লোকালয়ে বেরিয়ে আসছে মৌলভীবাজারের বন্য প্রাণী
মৌলভীবাজারের বিভিন্ন বনাঞ্চল থেকে প্রায়ই বিভিন্ন ধরনের বন্য প্রাণী লোকালয়ে বেরিয়ে আসছে। গত এক বছরে লোকজনের হাতে আটক দুই শতাধিক বন্য প্রাণী বন বিভাগ ও ব্যক্তিগত উদ্যোগে পুনরায় বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। অনেক প্রাণী মানুষের কারণে মারা পড়ছে। এদিকে বনাঞ্চলে অবমুক্ত করা প্রাণী সেখানে থাকছে কি না এ বিষয়টি নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। অনেকেই মনে করছে, বনাঞ্চল নষ্ট ও খাদ্যসংকট দেখা দেওয়ায় প্রাণীদের বন থেকে বেরিয়ে আসার ঘটনা বেড়ে গেছে।বন বিভাগ সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলায় ৭৮ হাজার ১৯৪ একর বনভূমি রয়েছে। এর মধ্যে সংরক্ষিত বনভূমি হচ্ছে ৫৯ হাজার ২৮২ একর। এই সংরক্ষিত বনভূমির মধ্যে রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড ইকোপার্ক, মুরাইছড়া ইকোপার্ক, শাহ মোস্তফা ইকোপার্ক, ছাউতলি ও কালাছড়া এলাকা। এই বনাঞ্চলে নানা জাতের বন্য প্রাণী বাস করে। এর মধ্যে লাউয়াছড়া ইকোপার্ক বিপন্ন প্রজাতির উল্লুকসহ বিরল প্রজাতির বিভিন্ন প্রাণীর জন্য আলোচিত। এখন সেখানে এর অনেক প্রাণীই খুঁজে পাওয়া যায় না। এই সংরক্ষিত বনাঞ্চলের বাইরেও বিভিন্ন বনে রয়েছে নানা রকম বন্য প্রাণীর বাস। কিন্তু অপরিকল্পিতভাবে প্রাণী বসবাসের অনুকূল বনজ ও ফলদ গাছপালা কেটে ফেলা এবং ঝোপজঙ্গল সাফ করায় বনের নিবিড়তা কমে গেছে। এতে অনেক বনেই বন্য প্রাণীর আবাসস্থল নষ্ট হয়ে গেছে। অন্যদিকে জলবায়ুর পরিবর্তনের কারণে স্বাভাবিক বৃষ্টিপাত কমে গেছে। এতে বনের ভেতরে প্রাকৃতিক নিয়মে তৈরি হওয়া অনেক পাহাড়ি ছড়া (খাল) মরে গেছে। শুকনো মৌসুমে অনেক ছড়াতেই এখন আর পানির ধারা থাকে না। ফলে গাছের পাতা ও ফল এবং ছড়ার জলজ প্রাণী খেয়ে জীবনধারণে অভ্যস্ত বন্য প্রাণী চরম খাদ্যসংকটে পড়েছে। মেছোবাঘ, বানর, অজগর, গন্ধগোকুল, হরিণসহ বিভিন্ন ধরনের বন্য প্রাণী খাদ্যের অন্বেষণে প্রায়ই বন থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসছে। পরে লোকজনের হাতে ধরা পড়ছে। হিংস্র প্রাণী মনে করে অনেকেই এসব প্রাণী হত্যা করছে। মানুষের অসতর্কতার কারণেও কখনো কখনো প্রাণীগুলো মারা পড়ছে। যদিও বন্য প্রাণী সম্পর্কে আগের চেয়ে লোকজনের মধ্যে সচেতনতা বেড়েছে। তবু বন থেকে বেরিয়ে আসা খুব কমসংখ্যক প্রাণীরই হিসাব পাওয়া সম্ভব হচ্ছে। বন বিভাগ সূত্রে আরও জানা গেছে, ২১ ফেব্রুয়ারি মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা গ্রামের মাসুদ রানার বাড়ির দুই শ্রমিক দুটি লক্ষ্মীপেঁচাকে আটক করে। শ্রমিক দুটি অপরিচিত পাখি দেখে মেরে ফেলতে চাইলে গ্রামের দুই যুবক ইকবাল আহমদ ও আল আমীন পেঁচা দুটি উদ্ধার করে নিয়ে একটি খাঁচায় আটকে রাখে। পরে কাগাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাসনীম চৌধুরীর মাধ্যমে বন বিভাগ লক্ষ্মীপেঁচা দুটির খবর জানতে পারে। বন বিভাগের মৌলভীবাজার বিটের কর্মকর্তা চন্দন মজুমদার কাগাবলা থেকে পেঁচা দুটিকে তাঁদের হেফাজতে নিয়ে আসেন। ধূসর রঙের বিলুপ্তপ্রায় পেঁচা দুটিকে পরে বর্ষিজুরা ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। গত ২২ জানুয়ারি রাজনগর উপজেলার টেংরাবাজার এলাকার আবিদ মিয়ার বাড়ির পাশের জঙ্গলে লোকজন একটি অজগর দেখতে পায়। পরে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা মিলে কৌশলে অজগরটিকে আটক করে। পরদিন গত ২৩ জানুয়ারি বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের কর্মকর্তারা অজগরটি উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আমিরপুর গ্রামে গত ২১ জানুয়ারি ভোর রাতে একটি মেছোবাঘ আটক করা হয়। গ্রামের আক্তার মিয়ার খামারের প্রায় ১০০ হাঁস খাওয়ার পর ফাঁদ পেতে মেছোবাঘটি আটক করা হয়। পরে এটিকে লাউয়াছড়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওর পাড়ের বড়ময়দান গ্রামে