ঢাকাসহ সারা দেশে বিদ্যুৎ চুরির পরিমাণ বেড়েছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীন পাওয়ার সেলের এক সমীক্ষায় পদ্ধতিগত লোকসানের (সিস্টেম লস) হিসাবে এই চুরির তথ্য পাওয়া গেছে। এই চুরি আড়াল করা হচ্ছে পদ্ধতিগত লোকসানের হিসাবে গরমিল করে।সমীক্ষা প্রতিবেদনটি গত বৃহস্পতিবার বিদ্যুৎ মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানায়, সমীক্ষা অনুযায়ী বিদ্যুতে পদ্ধতিগত লোকসান বাড়ছে। কোনো কোনো এলাকায় তা ৬৭ শতাংশ। অনেক এলাকায় এটি ২০ থেকে ৪০ শতাংশের মধ্যে।সমীক্ষার এই তথ্য সরকারি দাবির বিপরীত। কারণ, সরকারের দাবি, বিদ্যুৎ খাতে পদ্ধতিগত লোকসান প্রতিবছর কমছে। বিশেষ করে বিতরণ কোম্পানিগুলো গঠনের পর থেকে এ ক্ষেত্রে বিশেষ অগ্রগতি হয়েছে। এ ছাড়া দেশের পাঁচটি বিতরণ কোম্পানির প্রতিটির পদ্ধতিগত লোকসানের যে হার প্রকাশ্যে বলা হয়, তা সমীক্ষায় পাওয়া হিসাবের চেয়ে অনেক কম। পদ্ধতিগত লোকসানের জাতীয় পর্যায়ের গড় হিসাব দেখানো হচ্ছে ১৫ শতাংশের নিচে।মন্ত্রণালয় সূত্র জানায়, সমীক্ষা অনুযায়ী, একটি বিতরণ কোম্পানির একটি বিক্রয় ও বিতরণ বিভাগ ৯০ লাখ টাকার বিদ্যুৎ কিনে তা বিক্রি করে বিল পেয়েছে ৪০ লাখ টাকা। অবশিষ্ট ৫০ লাখ টাকাই পদ্ধতিগত লোকসান, অর্থাৎ চুরি। কারণ, পদ্ধতিগত এত লোকসান হওয়ার কারণ নেই। এমনও দেখা গেছে, একটি এলাকায় কোনো মাসে পদ্ধতিগত লোকসান ছিল ৩০ শতাংশ। পরের মাসেই তা ২ শতাংশের কম। এটিও অস্বাভাবিক।প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, বিদ্যুতের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে পদ্ধতিগত লোকসান বৃদ্ধির প্রবণতাও বেড়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয়ের সূত্রগুলোর অভিমত, দাম বাড়ার পর চুরিও বেড়েছে। কারণ, গ্রাহক বাড়তি দামের বোঝা থেকে মুক্তি চেয়েছে। অপরদিকে চুরির সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদেরও উপার্জন বেড়েছে। কাজেই শুধু দাম বাড়িয়ে বিদ্যুৎ খাতকে স্বয়ম্ভর করা সম্ভব হবে না। দাম বাড়ানোর চেয়ে অনেক বেশি কার্যকর হবে চুরি বন্ধ করা।জানতে চাইলে পিডিবির সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সমীক্ষার তথ্য একদম ঠিক আছে বলে মনে করি। শুধু ঢাকার পদ্ধতিগত লোকসান কমাতে পারলেই বিদ্যুতের দাম বাড়ানোর দরকার হবে না। লোকসানের আরেকটি কারণ হচ্ছে, অন্তত ৩০ শতাংশ গ্রাহকের মিটার খারাপ। তার ওপর ওই সব মিটার রিডাররা অনেকেই চুক্তি করা লোক। ফলে লোকসান বেশি হবেই।’