লোডশেডিং চলতি বছরেই সহনীয় পর্যায়ে আসবে: সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের লোডশেডিং চলতি বছরেই সহনীয় পর্যায়ে আসবে। তবে একেবারে লোডশেডিংমুক্ত বাংলাদেশ করতে সময় লাগবে বলে জানিয়েছে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।আজ বুধবার সংসদ ভবনে কমিটির সভা শেষে কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া এ কথা বলেন। সভায় মন্ত্রণালয় থেকে কমিটিকে এসব তথ্য দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।সুবিদ আলী ভূঁইয়া বলেন, বিদ্যুতের উত্পাদন বাড়ছে এটা ঠিক। কিন্তু উত্পাদন যত বাড়বে, চাহিদাও ততই বাড়বে। ফলে লোডশেডিং সহসাই দূর হবে না। তবে তা ক্রমে সহনীয় পর্যায়ে আসবে। বহু মানুষ টাকা নিয়ে বসে আছে। যারা বিদ্যুতের অভাবে শিল্প-কারখানা স্থাপন করতে পারছেন না। বিদ্যুত্ পাওয়া গেলে নতুন আরও অনেক কলকারখানা গড়ে উঠবে।জানা যায়, সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং এর অধীন কোম্পানিগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় জনগণের নতুন গ্যাস ও বিদ্যুতের সংযোগ প্রদান অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়াধীন যেসব প্রতিষ্ঠান যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। জ্বালানি তেলের অগ্রিম মজুদ বাড়ানো এবং চুরি, পাচার ও ভেজাল মিশ্রণ রোধেরও নির্দেশনা দেওয়া হয়। আরও জানা যায়, কমিটির আগামী বৈঠকে দেশে ডিজেল ও বিদ্যুত্চালিত সেচপাম্পের সংখ্যা উপস্থাপনের জন্য বলা হয়েছে। এসব সেচপাম্প চালানোর কাজে জ্বালানি তেল ও বিদ্যুত্ ব্যবহারের ক্ষেত্রে সরকার যে ভর্তুকি দিচ্ছে, তা গ্রহীতাদের বিলে সংযুক্ত করারও সুপারিশ করা হয়েছে। কমিটি আগামী ১৪ মে বড় পুকুরিয়া কয়লাখনি পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে।কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক, চিফ হুইপ আবদুস শহীদ, আবদুল মতিন খসরু, আবদুল কাদের খান, ওমর ফারুক চৌধুরী, শেখ ফজলে নূর তাপস, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও এ এম মাহবুব উদ্দিন খোকন, বিদ্যুত্ বিভাগের সচিব আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।