লোদীর বহিষ্কারাদেশ প্রত্যাহারে সুপ্রিম কোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সুপ্রিম কোর্ট গতকাল সোমবার দেশটির সাবেক প্রতিরক্ষাসচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) নাঈম খালিদ লোদীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে নির্দেশ দিয়েছেন। দ্য ডন পত্রিকার অনলাইন এ খবর জানিয়েছে।আলোচিত ‘গোপন চিঠি’ কেলেঙ্কারি বিষয়ে বিচার বিভাগীয় কমিশনের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত লোদীকে তাঁর পদে বহাল রাখতে বলেছেন আদালত। দেশটির এক সাবেক সেনা কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এ আদেশ দিয়েছেন।পাকিস্তানের সেনাপ্রধান ও গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মহাপরিচালকের বিরুদ্ধে বেআইনি পন্থায় কোনো পদক্ষেপ গ্রহণ করা থেকে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে বিরত রাখতে মেজর (অব.) আবদুল মজিদের পক্ষে আইনজীবী তারিক আসাদ সুপ্রিম কোর্টে ওই আবেদন করেন।১১ জানুয়ারি গুরুতর অসদাচরণের অভিযোগে পাকিস্তানের প্রতিরক্ষাসচিব লোদীকে বহিষ্কার করেন প্রধানমন্ত্রী গিলানি। এ ঘটনায় সেনাবাহিনীর সঙ্গে বেসামরিক সরকারের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। লোদী সেনাবাহিনীর ঘনিষ্ঠ বলে পরিচিত।