ডিপিডিসির চিত্র: সমীক্ষায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) পদ্ধতিগত লোকসান বৃদ্ধির চিত্র পাওয়া গেছে। চলতি বছরের এপ্রিল মাসে ডিপিডিসির পদ্ধতিগত লোকসান ছিল ৯ দশমিক ৫২ শতাংশ। মে মাসে তা বেড়ে হয় ১২ দশমিক ১৭ শতাংশ। জুনে হয় ১২ দশমিক ২৪ শতাংশ এবং জুলাইয়ে ১৪ দশমিক ১৯ শতাংশ।এই হিসাব ডিপিডিসির আওতাধীন সমগ্র এলাকার উল্লিখিত মাসগুলোর গড় লোকসানের। সংস্থাটির বিভিন্ন বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন এলাকার লোকসান এর চেয়ে অনেক বেশি। যেমন: মানিকনগর বিভাগে এপ্রিলে পদ্ধতিগত লোকসান ছিল ১৪ দশমিক ২৭ শতাংশ। মে মাসে তা হয় ১৭ দশমিক ৯১ শতাংশ। জুনে ১৮ দশমিক ৫৮ এবং জুলাইয়ে তা হয় ২০ দশমিক ৬০ শতাংশ।শ্যামলী বিভাগে এপ্রিল থেকে জুলাই মাসের গড় পদ্ধতিগত লোকসান ছিল যথাক্রমে ৮ দশমিক ৭৪, ১৩ দশমিক ৩১, ১৪ দশমিক ৪৯ এবং ১৬ দশমিক ২২ শতাংশ। জুরাইন বিভাগে ওই চার মাসের গড় পদ্ধতিগত লোকসান যথাক্রমে ১১ দশমিক শূন্য ৩, ১৪ দশমিক শূন্য ১, ১৬ দশমিক ২৮ এবং ২৭ দশমিক ৯৩ শতাংশ।মগবাজার, লালবাগ, বাসাবো, বংশাল ও নারায়ণগঞ্জ (পূর্ব) বিভাগের সমীক্ষায় দেখা গেছে, ওই চার মাসে এর প্রতিটিতে পদ্ধতিগত লোকসান কম-বেশি বেড়েছে।ডেসকোতেও একই ধারা: সমীক্ষায় ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) ১২টি এলাকার যে তথ্য উঠে এসেছে, তাও ডিপিডিসির মতোই। সমীক্ষা অনুযায়ী, ডেসকোর মিরপুরের মণিপুর বিভাগে এপ্রিলে পদ্ধতিগত লোকসান ছিল ১০ দশমিক ৬৭ শতাংশ। মে মাসে তা হয়েছে ১৬ দশমিক ৪১ এবং জুনে ২৮ দশমিক শূন্য ৬ শতাংশ। পল্লবী বিভাগে এপ্রিলে ছিল ৯ দশমিক ৪৯ শতাংশ। মে মাসে তা হয়েছে ১৯ দশমিক ৯৮ এবং জুনে ২৭ দশমিক ৩৭ শতাংশ। বারিধারা বিভাগে এপ্রিল, মে ও জুন মাসের পদ্ধতিগত লোকসানের হার যথাক্রমে ৯ দশমিক ৫৩, ১১ দশমিক ৫৯ এবং ২৬ দশমিক ৯২ শতাংশ।ডেসকোর উত্তরা বিভাগে এপ্রিলে পদ্ধতিগত লোকসান দেখানো হয়েছে ১ দশমিক ৬২ শতাংশ। মে ও জুনে ছিল যথাক্রমে ৫ দশমিক ৯০ ও ৩ দশমিক শূন্য ৪ শতাংশ। মন্ত্রণালয় সূত্র ও সংশ্লিষ্ট বিতরণ কোম্পানির কয়েকজন প্রকৌশলী বলেন, বিতরণব্যবস্থা খুব উন্নতমানের হলে পদ্ধতিগত লোকসান ৫ দশমিক ৯০ শতাংশ হতে পারে। কিন্তু অন্য দুই মাসের হিসাব ভুয়া।