লোকাল বাসে দূরের যাত্রা
অসহনীয় যানজট ও বেহাল মহাসড়কের কারণে দূরপাল্লার বাসগুলো দিনের বেলায় চলাচল কমিয়ে দিয়েছে। এ সুযোগে ঢাকা শহরে চলাচলকারী লোকাল বাসগুলো দূরপাল্লার যাত্রী বহন করছে। রাজধানীর গাবতলী, শ্যামলী, কল্যাণপুর, ফকিরাপুল, সায়েদাবাদ ও মহাখালী গিয়ে এ দৃশ্য চোখে পড়েছে। গতকাল বুধবার রাজধানীর এসব বাসস্টেশন ঘুরে দেখা গেছে, স্বল্প দূরত্বে (লোকাল) চলাচল-উপযোগী বাস হাঁকডাক করে যাত্রী তুলছে। কোনো অগ্রিম টিকিটের ঝামেলা নেই। ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে আসন বিক্রি হচ্ছে। কয়েকটি বাসে যাত্রীদের দাঁড়িয়ে যেতেও দেখা গেছে। লোকাল বাসে দূরের পথে যাত্রা নিরাপদ কি না, জানতে চাইলে পরিবহন শ্রমিকেরা একজোট হয়ে কার্যত তেড়ে আসেন। মারমুখী ভঙ্গিতে তাঁরা বলেন, ‘যাত্রী নিয়া যে যাইতাছি, এইটাই বেশি। বেশি কথা বইলা মাইনষের বাড়িতে ঈদ করা আটকায়েন না।’ফেনী যেতে ঈদের আগের দিনের টিকিট চাইলে সায়েদাবাদ বাস টার্মিনালে ভাইবোন পরিবহনের কর্মী রবিন বলেন, ‘অগ্রিম টিকিট দিয়া কী হইব। বাড়ি গেলে অহনই টিকিট কাইট্যা গাড়িতে উইঠ্যা পড়েন।’ ফেনীর যাত্রী কালাম হোসেন বলেন, ‘ভালো বাসগুলোর কোনোটাতেই সিট নেই। রাস্তা যে পরিমাণ খারাপ, তাতে সব বাসেই দেরি হবে।’ এতটা পথ, এ ধরনের বাসে ছোট ছোট বাচ্চা নিয়ে যেতে কষ্ট হবে না? জানতে চাইলে চান্দিনার যাত্রী রাহেলা খানম বলেন, ‘বাড়ি যাইতে পারতাছি, হেইতেই আল্লার কাছে লাখ শোকর।’ গাবতলী: ‘এখন গেলে চলেন, টিকিট আছে। ঈদের তিন দিন আগ পর্যন্ত টার্মিনালে এলেই বাস পাইবেন। এর পরের টিকিট নাই।’ অগ্রিম টিকিট কিনতে গিয়ে এমন কথা শুনে অনেককে অনিশ্চয়তা ও হতাশমুখে গাবতলীর বাস কাউন্টারগুলোতে ছোটাছুটি করতে দেখা গেল। সোহাগ পরিবহন কাউন্টারের ম্যানেজার জাহিদ বললেন, ‘ঈদের পরের দিনের টিকিট আছে। তবে ৩০ তারিখে টার্মিনালে এলে বাস পাবেন। যদিও আপনাদের এটা পছন্দ হবে না। টাউন সার্ভিসে করে আরিচা ঘাট যাবেন। ওই পাড়ে কোম্পানির বাস থাকবে। নদী পার হয়ে সেটাতে করে যে জেলায় যেতে চান পৌঁছাতে পারব।’ দিনভর মানিকগঞ্জ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙ্গা, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলায় এখান থেকে লোকাল বাস যাত্রী নিয়ে রওনা হতে দেখা গেছে। টার্মিনালের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে র্যাব ও পুলিশের দুটি সেবাকেন্দ্র বসানো হয়েছে। এসব পুলিশ ও র্যাব সদস্যরা কিছুক্ষণ পরপর টার্মিনালের বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন। ‘শহরের লোকাল বাস দূরপাল্লার রুটে চলাচল করছে। তাদের তো রাজধানীর শেষ সীমানা গাবতলীর বাইরে চলাচলের অনুমতি নেই। কীভাবে চলছে?’ জানতে চাইলে র্যাব সেবাকেন্দ্রের দায়িত্বরত উপপরিদর্শক আমীর হামজা বলেন, ‘আমাদের কাজ আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে কি না তা দেখা। নিয়ম ভেঙে বাস চলাচল করছে এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।’ ফকিরাপুল: দুপুরে ফকিরাপুলে এস আলম কাউন্টারের মানিক জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত নির্ধারিত সময়সূচিতে বাস ছাড়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম উভয় প্রান্ত থেকেই। কিন্তু এখনো ঢাকার গাড়ি চট্টগ্রামে বা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গাড়ি ঢাকায় পৌঁছায়নি। শ্যামলী পরিবহনের কাউন্টারে বাসচালক হাশেম জানান, চট্টগ্রামে মিরসরাই থেকে সীতাকুণ্ড পর্যন্ত রাস্তা একদমই ভেঙে রয়েছে। এর আগে কুমিল্লার গৌরীপুর থেকে রাস্তা কোনোরকমে ধীরগতিতে পার করা যায়। আর যাত্রাবাড়ী থেকে চিটাগাং রোডের দাউদকান্দি পর্যন্ত যানজট ছাড়তে সময় লাগছে কমপক্ষে চার থেকে সাড়ে চার ঘণ্টা। এতে করে ঢাকা-চট্টগ্রাম পাঁচ ঘণ্টার ভ্রমণপথ এখন শেষ হতে সময় লাগে কমপক্ষে ১০ থেকে ১২ ঘণ্টা। সায়েদাবাদ: সায়েদাবাদের চৈতালী সিটিং সার্ভিসের চালক মো. নাদিম জানান, ‘ঈদে মালিক ভাড়া একটু বেশিই নিচ্ছে। কিন্তু মানুষগুলা তো বাড়ি যাওয়ার সুযোগ পাচ্ছে।’ বিধ্বস্ত সড়কে এ ধরনের ছোট বাস নিয়ে এত দূরের পথে যাত্রা দুর্ঘটনায় আশঙ্কা বাড়ায় কি না, জানতে চাইলে নাদিমের নির্লিপ্ত জবাব, ‘হায়াত-মউত আল্লার হাতে।’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হুমায়ুন কবির বললেন, ‘বাস যে ছাড়ছে এটাই যথেষ্ট, সিট নিয়ে মাথা ঘামানোর সময় নেই।’ তবে টিকিটের দাম স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ বলে অভিযোগ করেন আজিমপুরের হারুনুর রশীদ। গতকাল সারা দিনে এ টার্মিনাল থেকে খুলনা-বাগেরহাট, রংপুর-কুড়িগ্রাম, ভূরুঙ্গামারী রুটে কোনো বাস ছাড়েনি। বাসচালক সমিতির এক প্রতিনিধি জানান, রাস্তার অবস্থা খারাপ হওয়ায় অধিকাংশ প্রতিষ্ঠিত কোম্পানি গাড়ি ছাড়েনি। তিনি জানান, রাজধানী থেকে বরিশাল-বাগেরহাট মহাসড়কের প্রায় ১৬ কিলোমিটার রাস্তা খারাপ। কিশোরগঞ্জ সড়কের অবস্থাও একই রকম। মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল: টাঙ্গাইলের যাত্রী আলী আহমেদ জানান, বেহাল রাস্তায় স্বাভাবিক বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এসব ছোট লোকাল বাস ঈদে ঘরমুখো যাত্রীদের যানবাহনের অভাব পূরণ করছে। এ টার্মিনাল থেকে প্রায় প্রতি ঘণ্টায় দু-একটি করে ছোট বাস ছেড়েছে। যাত্রীদের এ মুহূর্তে বাস পেতে দুর্ভোগ না হলেও যাত্রাপথে অনেক কষ্ট হবে বলে আশঙ্কা করছেন গোপালপুর পরিবহনের বাসচালক কাশেম। কল্যাণপুর ও শ্যামলীর বেশির ভাগ অভিজাত বাস কোম্পানির কাউন্টারে গিয়ে দেখা গেছে, অগ্রিম টিকিট নিতে আসা যাত্রীদের ভিড়। সব কাউন্টারে একই কথা। সব টিকিট অনলাইনে বিক্রি হয়ে গেছে।