লোডশেডিং বাড়বে বই কমবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হয়ে গেছে বিদ্যুতের লোডশেডিং। এখনো তা চরম আকার ধারণ করেনি। তবে সে পরিস্থিতি দেখা দিতেও বেশি দেরি নেই। নগরে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের ঘাটতি ঘোচাতে ‘লোডশেডিং’ নামের অস্ত্র হাতে প্রস্তুত হচ্ছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি লিমিটেড (ডেসকো)। তাদের হিসাব অনুযায়ী, বিদ্যুতের চাহিদা বাড়লেও সে অনুপাতে উৎপাদন বাড়ছে না। এ বছর আবার কৃষির জন্য সেচকাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে তাদের আশ্বাস, লোডশেডিং প্রতিদিন নির্ধারিত সময়ে হবে। আর লোডশেডিংয়ের সময়সূচি গ্রাহকদের ঘরে ঘরে পৌঁছানোর ব্যবস্থা রাখছে ডিপিডিসি-ডেসকো।ডিপিডিসি ও ডেসকো সূত্রে জানা যায়, ঢাকা নগরের বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে থাকে ডিপিডিসি। গত বছরের জুন মাসের এক দিন ডিপিডিসির এলাকায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১১৩৮ মেগাওয়াট। আর এক দিনে সর্বোচ্চ সরবরাহ ছিল ৮০৩ মেগাওয়াট। এবার গরমের সময় বিদ্যুতের চাহিদা ১২০০ মেগাওয়াটের বেশি হতে পারে। তখন বিদ্যুৎ সরবরাহ কত হবে? এমন প্রশ্নে ডিপিডিসির পরিচালক (অপারেশন) এফ এম ফরিদুল হক জানান, বিদ্যুৎ প্রাপ্তির পরিমাণ নির্ভর করবে দেশে বিদ্যুৎ উৎপাদন বাড়ার ওপর।ডেসকো সূত্র জানায়, তারা বিদ্যুৎ সরবরাহ করে থাকে বৃহত্তর মিরপুর, গুলশান, বারিধারা, উত্তরা, দক্ষিণখান ও গাজীপুরের টঙ্গীতে। গত বছর ডেসকো এলাকায় এক দিনে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ৫৪৫ মেগাওয়াট। এবার তা ৬০০ মেগাওয়াট পর্যন্ত হতে পারে। গত ১ মার্চ ডেসকোর চাহিদা ছিল ৪৬৯ মেগাওয়াট বিদ্যুৎ। ওই দিন তারা পেয়েছে ৩৫৩ মেগাওয়াট বিদ্যুৎ; ১১৬ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি ছিল। এ বছর ঘাটতি সর্বোচ্চ ২০০ মেগাওয়াট পর্যন্ত হতে পারে বলে জানান ডেসকোর মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) মো. শাহজাহান মিয়া। তিনি জানান, সেনানিবাস, হাসপাতাল, বিমানবন্দর, বাংলাদেশ টেলিভিশন, কূটনৈতিকপাড়ার মতো বিশেষ বিশেষ এলাকায় তাঁরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করবেন। আর সাধারণ এলাকাগুলোয় প্রতিদিন ছয় থেকে সাতবার লোডশেডিং করা হবে। এ ক্ষেত্রে সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত লোডশেডিং বেশি হবে।এদিকে ডিপিডিসির লোডশেডিংয়ের সময়সূচিতে বিকেল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত সময়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এ সময় বঙ্গভবন, মিন্টু রোড, বেইলি রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো জনগুরুত্বপূর্ণ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হবে। তাই সাধারণ এলাকার জন্য যে সূচি তাতে বিদ্যুতের প্রাপ্তি চাহিদার অর্ধেক মেটাতে পারবে। অর্থাৎ সাধারণ এলাকার গ্রাহকেরা ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১২ ঘণ্টাই বিদ্যুৎ পাবে না। লালবাগ এলাকার লোডশেডিং সময়সূচি দেখেই তার প্রমাণ পাওয়া গেছে। ওই এলাকার বাসিন্দারা দিনরাত এক ঘণ্টা পরপর বিদ্যুৎ সরবরাহ পাবে। এ বিষয়ে লালবাগের বাসিন্দা শায়লা পারভীন বলেন, ‘গ্যাসের সংকটে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এর ওপর যদি লোডশেডিং আরও বাড়ে তাহলে আমাদের দুর্ভোগের শেষ থাকবে না।’