লোকালয়ে আসছে অজগর
বনের অজগর এখন লোকালয়ে বিচরণ করছে। রাঙামাটির কাপ্তাই উপজেলার লোকালয়ে গত দুই মাসে বড় আকারের ১১টি অজগর ধরা পড়েছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. সাজ্জাদ হোসেন গত দুই মাসে ১১টি অজগর লোকালয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধরা পড়া বেশির ভাগ অজগর লম্বায় ১৫ ফুটের বেশি হবে। প্রতিটির ওজন ছিল ৩০ কেজির ওপরে। বনের অজগর লোকালয়ে আসার কারণ জানতে চাইলে সাজ্জাদ হোসেন বলেন, ‘অজগর নিরীহ প্রজাতির ও ধীরগতির প্রাণী। এরা খায় বেশি। সম্ভবত বনে প্রয়োজনীয় খাবার না পেয়ে সাপগুলো খাদ্যের সন্ধানে লোকালয়ে আসছে।’বরইছড়ি এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা আবিউর রহমান বলেন, গত এক মাসে তাঁর তিনটি মুরগি খোয়া যায়। তাঁর ধারণা ছিল, আশপাশের কেউ হয়তো মুরগিগুলো খেয়ে ফেলেছে। কিন্তু তাঁর বাড়ির কাছের বীরউত্তম ভবন এলাকা থেকে বিশাল অজগর ধরা পড়ার পর তিনি বুঝতে পারছেন, মুরগিগুলো অজগরের পেটেই গেছে।