লোকালয়ে আসার চেষ্টা বাঘের
বাঘের গর্জনে সুন্দরবন-সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কয়েকটি গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। গতকাল শনিবার রাতে একটি বাঘ আবার মালঞ্চ নদী পার হয়ে সুন্দরবন থেকে লোকালয়ে আসার চেষ্টা করলে গ্রামবাসী ও টাইগার রেসপনস টিমের সদস্যদের বাধার মুখে বাঘটি বনে ফেরত যায়। বন বিভাগ, টাইগার রেসপনস টিম ও গ্রামবাসী গতকাল সারা রাত জেগে পাহারা দিয়েছে।এলাকার মসজিদগুলো থেকে মাইকিং করে সুন্দরবন-সংলগ্ন গ্রামের বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে, তারা যেন রাতে ঘর থেকে বাইরে বের না হয়। সবাইকে সাবধানে চলাফেরার জন্য অনুরোধ করা হয়।গ্রামবাসী জানায়, গতকাল সন্ধ্যার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মীরগাং এলাকার বিপরীতে চুনকুড়ি ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় একটি বাঘ গর্জন করতে শুরু করে। বাঘটি রাত আটটার দিকে মালঞ্চ নদী পার হয়ে লোকালয়ে ঢোকার চেষ্টা করে। কিন্তু টাইগার রেসপনস টিমের সদস্য ও গ্রামবাসী অর্ধশতাধিক পটকা ফুটিয়ে শব্দ সৃষ্টি করে বাঘটিকে বনে ফেরত যেতে বাধ্য করে। বাঘটি বনের পাশে উঠে আবার গর্জন শুরু করে। বাঘ আসার খবরে সুন্দরবন-সংলগ্ন মীরগাং, হরিনগর, কদমতলা, চুনকুড়ি, যতীন্দ্রনগরসহ কয়েকটি গ্রামের মানুষ আতঙ্কে রয়েছে।টাইগার রেসপনস টিমের সদস্য আবদুল গণি প্রথম আলো ডটকমকে বলেন, তাঁরা গ্রামবাসীকে নিয়ে মালঞ্চ নদী ও বাঁধের ওপর টহল দিচ্ছেন।পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা মোজাহারুল হক বলেন, এলাকার মানুষদের মাইকিং করে সতর্ক করা হয়েছে।গত ৮ জুলাই সকাল ছয়টার দিকে সুন্দরবন থেকে একটি বাঘ শ্যামনগর উপজেলার গোলাখালি গ্রামের চিংড়িঘের এলাকায় চলে আসে। পরের দিন বাঘটি আবার বনে ফিরে যায়।