা দাবি করেছেন। কোম্পানিগুলো কম দামে তামাক কিনে নিচ্ছে বলে অভিযোগ তাঁদের। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশিরুল হক ভূঁইয়া বলেন, তামাক চাষ না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে চাষিদের উৎসাহিত করা হচ্ছে। গত মৌসুমে তামাক চাষিদের সার সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।চুয়াডাঙ্গায় গত বছর এক হাজার ১৩৫ হেক্টরে তামাক চাষ হলেও এ বছর হয়েছে ৭২০ হেক্টর জমিতে। এ জেলার কৃষকেরা সবজি আবাদ ছেড়ে তামাক আবাদে নামলেও পরে শর্তের বেড়াজালে জড়িয়ে লোকসান গুনতে হচ্ছে। সদর উপজেলার বড় শলুয়া গ্রামের আব্দুস সাত্তার জানান, চলতি বছর তিনি প্রথমবারের মতো সাড়ে তিন বিঘা জমিতে তামাক আবাদ করেন। ওই জমিতে মোট ১৮ বেল (৭০ কেজিতে এক বেল) তামাক হয়। তামাক কোম্পানি বিএটি ১২ বেল কেনার পর জানিয়ে দিয়েছে, বাকি তামাক তারা কিনবে না। বিএটির কর্মকর্তা আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, চাষিদের কাছ থেকে চুক্তি অনুযায়ী তামাক কেনা হচ্ছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কেনা আপাতত সম্ভব হচ্ছে না। রাজবাড়ীর গোয়ালন্দের উজানচর এলাকার অবস্থাসম্পন্ন কৃষক মজিবর রহমান বলেন, ‘বেশি লাভের আশায় তিন বছর তামাক চাষ করেছিলাম। কিন্তু কোম্পানির লোকজন সেরা তামাকগুলো বেছে নিয়ে বাকি সব বাদ দিয়ে দেয়। এতে গত বছর প্রায় ৯০ হাজার টাকার মতো লোকসান হয়েছে। তামাক চাষ করতে গিয়ে নিজে, স্ত্রী, সন্তান সবাই অসুস্থ হয়ে পড়েছি।’ গতবার রাজবাড়ীতে ৫০৩ হেক্টর জমিতে তামাক চাষ করেছিলেন চাষিরা। এবার করেছেন ১৭২ হেক্টরে। দিনাজপুরেও তামাক চাষের এলাকা কমেছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক সিকান্দার আলী জানান, গত বছর জেলায় ৪৩১ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছিল। এ বছর হয়েছে মাত্র ৪৪ হেক্টরে। সদর উপজেলার সুন্দরবন গ্রামের কৃষক ক্ষেত্রমোহন (৫৫) জানান, কোম্পানির কাছ থেকে বীজ বিনা মূল্যে পেয়েছেন তিনি। রাসায়নিক সার কিনতে পেয়েছেন প্রয়োজনীয় ঋণ সুবিধা। তাঁর তামাক হয়েছে ৩০ বেল। ‘কিন্তু কোম্পানির লোকদের ঘুষ দেওয়া ছাড়া তামাক গুদামে দেওয়ার উপায় নাই।’ ক্ষেত্রমোহনের অভিযোগ, ‘উৎপাদিত তামাকের মাত্র অর্ধেক তারা কিনেছে ৯০ টাকা কেজি দরে। বাকি তামাক বাড়িতে পড়ে আছে।’ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সোলাই গোবিন্দপুর গ্রাম থেকে কালীগঙ্গা নদী পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ। মাঠজুড়ে একসময় ছিল তামাকের আবাদ। কিন্তু এবার সেই মাঠ দখল করে নিয়েছে ভুট্টা। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালকের কার্যালয় সূত্র জানায়, গত বছর যেখানে দুই হাজার ৭৩৭ হেক্টর জমিতে আবাদ হয়েছে, এবার তা কমে এক হাজার ৫৬৪ হেক্টরে এসে ঠেকেছে।সাটুরিয়ার সোলাই গোবিন্দপুর গ্রামের চাষি হযরত আলী জানান, গত বছর তিনি ২৬ বিঘা জমিতে তামাক আবাদ করে দেড় লাখ টাকা লোকসান গুনেছেন। এবার তিনি ১০ বিঘা জমিতে ধানের আবাদ করে বাকি জমিতে ভুট্টা চাষ করেছেন। তামাকের আবাদ কমে যাওয়ার কথা স্বীকার করলেন ঢাকা টোব্যাকোর মানিকগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক ইয়াসিন মণ্ডল। তিনি জানান, ভুট্টা ও সবজি চাষে লাভ বেশি হওয়ায় কৃষকেরা তামাক চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন। তবে তামাক চাষিদের হয়রানির বিষয়টি তিনি অস্বীকার করেছেন।