লোডশেডিংয়ের নগরে সৌরবিদ্যুৎ
নগরে বিদ্যুতের ঘাটতি মেটাতে সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি সরকারসহ নানা মহলে আলোচনা হচ্ছে। বিদ্যুৎ ব্যবহারকারীদের উৎসাহ দেওয়া হচ্ছে সোলার প্যানেল বসানোর। এ ব্যাপারে পরামর্শ দিতে একটি সেল গঠন করেছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) লিমিটেড। নগরের কয়েকটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানোও হয়েছে। নগরে সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের হাল তুলে ধরেছেন মিল্লাত হোসেনসন্ধ্যাবেলা নগরের রেস্তোরাঁগুলোয় ভোজনবিলাসীদের ভিড় থাকে বেশি। অথচ গরমের মৌসুমে সন্ধ্যায় ঘণ্টাখানেকের লোডশেডিং লেগেই থাকে। ক্রেতাদের বিজলি বাতি আর বাতাসে সুস্বাদু খাবার পরিবেশন করতে অনেক রেস্তোরাঁ আইপিএস ও জেনারেটরের ব্যবস্থা করছে। এ ক্ষেত্রে নান্দুস রেস্তোরাঁর গুলশান শাখায় সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। তথ্যটি জানা গেছে গ্রামীণ শক্তি ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে।এদিকে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের ‘এক্সিকিউটিভ ফ্লোর’-এ থাকা গভর্নরের কক্ষ, অতিথিকক্ষ, বোর্ডরুম, সম্মেলনকক্ষ ও ব্যাংকের সীমানা প্রাচীরের নিরাপত্তা বাতি জ্বালানো হচ্ছে সৌরশক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে। এক্সিকিউটিভ ফ্লোরের বাতি জ্বলছে সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। আর নিরাপত্তা বাতিগুলো জ্বলছে পুরো রাত। এক্সিকিউটিভ ফ্লোরের সব কক্ষই সৌরবিদ্যুতের আওতায় আনা হচ্ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ এইচ এম কায়-খসরু।বনানীর সি ব্লকের ৬ নম্বর সড়কের ৪ নম্বর প্লটে প্রকৌশল সংসদ লিমিটেডের দপ্তর আলোকিত হচ্ছে সৌরবিদ্যুতে। তাদের এখানে অফিস সময়ে সৌরশক্তি থেকে উৎপাদিত বিদ্যুতে জ্বালানো হয় চারটি করে টিউবলাইট ও পাখা, চালানো হয় গোটা দশেক কম্পিউটার। এ জন্য সৌরশক্তি থেকে এক কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।খরচাদির খবরএনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের জ্যেষ্ঠ প্রকৌশলী (রিনিউয়েবল পাওয়ার) মোহাম্মদ আরিফুল হক জানান, সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন ও তা ব্যবহারের জন্য যে প্রক্রিয়া, তাতে ছয়টি উপকরণ দরকার হয়। এগুলো হচ্ছে সোলার প্যানেল, ব্যাটারি, চার্জ কন্ট্রোলার, ইনভার্টার, এক্সেসরিজ (তার, কানেক্টর) ও অবকাঠামো। সৌরবিদ্যুতের প্ল্যান্ট করে দেওয়ার মজুরি ও উপকরণগুলোর দাম নিয়ে থাকে তারা।সৌরবিদ্যুৎ প্ল্যান্ট করার সম্ভাব্য খরচ জানতে চাইলে রহিমআফরোজ রিনিউয়েবল এনার্জি লিমিটেডের অর্থ ও ক্রয় বিভাগের প্রধান নিতাইপদ সাহা জানান, সেবা সংস্থা গ্রাহকদের যে বিদ্যুৎ সরবরাহ করে তা হচ্ছে ‘অল্টারনেটিভ কারেন্ট—এসি’। সৌরশক্তি থেকে যে উৎপাদিত বিদ্যুৎ হয় তা হচ্ছে ‘ডাইরেক্ট কারেন্ট—ডিসি’। ডিসি পদ্ধতি ব্যবহার করলে খরচ অপেক্ষাকৃত কম পড়ে। কিন্তু এর জন্য আবার ডিসিতে চলার উপযোগী বাতি ও ফ্যান বসাতে হয়। সৌরবিদ্যুৎকে ডিসি থেকে এসিতে পরিণত করলে প্রচলিত বাতি ও পাখা সৌরবিদ্যুতে সচল রাখা যায়। এ জন্য ‘ইনভার্টার’ ব্যবহার করতে হয়। কিন্তু এতে খরচ অনেক বেড়ে যায়। এসি পদ্ধতিতে চার ঘণ্টা দুটি বাতি ও দুটি পাখা সচল রাখতে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট বসাতে খরচ হয় এক লাখ ১০ হাজার থেকে ২০ হাজার টাকা।