লোডশেডিং আরও বাড়বে
ঢাকা মহানগরে এখন সবচেয়ে কম লোডশেডিং হয় গুলশান-বারিধারার কূটনৈতিক মিশন ও কূটনীতিকদের আবাসিক এলাকায়। এখানে লোডশেডিং হয় দৈনিক তিনবার। ঢাকার অন্যত্র প্রতিদিন চার থেকে সাতবার পর্যন্ত লোডশেডিং হচ্ছে। মহানগরে বিদ্যুত্ বিতরণ কোম্পানিগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তারা বলেছেন, তাপমাত্রা বাড়লে লোডশেডিং আরও বাড়বে।জানা গেছে, রাজধানীর বাইরে পল্লী বিদ্যুতের (আরইবি) এলাকায় দিনে গড়ে ১০ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। বোরো আবাদের সেচ প্রকল্পগুলোও নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ পাচ্ছে না। পশ্চিমাঞ্চল বিদ্যুত্ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) আওতাধীন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় লোডশেডিং হচ্ছে প্রতি এক ঘণ্টা পর পর এক ঘণ্টা করে। আরইবি এবং ওজোপাডিকোর এলাকায়ও লোডশেডিং বাড়বে বলে প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা জানিয়েছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এস এম আলমগীর কবির গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘গ্যাসের অভাবে বিদ্যুতের উৎপাদন বাড়ানো যাচ্ছে না। এ ছাড়া কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই লোড ব্যবস্থাপনা ছাড়া আমাদের কিছু করার নেই। আগামী জুন মাস নাগাদ কিছু নতুন বিদ্যুত্ গ্রিডে আসবে। তখন পরিস্থিতির উন্নতি হতে পারে।’ঢাকায় চাহিদা-সরবরাহ: ঢাকা মহানগরের বৃহদংশে বিদ্যুত্ সরবরাহ করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। তাদের প্রকৃত সর্বোচ্চ চাহিদা এখন প্রায় এক হাজার ৪০০ মেগাওয়াট। এর মধ্যে সন্ধ্যায় স্টিল ও রি-রোলিং কারখানা এবং রাত আটটা থেকে দোকানপাট বন্ধ করাসহ লোড ব্যবস্থাপনা করে প্রায় ৩০০ মেগাওয়াট চাহিদা কমানো হচ্ছে। বাকি এক হাজার ১০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ পাচ্ছে সাড়ে ৬০০ মেগাওয়াটের মতো। ফলে তাদের আওতাধীন বেশির ভাগ এলাকায় দৈনিক চারবার লোডশেডিং করতে হচ্ছে। ডিপিডিসির আওতাধীন অনেক এলাকা ও স্থাপনা লোডশেডিংমুক্ত রাখতে হয় বলে অন্য এলাকায় লোডশেডিং বাড়াতে হয়।ঢাকার অপর অংশে বিদ্যুত্ সরবরাহকারী প্রতিষ্ঠান ঢাকা বিদ্যুত্ বিতরণ কোম্পানির (ডেসকো) এলাকায় এখন সর্বোচ্চ চাহিদা প্রায় ৫০০ মেগাওয়াট। তারা পাচ্ছে ৩০০ মেগাওয়াটেরও কম। এ প্রতিষ্ঠানের আওতাধীন কতগুলো এলাকা ও স্থাপনাও লোডশেডিংমুক্ত রাখতে হয়। কূটনৈতিক এলাকাসহ কোনো কোনো স্থানে সীমিত লোডশেডিং করতে হয়। ফলে অন্যান্য স্থানে সাতবার পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। ঢাকার বাইরে চাহিদা-সরবরাহ: আরইবি সূত্র জানায়, বর্তমানে তাদের সর্বোচ্চ চাহিদা প্রায় দুই হাজার ৪০০ মেগাওয়াট। এর বিপরীতে সর্বোচ্চ সরবরাহ পাচ্ছে এক হাজার ৮৫০ মেগাওয়াটের মতো। প্রায় সাড়ে ৫০০ মেগাওয়াট ঘাটতির কারণে যে পরিমাণ লোডশেডিং হওয়ার কথা সাধারণ গ্রাহকের ক্ষেত্রে এর চেয়ে অনেক বেশি হচ্ছে, যা গড়ে প্রায় ১০ ঘণ্টা। কারণ, বোরো আবাদের জন্য সেচে বিদ্যুত্ সরবরাহের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।