লোকালয়ে গিয়ে প্রাণ হারাল তিনটি মায়া হরিণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের নির্মমতার শিকার হয়ে প্রাণ হারাল তিনটি মায়া হরিণ। নিজের আবাসস্থল মৌলভীবাজারের কমলগঞ্জ সংরক্ষিত বনাঞ্চল ছেড়ে তারা গিয়েছিল লোকালয়ে। শুধু এ ‘অপরাধে’ লোকালয়ের মানুষ তাদের দুটিকে জবাই করেছে, আরেকটিকে আহত করেছে। একটির মাংস ভাগাভাগি করে খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলেছে, বন কর্মকর্তাদের ভয়ে আরেকটির মাংস ভাগ না করেই ফেলে রেখেছে। আহত অপর মায়া হরিণটি চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। আজ শুক্রবার ও গতকাল বৃহস্পতিবার কমলগঞ্জ উপজেলার তিনটি স্থানে এসব ঘটে। উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দারা আজ জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের কালাছড়া বন বিট থেকে একটি মায়া হরিণ লোকালয়ে চলে আসে। রহিমপুর ইউনিয়নের ধর্মপুর, চণ্ডীপুর ও রামচন্দ্রপুর গ্রামের লোকজন হরিণটিকে ধাওয়া করে পার্শ্ববর্তী ধলাই নদীতে ফেলে ধরে ফেলে। তার পর হরিণটিকে জবাই করে মাংস ভাগাভাগি করা হয়। মাংসের ভাগ যায় জন প্রতিনিধিদের ঘরেও। রহিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনটি গ্রামের শতাধিক লোক এ কাজ করেছে। তবে তিনি এ কাজে জড়িত নন, কিংবা মাংসের ভাগও তিনি পাননি। রহিমপুর ইউপির চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে পরে কী হয়েছে তিনি তা জানেন না। কমলগঞ্জে রাজকান্দি বন রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, আজ ভোরে আদমপুর বনবিট এলাকা থেকে একটি মায়া হরিণ লোকালয়ে আসলে হরিণটিকে জবাই করা হয়। তবে ঘটনাটি জানাজানি হলে লোকজন জবাই করা হরিণের মাংস ভাগ না করে পালিয়ে যায়। খবর পেয়ে আদমপুর বন বিট কর্মকর্তা মধ্যভাগ গ্রামের মারিয়া বেগমের বাড়ি থেকে জবাই করা হরিণটি উদ্ধার করে কমলগঞ্জে রাজকান্দি বন রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন। ৯ এপ্রিল উপজেলার কুরমা বনবিট এলাকার মখাবিল গ্রামের লোকজন আহত একটি মায়া হরিণ ধরে ইউপি সদস্য ফজলুর রহমানের মাধ্যমে কুরমা বনবিটে খবর দেয়। সেখানকার বনবিট কর্মকর্তা উত্তম কুমার দত্ত আহত মায়া হরিণটিকে উদ্ধার করে রাজকান্দি বন রেঞ্জ কার্যালয়ে এনে চিকিত্সা করাচ্ছিলেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে হরিণটি মারা যায়। কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা সাধন রায় একটি মায়া হরিণ জবাই করা অবস্থায় উদ্ধার এবং চিকিত্সাধীন অবস্থায় আরেকটি মায়া হরিণ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই দুটি মায়া হরিণের ময়না তদন্ত শেষে মাটির গর্তে পুঁতে ফেলা হয়েছে। এ ব্যাপারে বন আইনে একটি মামলা হয়েছে।এ সব ঘটনা সম্পর্কে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন রেঞ্জ (বন্য প্রাণী) কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম জানান, তিনি এ সম্পর্কে কিছুই জানেন না। তবে তিনি খতিয়ে দেখবেন। তবে কালাছড়া বন বিট (বন্য প্রাণী) কর্মকর্তা লুত্ফুর রহমান জানান, বন রেঞ্জ কর্মকর্তার নির্দেশ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।