লোকালয়ে আটক বাঘ সুন্দরবনে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো চেতনানাশক ইনজেকশন ব্যবহার করে লোকালয়ে আসা বাঘকে অচেতন করে সুন্দরবনে ফেরত পাঠানো হয়েছে। বন বিভাগ ও স্থানীয় টাইগার রেসপন্ড টিমের সদস্যরা সফলতার সঙ্গে কাজটি সম্পন্ন করেছেন। গতকাল শনিবার রাত দেড়টার দিকে বাঘটিকে অচেতন করে আটক করা হয়। পরে বাঘটিকে সুন্দরবনে রেখে আসা হয়। শ্যামনগরের মুন্সিগঞ্জ কলেজের শিক্ষক আশুতোষ মণ্ডল ও দক্ষিণ কদমতলা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সুরেন্দ্র নাথ রায় জানান, মীরগাং, চুনকুড়ি ও চুননদী সুন্দরবনের সঙ্গে লোকালয়কে বিছিন্ন করে রেখেছে। ভরাট হয়ে সংকীর্ণ হয়ে যাওয়া এসব নদী পার হয়ে মাঝেমধ্যে বাঘ লোকালয় চলে আসে। সাতক্ষীরা এলাকায় গত ১০ বছরে নদী পার হয়ে সুন্দরবন থেকে অনেকবার বাঘ লোকালয়ে এসেছে। বন বিভাগের প্রয়োজনীয় উদ্যোগ ও সরঞ্জাম না থাকায় এর আগে লোকালয়ে আসা নয়টি বাঘ পিটিয়ে হত্যা করছে গ্রামবাসী।সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর এলাকার স্থানীয় টাইগার রেসপন্ড টিমের সদস্য শাহিনুর গাজী জানান, কদমতলা এলাকা দিয়ে চুনো নদী পার হয়ে একটি বাঘ গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাধুপাড়ায় ঢোকে। গ্রামের লোকজন বিষয়টি জানার পর মসজিদের মাইকে প্রচার করে। টাইগার রেসপন্ড টিম ও বন বিভাগের সদস্যদেরও বিষয়টি জানানো হয়। রাত ১১টার দিকে একই এলাকায় শিবপদ মণ্ডলের বাড়ির বাগানে বাঘটির দেখা মেলে। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম জানান, বাঘের অবস্থান নিশ্চিত হওয়ার পর রাত দেড়টার দিকে বিশেষজ্ঞ অ্যাডাম বারলো ট্রাঙ্কুলাইজার গান দিয়ে চেতনানাশক ইনজেকশন পুশ করে বাঘটির শরীরে। কিছুক্ষণের মধ্যেই বাঘটি অচেতন হয়ে পড়ে। অচেতন বাঘটিকে ট্রলার করে রাত সাড়ে তিনটার দিকে সুন্দরবনের দোবেকি এলাকায় ছেড়ে দেওয়া হয়। তিনি আরও জানান, লোকালয়ে চলে আসা কোনো বাঘকে ইনজেকশন পুশ করে অচেতন করে সুন্দরবনে ছেড়ে দেওয়ার ঘটনা এটাই প্রথম।