লোকালয়ে বাঘের আক্রমণ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের বনচারীদের ওপর বাঘের আক্রমণ বেড়ে গেছে। সাম্প্রতিক অতীতে বনের এতগুলো এলাকায় বাঘের এমন আগ্রাসী আচরণ দেখা যায়নি বলে বনপ্রান্তবাসীরা জানিয়েছেন। গত জুন মাস থেকে শুরু হয়ে এ পর্যন্ত ২১ জন বাঘের আক্রমণের মুখে পড়েছে। তাদের মধ্যে ঘটনাস্থলেই বাঘে মেরে লাশ টেনে নিয়ে গেছে ছয়জনের। বাকিরা সঙ্গীদের সহায়তায় আপাতত বাঁচলেও তিনজন গ্রামে আনার পথে মারা গেছে।করমজল প্রজননকেন্দ্রের আশপাশের এলাকায় তিনটি বাঘ নিয়মিত দেখা গেছে। এদের মধ্যে একটি পূর্ণবয়স্ক পুরুষ। একটি বাঘিনীর ছয়-সাত মাস বয়সী দুটো বাচ্চা আছে। অন্য বাঘিনীর দেড় বছর বয়সী একটি বাচ্চা রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।সাধারণত সুন্দরবনের দূরবর্তী গরানকুপ, গোলপাতাকুপ এলাকায় মানুষখেকোর প্রাদুর্ভাব হলে বন বিভাগ পাহারার ব্যবস্থা করে। ওই সব এলাকার জেলে, মৌয়াল, জোংরাখুটা (শামুক সংগ্রহকারী) উপদ্রুত বন ছেড়ে সরে পড়ে। এসব বনচারী বেশির ভাগ ছাড়পত্র নিয়ে জঙ্গলে ঢোকে। ফলে আক্রান্ত ব্যক্তিরা আশ্রয় নেয় বন অফিস বা পেট্রোলবোটের আশপাশে। বন বিভাগও তাদের অত্যন্ত সীমিত শক্তিতে বনচারীদের কিছুটা সাহস দিতে পারে। এসব বনচারী পেশাদার হওয়ায় অনেক সাবধানে কাজ করে বিপদ এড়ায়।কিন্তু একেবারে লোকালয়-ছোঁয়া বনে মানুষ-মারা বাঘের উদয় হলে স্থানীয় মানুষ ও বন বিভাগের ভোগান্তি বেড়ে যায়।বন সীমান্তবাসীরা খুবই গরিব। বনের উপজাতই তাদের আয়ের মূল উত্স। ছেলেমেয়ে উভয়েরই চিংড়িপোনা ধরতে, পাটাজাল পাততে, খাবারের জন্য হরিণা চিংড়ি ধরতে জঙ্গলের ধারের খালে নামতে হয়। এরই ফাঁকে ফাঁকে খাল সাঁতরে বা ছোট নৌকায় জঙ্গলে ঢুকে জ্বালানির জন্য বুনো ডালপালা, ঝোপঝাড় কেটে আনতে হয়। জঙ্গলের ভেতরে গিয়ে পাটাজাল পাতা জেলেরা ছাড়া কেউ এখানে পাস নেওয়ার প্রয়োজন বোধ করে না। এসব এলাকার বন বিভাগের টহল ফাঁড়িগুলোতে অস্ত্র, যানবাহন, লোকবল অত্যন্ত সামান্য। তাদের পক্ষে জনে জনে বনে অনুপ্রবেশ ঠেকানো একেবারে অসম্ভব।বেপাশী অনুপ্রবেশকারীরা জঙ্গলে বাঘের হাতে পড়া সঙ্গী/সঙ্গিনীকে ছাড়িয়ে আনতে পারলে দুর্ঘটনার কথা বন বিভাগকে জানায় না। কিন্তু বাঘে যদি কাউকে ধরে নিয়ে যায়, তবে লাশ ছাড়িয়ে আনতে বন বিভাগের সহায়তা নিতেই হয়। মৃত ব্যক্তি বেপাশী হলে বন বিভাগ বিব্রত হয়ে পড়ে—তারা কীভাবে বেআইনি অনুপ্রবেশ স্বীকার করে নথিভুক্ত করবে। অথচ সুন্দরবনের নিয়ম অনুযায়ী বনচারী, বন বিভাগ কখনো বাঘের হাতে পড়া ব্যক্তির ভুক্ত/অর্ধভুক্ত লাশ আনতে দ্বিধা করে না।আক্রমণ বাড়ছে: তিন মাস ধরে সুন্দরবন পূর্ব বিভাগের ৩১ নম্বর কম্পার্টমেন্ট এলাকার ঢাংমারী, জোংরা, করমজল, ঘাঘরামারী, লাউন্ডোরের জঙ্গল, সুন্দরবন পশ্চিম বিভাগের ৪৭ নম্বর কম্পার্টমেন্টের মরগাঙ, ট্যাংরাখালী, চুনকুড়ি, কদমতলী এলাকা এবং ৪৬ নম্বর কম্পার্টমেন্টের খলসেবুনিয়া, কলাগাছিয়া ও কাটাখালীর বনে দু-চার দিন পরপরই জঙ্গলে ঢোকা নারী-পুরুষনির্বিশেষে বাঘের আক্রমণের মুখে পড়ছে।