গ্রামবাসীর হাতে গত ২৬ ডিসেম্বর ভোরে একটি মেছোবাঘ ধরা পড়ে। বন বিভাগ আহত অবস্থায় মেছোবাঘটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাধবকুণ্ড ইকোপার্কে অবমুক্ত করে। সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের গোবিন্দপুর বাজার এলাকার বীরেন্দ্র দেবনাথের বাড়ি থেকে গত ২৩ ডিসেম্বর সন্ধ্যায় একটি মেছোবাঘ আটক করা হয়। পরে মেছোবাঘটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। গত ১৮ নভেম্বর বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের সালদিগা গ্রামে তিনটি বিরল প্রজাতির চশমা পরা হনুমান এসে আশ্রয় নেয়। পরে এই হনুমানগুলোকে স্থানীয় লোকজন, বন বিভাগ ও বেসরকারি সংস্থা সিএনআরএস (সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডি) পর্যবেক্ষণের মাধ্যমে বনে ফিরে যেতে সাহায্য করে। এ ছাড়া বড়লেখায় গত ২৩ জুলাই জনতার হাতে আটক আহত একটি মেছোবাঘকে চিকিৎসা দিয়ে মাধবকুণ্ড ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন চা-বাগানে অজগর, বন্য শূকর, হরিণ, মোরগ, লজ্জাবতী বানরসহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী ধরা পড়ছে। প্রায় প্রতি সপ্তাহেই জেলার কোথাও না কোথাও বন্য প্রাণী ধরা পড়ার ঘটনা ঘটছে। এ বিষয়ে শ্রীমঙ্গলের মিনি চিড়িয়াখানার বন্য প্রাণী সংরক্ষক সিতেশ রঞ্জ দেব প্রথম আলোকে বলেন, গত এক বছরে লাউয়াছড়া ও জানকিছড়ায় ছোট-বড় ২০০ বন্য প্রাণী অবমুক্ত করা হয়েছে। সংরক্ষণ করার সুযোগ না থাকায় তাত্ক্ষণিকভাবে এই হিসাবের বাইরেও অনেক আটক প্রাণী বনে ছাড়া হয়েছে। এই প্রাণীর মধ্যে আছে মেছোবাঘ, হরিণ, অজগর, কচ্ছপ, গন্ধগোকুল, লজ্জাবতী বানর, বাদামি বানর, কাঁকড়া, কুচিয়া (ইল ফিস)। সিতেশ রঞ্জন দেব জানান, তবে অবমুক্ত করা এই প্রাণীগুলো বনে থাকছে কি না এ নিয়ে সন্দেহ আছে। কারণ, বনে ছাড়া প্রাণীগুলোর পরে আর খোঁজ মিলে না। ফলদ গাছ কেটে ফেলার কারণে বনে খাওয়ার না পেয়ে প্রাণীরা লোকালয়ে চলে আসে। এত দিন সেগুনগাছ চুরি হয়েছে। এখন অনেক বনে সেগুনগাছ নেই। চাপালিশসহ যেসব গাছের ফল বন্য প্রাণী খেয়ে থাকে, ওই সব গাছ এখন কেটে নেওয়া হচ্ছে। বন বিভাগ বলে থাকে, মেছোবাঘ হাওর এলাকায় থাকে। এটা ঠিক নয়। হাওরে এখন এত মানুষের কোলাহল যে সেখানে মেছোবাঘ বাস করার সুযোগ নেই। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত এক বছরে বন বিভাগের মাধ্যমে জেলার বিভিন্ন বনে আটটি মেছোবাঘ, তিনটি অজগর, সাতটি বানর, একটি সোনালি বাঘ, তিনটি গন্ধগোকুল, তিনটি ধনেশ পাখি, ছয়টি কোয়েল, দুটি বন বিড়াল, দুটি বন মোরগ, একটি সিভিট ও একটি গুঁইসাপ অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এখানে এ ধরনের বন নেই। যে বনের আশপাশে লোকালয় নেই। মানুষের পদচারণ নেই। শব্দ নেই। যে কারণে বন্য প্রাণী চলাচলের সময় মানুষের হাতে ধরা পড়ে। তা ছাড়া বনের পাশের চা-বাগানগুলোও কিছুটা স্বাভাবিক জনপদের মতো। এ জন্য অনেক সময় বন্য প্রাণী পথ ভুল করে চা-বাগানে বেরিয়ে আসে।’ মাহবুবুর রহমান জানান, বন থেকে সেগুনগাছই বেশি চুরি হয়। চাপালিশ ও ডুমুর গাছ বনে আছে। আর ধরা প্রাণীর মধ্যে মেছোবাঘই বেশি। সেগুলো মূলত হাওর এলাকায় থাকে। অন্যদিকে বানর বা হরিণ বেশি ধরা পড়ে চা-বাগান এলাকায়। এদিকে জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে গত ২৭ ও ২৮ জানুয়ারি মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী ‘জীববৈচিত্র্য সংরক্ষণ দিবস’ পালন করা হয়েছে। এ সময় বন্য প্রাণী, বন সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে সচেতনতা তৈরিমূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের অস্তিত্বের স্বার্থেই জীববৈচিত্র্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। ইতিমধ্যে অনেক ক্ষতি হয়ে গেছে। আর যাতে প্রাকৃতিক উৎসগুলো নষ্ট করা না হয়। সেই লক্ষ্যে মানুষকে সচেতন করতেই মূলত জীববৈচিত্র্য দিবস পালন করা হয়েছে।’