কুমিল্লার বাঙ্গুরা গ্যাসক্ষেত্রে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় গতকাল মঙ্গলবার বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। সকাল থেকে ঢাকাসহ সারা দেশে ব্যাপক লোডশেডিং হয়েছে। গতকাল দিনের বেলা ঢাকায় লোডশেডিং করা হয়েছে প্রায় ৫০০ মেগাওয়াট।সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক তেল-গ্যাস কোম্পানি টাল্লো পরিচালিত ৯ নম্বর ব্লকের ওই ক্ষেত্রটি থেকে দৈনিক গ্যাস উত্তোলন হচ্ছিল ১০ থেকে ১২ কোটি ঘনফুট। এই পরিমাণ গ্যাস ব্যবহার করে অন্তত ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হতো। গত সোমবার সন্ধ্যায় ক্ষেত্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। গ্যাসক্ষেত্রটিতে পুনরায় উৎপাদন শুরু করতে অন্তত কয়েক দিন লাগবে। কারিগরি ত্রুটি সারানোর জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ আনতে হবে। ক্ষেত্রটি বন্ধ হওয়ার পরপরই টাল্লো সেই উদ্যোগ নিয়েছে।তবে এর প্রভাবে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসস্বল্পতা দেখা দেওয়ায় গতকাল টঙ্গী ৮০ মেগাওয়াট ও এনইপিসি হরিপুর ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র দুটি বন্ধ হয়ে গেছে। বাঘাবাড়ী সরকারি-বেসরকারি উভয় কেন্দ্রের উৎপাদন অর্ধেকে নেমেছে। চট্টগ্রামে গতকাল বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা ছিল ১৮০ মেগাওয়াট। সেখানে গ্যাসস্বল্পতায় উৎপাদন হয়েছে ৯০ মেগাওয়াট। ঘোড়াশাল, মেঘনা ঘাটসহ আরও কয়েকটি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন গতকাল কমে যায়।ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সূত্র গতকাল বিকেলে জানায়, তাদের হরিপুর-সিদ্ধিরগঞ্জ সঞ্চালন লাইনে লো-ভোল্টেজ সৃষ্টি হয়েছে। উলন-ধানমন্ডি লাইন ওভারলোডেড হয়ে যাওয়ায় খিলগাঁও, বাসাবো, তালতলা, কারওয়ান বাজার ও ধানমন্ডির অনেক এলাকায় ঘন ঘন লোডশেডিং করতে হয়।ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডেসকো) সূত্র জানায়, তাদের এলাকায় প্রায় ৫৫০ মেগাওয়াট চাহিদার বিপরীতে গতকাল দিনের বেলায় সর্বোচ্চ চাহিদার সময় সরবরাহ করা হয় ৩২০ মেগাওয়াট। ফলে দিনের বেলায়ও ঘন ঘন লোডশেডিং করতে হয়। গতকাল প্রায় সাড়ে চার হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে পিডিবি সর্বোচ্চ উৎপাদনের লক্ষ্য ধরেছিল চার হাজার ২০০ মেগাওয়াট। কিন্তু গতকাল সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতি ছিল প্রায় এক হাজার ১০০ মেগাওয়াট।