লোনা পানি তুলে চিংড়ির চাষ অবৈধ
দেশের উপকূলীয় জেলাগুলোতে কৃষি ও বনভূমিতে জোরপূর্বক লোনা পানি তুলে চিংড়ির চাষ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।আদালত একই সঙ্গে কৃষি ও বনভূমিতে জোরপূর্বক লোনা পানি উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।দেশের উপকূলীয় জেলাগুলোতে জোরপূর্বক লোনা পানি তুলে বাণিজ্যিকভাবে চিংড়ির চাষ রোধে ২০১০ সালের ১০ জানুয়ারি রিট আবেদন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’ । প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। একই বছরের ১৫ ফেব্রুয়ারি আদালত এক আদেশে কৃষি ও বনভূমিতে জোরপূর্বক লোনা পানি তুলে চিংড়ির চাষ করা থেকে বিরত থাকার নির্দেশ দেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ আদালত রায় দেন।আদালতে রিট আবেদনের পক্ষে সৈয়দা রিজওয়ানা হাসান ও ইকবাল কবির শুনানি করেন। ভূমি মন্ত্রণালয়ের পক্ষে মনজিল মোরসেদ, পানি উন্নয়ন বোর্ডের পক্ষে দেলোয়ার হোসেন ও মত্স্য মন্ত্রণালয়ের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন ছিলেন।পরে ইকবাল কবির প্রথম আলো অনলাইনকে বলেন, আদালত ভূমি মন্ত্রণালয়, উপকূলীয় জেলাগুলোর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কৃষি ও বনভূমিতে জোরপূর্বক লোনা পানি তুলে চিংড়ির চাষ বন্ধে ব্যবস্থা নিতে বলেছে।