লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ অবরোধ হরতাল
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবারও বিক্ষোভ হয়েছে। কিশোরগঞ্জের করিমগঞ্জে আধাবেলা হরতাল ও তিন ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী নেতারা। চুয়াডাঙ্গায় স্থানীয় বিদ্যুতের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। রাজশাহীর বাগমারা ও লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগে মামলা হয়েছে। এ ছাড়া বিভিন্ন জেলায় বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে স্থানীয় লোকজন।একই দাবিতে গত মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে দিনভর বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ এবং স্থানীয় বিভিন্ন বিদ্যুতের কার্যালয়ে হামলা হয়েছে।আমাদের নিজস্ব প্রতিবেদক, অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:কিশোরগঞ্জ: জেলার করিমগঞ্জ উপজেলায় অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে স্থানীয় সব রাজনৈতিক দলের নেতা-কর্মী ও ব্যবসায়ীরা এককাট্টা হয়ে আন্দোলনে নেমেছেন। বিদ্যুতের দাবিতে গতকাল করিমগঞ্জ বিদ্যুৎ রক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে সেখানে আধাবেলা হরতাল ও তিন ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি দেন।এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে কয়েক হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল করে। পরে তারা করিমগঞ্জ কলেজসংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় কিশোরগঞ্জ-চামড়া সড়ক অবরোধ করে। সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত অবরোধ চলে। এ ছাড়া করিমগঞ্জ বাজারের ব্যবসায়ীরা আধাবেলা হরতাল পালন করেন। হরতাল চলার সময় সব দোকানপাট বন্ধ ছিল। হরতাল ও অবরোধ শেষে বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভা হয়। এতে বক্তৃতা করেন করিমগঞ্জ বিএনপির সভাপতি রফিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন চৌধুরী, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বুলবুল চৌধুরী, যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক, কলেজশিক্ষক আজিজুল হক প্রমুখ। বক্তারা বলেন, অনেক আবেদন-নিবেদনের পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় অতিষ্ঠ মানুষ বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে। পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তাঁরা।কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ কেন্দ্রের মহাব্যবস্থাপক আবদুল ওয়ারিদ জানান, কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় বিদ্যুতের চাহিদা ২৪ মেগাওয়াট। কিন্তু এই মাসের ২ তারিখ থেকে কিশোরগঞ্জে বিদ্যুৎ দেওয়া হচ্ছে মাত্র ১০ মেগাওয়াট। পরিস্থিতির উন্নতির জন্য তাঁরা কাজ করে যাচ্ছেন। চুয়াডাঙ্গা: নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জেলা শিল্প ও বণিক সমিতির নেতারা গতকাল বুধবার স্থানীয় বিদ্যুতের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। বেলা ১১টার সময় কার্যালয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ও আবাসিক প্রকৌশলীর কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর আগে সকাল ১০টায় চেম্বার ভবনের সামনে চুয়াডাঙ্গা-ঢাকা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভকারীরা। প্রায় এক ঘণ্টা এই অবরোধ চলে। পরে ব্যবসায়ী নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন।যশোর: কয়েক হাজার বিক্ষুব্ধ মানুষ বিদ্যুতের দাবিতে সকাল নয়টার দিকে মনিরামপুর উপজেলার বেগারীতলা বাজারে যশোর-সাতক্ষীরা সড়কে কাঠের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। দুপুর ১২টার দিকে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। খুলনা: রূপসা উপজেলার কাজদিয়া পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ-সমাবেশ করেছে স্থানীয় জনতা। এ সময় তারা রূপসা-কাজদিয়া সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। সমাবেশ চলার সময় এলাকাবাসী অভিযোগ কেন্দ্র ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জয়পুরহাট: জয়পুরহাটে বিদ্যুৎ অফিস ঘেরাও, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। তেল, গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বেলা ১১টায় জয়পুরহাট শহরে বিক্ষোভ মিছিল শেষে জয়পুরহাট শহরে খনজনপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয় অভিমুখে একটি বিক্ষোভ মিছিল বিদ্যুৎ অফিসের দিকে গেলে পুলিশ ও র্যাব সদস্যরা বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেন। বিক্ষোভকারীরা বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান ধর্মঘট করে। ধর্মঘট শেষে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে বিদ্যুতের দাবিতে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় কমিটির জয়পুরহাট জেলা শাখার নেতা দেওয়ান বদিউজ্জামান। নাটোর: বিদ্যুতের দাবিতে গতকাল দুপুরে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সদর দপ্তর ও নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রাহকেরা। পাঁচ শতাধিক চালকল মালিক, শ্রমিক ও কৃষক বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বড়াইগ্রাম উপজেলার রাজাপুরে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করেন। পরে নাটোর-৪ আসনের সাংসদ আবদুল কুদ্দুস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির উন্নতির আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। পরে দুপুর ১২টা থেকে আধাঘণ্টা নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কয়েক শ কৃষক। সমিতির মহাব্যবস্থাপক বেলাল উদ্দিনের আশ্বাসে বিক্ষোভকারীরা শান্ত হন।রাজশাহী: জেলার বাগমারা উপজেলায় গত মঙ্গলবার পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা হয়েছে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক একরামুল হক ১৫০ জনের বিরুদ্ধে ওই মামলা করেন। বাগমারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম জানান, আসামিদের ‘বিক্ষুব্ধ জনতা’ উল্লেখ করে বলা হয়েছে, তাদের হামলায় দপ্তরের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে বিদ্যুতের দাবিতে উপজেলার হাসনিপুরে এক কর্মচারীকে আটক ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে চার ঘণ্টা থাকে লোডশেডিং। অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ গ্রাহকেরা গত মঙ্গলবার রাতে পল্লী বিদ্যুৎ সমিতির স্থানীয় কার্যালয় ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে লাঠিপেটা করতে হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ৫০ জনকে আসামি করে রায়পুর থানায় মামলা করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা গেছে, অব্যাহত লোডশেডিংয়ের কারণে গ্রাহকদের হাতে লাঞ্ছিত হওয়ার ভয়ে বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সন্ধ্যার পর পালিয়ে থাকেন। রায়পুর পল্লী বিদ্যুৎকেন্দ্রের জুনিয়র প্রকৌশলী আবুল কালাম জানান, মঙ্গলবার রাত নয়টার দিকে দেড় শতাধিক বিক্ষুব্ধ মানুষ হঠাৎ করে অফিসের সামনে এসে জড়ো হয়। তারা হাতুড়ি দিয়ে অফিসের সামনের ফটক ও পাশের দেয়াল ভেঙে ফেলে। ভেতরে ঢুকে জানালা ও দরজা ভাঙচুর করে।এদিকে বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব অঞ্চলে বিক্ষুব্ধ জনতা সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। এ সময় বিক্ষুব্ধ লোকজন লাঠিসোটা নিয়ে সেখানে অবস্থান নেয়। লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. ইসমাইল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। চেষ্টা করে তারাও অবরোধ তুলতে পারেনি। পরে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মো. সিরাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে আশ্বস্ত করলে বেলা আড়াইটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। নোয়াখালী: নোয়াখালীর সেনবাগের ছমির মুন্সীরহাট এলাকায় গাছ ফেলে ফেনী-নোয়াখালী মহাসড়কে অবরোধ করে বিক্ষুব্ধ গ্রাহকেরা। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ চলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে গ্রাহকেরা অবরোধ তুলে নেয়। গ্রাহকদের অভিযোগ, ছমির মুন্সীরহাট ও আশপাশের এলাকায় ছয় মাসের বেশি সময় ধরে ২৪ ঘণ্টার মধ্যে ১৮-১৯ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না।