একইভাবে রূপনগর বিভাগে জুনে পদ্ধতিগত লোকসান দেখানো হয়েছে ১ দশমিক ৫৩ শতাংশ। গুলশান বিভাগে এপ্রিলে ২ দশমিক ২৮, মে মাসে ৯ দশমিক ৪১ এবং জুনে ২ দশমিক ৭৮ শতাংশ দেখানো হয়েছে। প্রকৌশলীরা বলেন, এই দেড়-দুই-তিন শতাংশের হিসাবগুলো ভুয়া। এভাবে হিসাবের গোঁজামিল দিয়ে চুরি আড়াল করা হয়।পিডিবির চিত্র আরও খারাপ: পিডিবির বিতরণ এলাকার ছয়টি অঞ্চলে এই সমীক্ষা চালানো হয়েছে। অঞ্চলগুলো হলো: ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর ও রাজশাহী। সমীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, এর একটিতেও পদ্ধতিগত লোকসান কমছে না। ময়মনসিংহ অঞ্চলের কুলিয়ারচরে গত বছরের জুলাইতে পদ্ধতিগত লোকসান ছিল ২৪ শতাংশ। এ বছর জুলাইয়ে হয়েছে ৩১ শতাংশ। শিমুলকান্দিতে গত বছর ছিল ৩৪, এ বছর হয়েছে ৩৮ শতাংশ। হালুয়াঘাটে গত বছর ছিল ১৮, এবার হয়েছে ৩১ শতাংশ। ত্রিশালে গত বছর ছিল ১৯, এবার হয়েছে ৪০ শতাংশ। গফরগাঁও বিভাগে গত বছর ছিল ১৭, এবার হয়েছে ৩৭ শতাংশ।সিলেট অঞ্চলের কুলাউড়া বিভাগে গত বছরের জুলাইয়ে পদ্ধতিগত লোকসান ছিল ২২ শতাংশ, এবার হয়েছে ৩০ শতাংশ। জগন্নাথপুরে গত বছর ছিল ৬৪, এবার হয়েছে ৬৭ শতাংশ। সুনামগঞ্জে গতবার ছিল ২২, এবার হয়েছে ৩৮ শতাংশ।আরইবি তথৈবচ: সমীক্ষায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ৭০টির মধ্যে ১০টি সমিতির (পিবিএস) পদ্ধতিগত লোকসানের প্রবণতায় দেখা গেছে, সামগ্রিক হিসাবে লোকসান বাড়ছে। আরইবির ঢাকা পিবিএস-১ হচ্ছে দেশে সবচেয়ে সমৃদ্ধ ও মুনাফা অর্জনকারী। এই পিবিএসে গত বছরের জুলাই মাসে পদ্ধতিগত লোকসান ছিল ১৬ দশমিক ২৯, এ বছর জুলাইয়ে হয়েছে ১৭ দশমিক ৪৫ শতাংশ। জয়পুরহাট পিবিএসে গত বছর ছিল ২২ দশমিক ৪১, এবার ২২ দশমিক ৫২ শতাংশ। জামালপুর পিবিএসে গত বছর ছিল ২১, এ বছর ২৪ শতাংশ। বগুড়া পিবিএসে গত বছর ছিল ১৯ শতাংশ, এ বছর হয়েছে ২৬। মেহেরপুরে গত বছর ছিল ২৯, এ বছর হয়েছে ২৮ শতাংশ। পদ্ধতিগত এই লোকসানের হার আরইবির গড় লোকসানের আনুষ্ঠানিক হারের (১৪ শতাংশ) তুলনায় অনেক বেশি।সরকারি হিসাবে, বর্তমানে বিতরণ ব্যবস্থায় পদ্ধতিগত লোকসান ১২ দশমিক ২০ শতাংশ। কিন্তু সমীক্ষায় পাওয়া তথ্য অনুযায়ী, লোকসানের হার এর প্রায় দ্বিগুণ। এই বাড়তি লোকসান মানে চুরি। সংশ্লিষ্ট কোম্পানিগুলো এই চুরি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। এসব কোম্পানির মূল্যায়ন ও তত্ত্বাবধানকারী বিদ্যুৎ মন্ত্রণালয়ও এই কাজে ব্যর্থ।