রহিমআফরোজ পাঁচ ওয়াটের দুটো ডিসি সিএফএল বাতি চার ঘণ্টা চালানোর সোলার প্ল্যান্ট বসাতে নেয় ১২ হাজার টাকা। চারটি এক ফুটের ১০ ওয়াটের ডিসি টিউবলাইট চার ঘণ্টা চালানোর প্ল্যান্টের দাম ২৫ হাজার টাকা। এর মধ্যে প্ল্যান্ট বসানোর খরচও ধরা আছে। গ্রাহকেরা চাইলে এতে ডিসি বৈদ্যুতিক পাখাও ব্যবহার করতে পারবেন। আর অফিসে বা কারখানায় ব্যবহারের জন্য গ্রাহকদের চাহিদা অনুযায়ী আলোচনা সাপেক্ষে প্ল্যান্টের ধরন বুঝে দাম নির্ধারণ করা হয়।গ্রামীণ শক্তি থেকে এসি পদ্ধতিতে চার ঘণ্টা দুটি ২০ ওয়াটের সিএফএল বাতি এবং দুটি ৫৬ ইঞ্চির সিলিং ফ্যান চালানোর প্ল্যান্টের দাম ৭৫ হাজার টাকা। তিনটি বাতি ও তিনটি পাখার জন্য লাগবে এক লাখ টাকা। এ ছাড়া গ্রাহকদের চাহিদা অনুযায়ী আরও অনেক ধরনের প্ল্যান্ট বসানো হয়।সৌরবিদ্যুৎ প্ল্যান্টের ব্যয় সম্পর্কে গ্রামীণ শক্তির ব্যবস্থাপনা পরিচালক আফসার কামাল জানান, সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহূত সোলার প্যানেল অন্তত ২০ বছর কর্মক্ষম থাকবে। এই দিক দিয়ে বিবেচনা করলে খরচ কমে আসে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলো অন্যান্য উপকরণের ক্ষেত্রে পাঁচ বছর বিনা মূল্যে সারাই সেবা দিয়ে থাকে।জনপ্রিয়তার বাধা উচ্চমূল্যবাংলাদেশ ব্যাংকের সৌরবিদ্যুৎ উৎপাদন-প্রক্রিয়াটি সম্পন্ন করতে ব্যয় হয়েছে এক কোটি ৩৪ লাখ ৯৫ হাজার টাকা। এর প্রধান ভবনের ছাদে বসানো ১১৬টি সোলার প্যানেল থেকে আট কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এই বিদ্যুৎ দিয়ে শুধু বাতি জ্বালানো যাচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এর আওতায় নেওয়া যায়নি। আবার প্রধান ভবনের সব ফ্লোরেও দেওয়া হয়নি সৌরবিদ্যুতের সেবা। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ এইচ এম কায়-খসরু জানান, সৌরবিদ্যুৎ উৎপাদনের খরচ অনেক বেশি। এ জন্য পরীক্ষামূলকভাবে সৌরবিদ্যুৎ ব্যবহার করছেন।সৌরবিদ্যুৎ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা জানান, লোডশেডিংয়ে ভুক্তভোগী নগরবাসীর মধ্যে সৌরবিদ্যুৎ নিয়ে আগ্রহের শেষ নেই। অনেকেই সৌরবিদ্যুৎ উৎপাদন-প্রক্রিয়া সম্পর্কে জানতে আসেন। কিন্তু দামের কথা শোনার পর বেশির ভাগ মানুষের আগ্রহ হারিয়ে যায়। খরচ বেশি হওয়ায় সৌরবিদ্যুৎ আইপিএস ও জেনারেটরের বিকল্প হতে পারছে না।সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে কাজ করা প্রাইড গ্রিন এনার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান দীপাল চন্দ্র বড়ুয়া জানান, সৌরবিদ্যুতের এমন একটি মডেল বের করা দরকার, যাতে তার মূল্য নগরবাসীর সাধ্যের মধ্যে থাকে। এ জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। সৌরবিদ্যুৎ উপকরণের ওপর থেকে কর কমানো হলে খরচ কিছুটা কমে আসবে। সরকার স্বল্পসুদে ঋণের ব্যবস্থা করলে অনেকেই সোলার প্যানেল বসাতে আগ্রহী হবে। এতে সরকারের লাভ হবে, কারণ সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে জাতীয় গ্রিড থেকে বিদ্যুতের চাহিদা কমবে।অর্থ মন্ত্রণালয়ের অধীনে থাকা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড দেশের যেসব অঞ্চলে বিদ্যুৎ সংযোগ নেই, সেখানে সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য স্বল্প সুদে ঋণসুবিধা দেয় বলে জানান প্রতিষ্ঠানটির বিনিয়োগ কর্মকর্তা (কারিগরি) ফারজানা হোসেন। তিনি জানান, ঢাকা মহানগরে সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ঋণসুবিধা চালু করার কোনো পরিকল্পনা আপাতত নেই।