বাঘ-উপদ্রুত এলাকার বৈশিষ্ট্য হলো, এই এলাকাগুলো একেবারে জঙ্গলঘেঁষা। ছোট নদী বা খাল দিয়ে লোকালয়ের সঙ্গে বনের এলাকার সীমা বিভাজিত।৪৬ ও ৪৭ নম্বর কম্পার্টমেন্টে বর্তমানে বাঘের আক্রমণ অপেক্ষাকৃত কম হচ্ছে। কিন্তু ৩১ নম্বর কম্পার্টমেন্টে দু-তিন দিন পরপরই হামলা চলছে বলে স্থানীয়রা জানান। চলতি বছরের ৩ জুন বিকেলের দিকে ঘাঘবামারীর সূর্যমুখী খালে বাঘের হাতে মারা পড়েন পাটাজাল জেলে ৩১ বছর বয়সী পরিতোষ মণ্ডল। তাঁর আধাখাওয়া লাশ উদ্ধার করে বন বিভাগ ও স্থানীয় বনচারীরা। ১২ জুলাই খালেকের ভারানীতে তিনজন সঙ্গিনীসহ ছোট নৌকায় জঙ্গলে হরিণা চিংড়ি ধরতে গিয়েছিলেন ৩০ বছর বয়সী সাফিয়া।দুপুর সাড়ে ১২টায় বাঘ তাঁকে তুলে নিয়ে যায়। রাত আটটায় বন বিভাগ ও স্থানীয় জনগণ সাফিয়ার আংশিক লাশ উদ্ধার করে।জোংরা টহল ফাঁড়ির কাছেই ২৬ জুলাই সঙ্গীসহ মাছ ধরছিলেন জেলে আবদুল খালেক। ৩৫ বছর বয়সী এই জেলেকে বাঘ তুলে নিয়ে যায় সন্ধ্যা ছয়টার দিকে। লাশ পরদিন উদ্ধার করা হয় অর্ধখাওয়া অবস্থায়।৩১ নম্বর কম্পার্টমেন্টে মানুষ ঢোকে উত্তর ও পশ্চিম দিক থেকে। ফলে অন্যান্য এলাকার চেয়ে এদিকটায় বেশি লোক ঢোকে। এই এলাকায় বাঘের স্বাভাবিক খাদ্য চিত্রা হরিণ। শূকরের সংখ্যা অনেক কম। সামান্য কিছু মায়া হরিণ আছে। ফলে এলাকার বাঘেরা খাদ্যসংকটে ভুগছে।করমজল প্রজননকেন্দ্রের কুমিরবিশেষজ্ঞ আবদুর রব জানালেন, তাঁর আশপাশের এলাকায় তিনটি বাঘ রয়েছে। এদের মধ্যে একটি পূর্ণবয়স্ক পুরুষ। একটি বাঘিনীর ছয়-সাত মাস বয়সী দুটো বাচ্চা আছে। অন্য বাঘিনীর দেড় বছর বয়সী একটি বাচ্চা রয়েছে। মানুষ মারার ঘটনা ঘটাচ্ছে এই বাঘিনী আর তার দেড় বছর বয়সী বাচ্চাটি। সাধারণত জোয়ারের জল বনে উঠে এলে বাচ্চাসহ বাঘিনী মানুষ মারার চেষ্টা করে। ৯ আগস্ট বাচ্চাসহ বাঘিনীকে করমজল প্রজননকেন্দ্রের ঘেরের বাইরে দুপুরবেলা দেখা গেছে। লাশ উদ্ধারকারী প্রত্যক্ষদর্শীদের কাছেও জানা গেছে, লাশের কাছে বাঘিনীর সঙ্গে বাচ্চার পায়ের ছাপও ছিল। এই এলাকায় বাঘিনীর উত্পাত বন বিভাগকে ততটা বিচলিত না করলেও স্থানীয় জনসাধারণ ক্ষিপ্ত হয়ে আছে। ১৯৯০ সালের আগ পর্যন্ত বাঘ মানুষখেকো হয়ে পড়লে সেটাকে মেরে ফেলা হতো। পশ্চিমবঙ্গের সুন্দরবনে সত্তর দশকের দিকে এ ধরনের লোকালয়ের কাছে অত্যাচারী বাঘকে ঘুমপাড়ানি বন্দুকে অচেতন করে দূরের বনে ছেড়ে দেওয়া হতো। পরে দেখা গেছে, ঘরছাড়া এই বাঘ স্থানিক বাঘের হাতে মারা পড়েছে।আমাদের কোনো চিড়িয়াখানায় ও সাফারি পার্কে যেহেতু জাতীয় এই প্রাণীটি নেই, তাই এই বাঘিনীটিকে বাচ্চাসহ (বাচ্চাটিও বুঝে গেছে, মানুষ মারা সবচেয়ে সহজ) ঢাকা চিড়িয়াখানায় নিয়ে আসা হোক। বাঘ সংরক্ষণের স্বার্থেই এটা করা প্রয়োজন। কারণ বাঘ একবার মানুষখেকো হলে কখনো স্বভাব বদলায় না।