লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ
তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেছে ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে তারা উপজেলার বালুয়াকান্দিয় এ অবরোধ শুরু করে। পৌনে ১২টার দিকে পুলিশ মৃদু লাঠিপেটা করে অবরোধকারীদের সরিয়ে দেয়। এরপর তারা মহাসড়কের জামলদি, বাটেরচর ও আনারপুরায় টায়ার জ্বালিয়ে অবরোধ তৈরি করে। বাটেরচরে অবরোধকারীদের সঙ্গে পুলিশ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শী ও অবরোধকারীদের সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ পুলিশের বাধা উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বালুয়াকান্দিতে জড়ো হতে থাকে। এরপর সকাল সাড়ে ১০টা দিকে তারা মহাসড়ক অবরোধ শুরু করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসাদুজ্জামান ও গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরজু মিয়া হ্যান্ড মাইকে সমবেত অবরোধকারীদের উদ্দেশে সঠিকভাবে বিদ্যুত্ সরবরাহের আশ্বাস দেন। তবে উত্তেজিত জনতা তাদের বিরুদ্ধে স্লোগান দেয়। এরপর এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অবরোধ তুলে নিতে আহ্বান জানায়। অবরোধকারীরা এ আহ্বানও প্রত্যাখ্যান করে।পরে পুলিশ বেলা পৌনে ১২টার দিকে মৃদু লাঠিপেটা করে অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। কিছুক্ষণ পরে বিক্ষোভকারীরা মহাসড়কের নতুন তিনটি স্থানে অবরোধ গড়ে তোলে। বেলা সাড়ে ১২টায় বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধের কারণে মহাসড়কের উভয় দিকে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। এতে চরম দুর্ভোগে পড়ে আটকে পড়া যানবাহনগুলোর হাজারো যাত্রী।নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গতকাল থেকে কিছু লোক উপজেলায় মাইকিং করে মহাসড়ক অবরোধের কর্মসূচির কথা প্রচার করে। মাইকিংয়ের পর গাজরিয়া বিদ্যুত্ পরিস্থিতি স্বাভাবিক হয়। অন্য সময় উপজেলায় সর্বোচ্চ নয় ঘণ্টা বিদ্যুত্ থাকে। জানা গেছে, বিক্ষোভ মোকাবিলায় পার্শ্ববর্তী চান্দিনা উপজেলার বিদ্যুত্ গজারিয়াতে দেওয়া হয়। তবে কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-১-এর গজারিয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, এ বিষয়ে কোন মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করেছেন।