লোকালয়ে ঢোকা বাঘিনীকে শেষে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন থেকে লোকালয়ে আসা বাঘিনীকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। আজ শনিবার ভোরে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন গোলাখালী গ্রামে এ ঘটনা ঘটে। বাঘিনীটি গ্রামে ঢুকে নয়টি ছাগল খেয়ে ফেলে। তার হামলায় দুজন আহতও হয়।গোলাখালী গ্রামের সুবল মিস্ত্রি জানায়, গতকাল শুক্রবার ভোরে বাঘটি সুন্দরবন থেকে গোলাখালী গ্রামে ঢুকে। পরে গ্রামের মানুষ ও বন বিভাগের কর্মীরা গুলি ছুড়ে ও বাজি ফুটিয়ে শব্দ করলে বাঘিনীটি বনে চলে যায়। গতকাল রাত নয়টার দিকে বাঘিনীটি আবার গোলাখালী গ্রামে ঢুকলে গ্রামবাসী ও টাইগার রেসপন্ড দলের সদস্যরা সেটিকে সুন্দরবনে ফেরত যেতে বাধ্য করে। রাত আনুমানিক তিনটার দিকে বাঘিনীটি আবার গ্রামে ঢুকে গোপাল মোড়লের বাড়িতে যায় এবং সেখানে নয়টি ছাগল খেয়ে ফেলে। একপর্যায়ে বন বিভাগ ও টাইগার রেসপন্ড দলের সদস্যরা এসে বাঘটিকে সুন্দরবনে ফেরত পাঠানোর জন্য ফাঁকা গুলি চালায়। তখন সেটি সুন্দরবনের দিকে যাওয়ার পথে নজরুল ইসলাম ও দুখে মোড়ল নামে দুজনের ওপর হামলা চালায়। ক্ষিপ্ত গ্রামবাসী তখন বাঘিনীটিকে পিটিয়ে হত্যা করে।সুন্দরবনের কৈখালী স্টেশন কর্মকর্তা আবুল হোসেন জানান, বাঘিনীটি উচ্চতায় তিন ফুট। বয়স আনুমানিক ১২ বছর। ময়নাতদন্ত শেষে চামড়া ছাড়িয়ে সুন্দরবনের কলাগাছি টহল ফাঁড়িতে বাঘিনীর মৃতদেহ পুঁতে রাখা হবে।