ওজোপাডিকোর সর্বোচ্চ চাহিদা এখন ৬৭৫ মেগাওয়াট। সরবরাহ পাচ্ছে সর্বোচ্চ সাড়ে ৩০০ মেগাওয়াট। ফলে তাদের আওতাধীন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় এক ঘণ্টা পর এক ঘণ্টা লোডশেডিং করতে হচ্ছে বলে জানান সংস্থার ব্যবস্থাপনা পরিচালক স ম হায়দার আলী।পিডিবির বিতরণ এলাকায় বর্তমানে সর্বোচ্চ চাহিদা এক হাজার ২০০ মেগাওয়াটের বেশি। বিতরণের জন্য পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ৭০০ মেগাওয়াট। ফলে পিডিবির বিতরণ এলাকায়ও (ঢাকার বাইরের প্রধান প্রধান শহরাঞ্চল এবং কিছু গ্রামগঞ্জ) দৈনিক অন্তত ১০ ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে। প্রকৃত চাহিদা: পিডিবির হিসাবে বর্তমানে দেশে বিদ্যুতের দৈনিক সর্বোচ্চ চাহিদা পাঁচ হাজার ১০০ মেগাওয়াটের মতো। উৎপাদন হচ্ছে তিন হাজার ৮০০ থেকে চার হাজার মেগাওয়াট। কিন্তু বিতরণকারী সংস্থাগুলোর কাছ থেকে পাওয়া আলাদা আলাদা হিসাবে অন্য চিত্র পাওয়া যায়। উপরোল্লিখিত ওই হিসাব অনুযায়ী দেশে এখন বিদ্যুতের প্রকৃত চাহিদা (সংযোগ দেওয়া চাহিদা বা কানেক্টেড লোড) প্রায় ছয় হাজার ২০০ মেগাওয়াট। সর্বোচ্চ উৎপাদন হচ্ছে চার হাজার মেগাওয়াট।নতুন বিদ্যুত্ আসছে কবে: এদিকে নতুন বিদ্যুৎকেন্দ্র চালুর প্রক্রিয়া চলছে। তবে তা আগামী বছরও চাহিদার সঙ্গে সামঞ্জস্য বিধানে সক্ষম হবে কি না, সে বিষয়ে সন্দেহ আছে। গত ১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধিরগঞ্জে ১২০ মেগাওয়াট ক্ষমতার একটি পিকিং কেন্দ্র উদ্বোধন করেন। সেখানে নির্মাণাধীন একই ক্ষমতার একটি ইউনিট আগামী মে মাসে চালু হওয়ার কথা। এ ছাড়া চলতি মাসেই উদ্বোধন করা হতে পারে ফেঞ্চুগঞ্জের ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি কেন্দ্র। কিন্তু সরকারি খাতের এ দুটি কেন্দ্রও গ্যাসচালিত। তাই গ্যাসের সংকট থাকলে বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করে লাভ হবে না। এর পর মে মাস থেকে পর্যায়ক্রমে ভাড়াভিত্তিক তেলচালিত কেন্দ্রগুলো চালু হবে। পিডিবির চেয়ারম্যান বলেন, এগুলো ছাড়াও যে ১০টি পিকিং বিদ্যুৎকেন্দ্র (সর্বোচ্চ চাহিদার সময় চালানোর জন্য স্থাপিত) স্থাপনের জন্য গত মাসে দরপত্র আহ্বান করা হয়েছে, তার মধ্যে নয়টির কার্যাদেশ দেওয়া হবে জুন-জুলাই মাসে। ফলে এগুলো থেকে আগামী বছরের শেষ নাগাদ বিদ্যুত্ পাওয়া যাবে বলে আশা করা যায়। বড় বড় কয়েকটি কেন্দ্র স্থাপনের প্রক্রিয়াও চলছে বলে তিনি জানান।