লোনা পানিতে নষ্ট উপকূলের তিন জেলার ফসল
‘লোনা পানি মোগো সব লইয়া গ্যাছে। মরিচ, আলু, খেসারি, বাদাম কিছুই ঘরে উডাইতে (ওঠাতে) পারি নাই। এহন দেনার টাহা কিদ্যা (কি দিয়া) দিমু?’ উপকূলের পিরোজপুর জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের দক্ষিণ গাজীপুর গ্রামের মানিক শেখ এভাবেই লোনা পানিতে ফসল নষ্ট হওয়ার কথা জানালেন। বললেন, এ বছর নদীতে বেশ আগেই লোনা পানি এসেছে। আগে আসত আষাঢ়-শ্রাবণ মাসে। ফসল ক্ষতির দুঃখ জানালেন ওই গ্রামের অমল বেপারি, সেলিম গাজী, মানিক পসারি, মোজাম্মেল হোসেন, বাবুল হাওলাদারসহ আরও অনেকে।লোনা পানির সমস্যা শুধু ওই গ্রামের কিছু মানুষের নয়; পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী জেলার বহু মানুষের। উপকূলের মানুষ বিশেষ করে, কৃষকের অভিযোগ, এ সমস্যা মোকাবিলায় সরকার তাঁদের পাশে দাঁড়াচ্ছে না। সাধারণভাবে উপকূলের এসব জেলার নদী-নালায় মিষ্টি পানি থাকে জ্যৈষ্ঠ মাসের শেষ পর্যন্ত। কিন্তু কয়েক বছর ধরে কৃষকেরা দেখছেন বৈশাখ মাসের শুরুতে লোনা পানি ঢুকে পড়ছে নদী-নালায় ও ফসলের মাঠে। এবার হঠাৎ করেই চৈত্রের প্রথম সপ্তাহ থেকে লোনা পানি আসতে থাকে। কোথাও দিনে দুবার জোয়ারে লোনা পানি ওঠে। কোথাও পানি আটকে থাকে দিনের পর দিন। এর জন্য কৃষকের কোনো প্রস্তুতি ছিল না। জেলা তিনটির বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, অনেক স্থানে বেড়িবাঁধ নেই। যেখানে বাঁধ আছে, সেখানে স্লুইসগেটগুলো অকেজো। স্লুইসগেট নষ্ট থাকায় সহজে ফসলের মাঠে লোনা পানি ঢুকে পড়ছে। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে প্রায় সব হারিয়েছিলেন বরগুনার মাঝেরচরের কৃষক ইলিয়াস। নতুন আশায় আবার আবাদ শুরু করেন তিনি। তরমুজ, বাঙ্গি, ক্ষীরা, আলু, করলা, বাদাম, মুগডালসহ নানা ফসল ফলিয়ে কয়েক বছর ভালোই ছিলেন। এ বছর সবটুকু পুঁজি খাটিয়ে নিজের ও অন্যের জমি মিলিয়ে ছয় একর জমিতে রবিশস্যের চাষ করেছিলেন। জানালেন, হঠাৎ আসা লোনা পানিতে তাঁর ছয় একর জমির ফসল নষ্ট হয়েছে। বরগুনা কৃষি অফিস সূত্র জানায়, আট-দশ বছর ধরে বরগুনার মাঝেরচরে রবিশস্যের বাম্পার ফলন হয়ে আসছে। এবারও গ্রামটিতে ৭৫ হেক্টর জমিতে রবিশস্যের চাষ হয়েছিল। মার্চের ১৯ তারিখ থেকে কয়েক দিনের জোয়ারের পানিতে সেখানকার কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া প্রথম আলোকে বলেন, বিভিন্ন সময়ের জলোচ্ছ্বাসে বাঁধের ক্ষতি হয়েছে কিন্তু তা মেরামত করা হয়নি। তিনি বাঁধ মেরামতের পাশাপাশি নতুন বাঁধ নির্মাণেরও দাবি করেন। বরগুনা উপজেলা কৃষি কর্মকর্তা হারুনার রশিদ বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সরকারি-বেসরকারি সহায়তা বাড়াতে হবে। লোনা পানি যাতে ফসলের ক্ষতি করতে না পারে, সে বিষয়েও ব্যবস্থা নিতে হবে।’বরগুনার জেলা প্রশাসক মো. মজিবুর রহমান জানান, মাঝেরচরের সব হারানো কৃষকের তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের খাদ্য ও নগদ অর্থসাহায্য দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার শান্তিপুর গ্রামের কৃষক আফাজ উদ্দিন অনাবাদি জমি দেখিয়ে বলেন, ‘এই এক কানি জমিতে এইবারও প্রায় ২০ হাজার টাকা খরচ করে আমন চাষ করেছিলাম। ১০ মণ ধানও পাইনি। গ্রামে কাজ নাই। যে জমি আছে হেইয়াও চাষ করার উপায় নাই। বাধ্য হইয়া প্যাটের দায়ে দুইডা পোলা ঢাকায় গ্যাছে কাজের খোঁজে।’কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিরুত্তম কুমার সরকার জানান, ধানখালী ইউনিয়নের চালিতাবুনিয়া, গোলবুনিয়া ও পাটুয়ার তিন গ্রামের বেড়িবাঁধের বাইরের ৪৫ একর জমির তরমুজ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ধুলাসার ইউনিয়নের সমুদ্রসংলগ্ন কাউয়ারচর গ্রামের ৩০ একর জমির তরমুজ লোনা পানিতে নষ্ট হয়েছে। সরকারের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ২০০৯ সালের হিসাব বলছে, পিরোজপুরের ৩৫ হাজার, পটুয়াখালীর এক লাখ ৫৫ হাজার এবং বরগুনা জেলার ৯৫ হাজার হেক্টর জমিতে লোনা পানির প্রভাব বেশি। উপকূলের মানুষ বলছেন, লোনা পানির সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। তবে সমস্যা মোকাবিলায় সরকারের উল্লেখযোগ্য উদ্যোগ নেই। এলাকার কিছু সরকারি কর্মকর্তা অবশ্য বিচ্ছিন্ন কিছু উদ্যোগের কথা বলেছেন। কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবদুল ওয়াদুদ বলেন, কলাপাড়া উপজেলার ১০ গ্রামের ফসল রক্ষা করতে আরপাঙ্গাসিয়া ইউনিয়নের কচুপাত্রা দোন নদীতে ক্লোজার নির্মাণ এবং লালুয়া ইউনিয়নের রামনাবাদ এলাকায় বেড়িবাঁধ পুনর্নির্মাণ করা হচ্ছে। গলাচিপা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল বাশার বলেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় গলাচিপার আন্ডারচরে আট কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে।