খোলপেটুয়া নদী পাড়ি দিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের দিকে যেতেই চোখে পড়বে একটি বিধ্বস্ত জেলেপল্লি। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে ভাঙা ঘর, ধানের গোলা, নৌকা ও লাঙল। বিরান ভূমিতে পরিণত হওয়া চকবাড়া নামের এই গ্রামের শেষ মাথায় দেখা হলো আবুল হোসেন গাজীর সঙ্গে। হাঁড়ি-পাতিল নিয়ে নৌকায় করে যাচ্ছিলেন। কোথায় যাচ্ছেন জানতে চাইলে বললেন, ‘লোনাপানির সঙ্গে লড়াই করে হেইরে গেলাম। এত দিন পেটের পীড়া সহ্য করে গাঙ্গের পানি খেইয়েছি, এখন তাও লোনা হয়ে বিষের মতো হই গেছে। কী করব, তাই সবকিছু নিয়ে গ্রামছাড়া হচ্ছি।’লোনাপানির সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে গ্রামছাড়া হওয়ার এমন দৃশ্য পুরো গাবুরা ইউনিয়নের সর্বত্র চোখে পড়ল। খুলনার দাকোপ, বটিয়াঘাটা আর কয়রা উপজেলায়ও কমবেশি একই অবস্থা। শ্যামনগরের নীলডুমুর, খুলনার বটিয়াঘাটা ও চালনা বাজার এবং কয়রা সদরের মিঠাপানির পুকুরগুলো থেকে ভোর থেকে রাত পর্যন্ত আইলা-দুর্গতদের পানি আনতে দেখা গেল। সেখানকার পানিও নিঃশেষ হওয়ার পথে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, কোনো পানিতে ৩৫০ পিপিটির (পার পার্টস থাউজ্যান্ড) বেশি লবণাক্ততা থাকলে তা পান করার জন্য উপযুক্ত নয়। ডিপিএইচই বাংলাদেশে সাধারণ এলাকার জন্য কিছুটা বাড়িয়ে ধরে ৬০০ ও উপকূলের জন্য এক হাজার পিপিটিতে নির্ধারণ করেছে।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) খুলনা বিভাগীয় কার্যালয় আইলার পর আইলা-দুর্গত এলাকার নদী ও পুকুরের পানি পরীক্ষা করে দেখেছে, এলাকার পানির পিপিটি চার থেকে পাঁচ হাজারে দাঁড়িয়েছে। অনেক স্থানে ১০ হাজার পিপিটি ছাড়িয়ে গেছে।গ্রামীণ এলাকায় পানি ও স্যানিটেশন-সুবিধা নিশ্চিত করার দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা ডিপিএইচই আইলা-দুর্গত এলাকার জন্য এক টাকাও অতিরিক্ত বরাদ্দ পায়নি। নিয়মিত কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতির মোকাবিলা করছে তারা।পানির খোঁজে গ্রামছাড়া: সাতক্ষীরার জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, গাবুরা ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৩৮ হাজার। ইউনিয়নটির বিভিন্ন এলাকা ঘুরে কোনোমতে বেড়িবাঁধের ওপর দিকে থাকা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেল, প্রায় ৩০ হাজার মানুষ অন্যত্র চলে গেছে। যারা টিকে আছে, তাদের প্রতিদিনের খাওয়ার পানি সংগ্রহ করতে হয় নদীপথে আট-দশ কিলোমিটার দূরে নীলডুমুর বাজার থেকে।দাকোপবাসীকে ৩০ কিলোমিটার দূরে খুলনা শহরেও পানি আনতে যেতে হচ্ছে। কয়রা উপজেলার অর্ধেকেরও বেশি এলাকা এমনিতেই পুরোপুরি লবণাক্ত এবং মিঠাপানিহীন অবস্থায় ছিল। আইলার পর অবশিষ্ট মিঠাপানির উত্স পুকুর ও নলকূপগুলো নষ্ট হয়ে গেছে।কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সদরউদ্দিন জানান, মিঠাপানির খোঁজে মানুষ এলাকাছাড়া হচ্ছে। সরকার ও এনজিও যে পানি সরবরাহ করছে, তাও পর্যাপ্ত নয়। এভাবে চলতে থাকলে পুরো উপজেলা দ্রুত পরিত্যক্ত হয়ে যাবে।আইলা-দুর্গত এলাকায় খাওয়ার পানি সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করতে গত ৩০ ডিসেম্বর একটি সভা করে। তাতে ঠিক করা হয়, যেহেতু আইলা-দুর্গত এলাকায় আপাতত প্রয়োজনীয় সংখ্যক নলকূপ চালু করা যাচ্ছে না, সেহেতু আপাতত ট্রলারে করে শ্যামনগর, কয়রা ও দাকোপ উপজেলায় পানি সরবরাহ করা হবে।কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ী বাজারের কাছে গিয়ে দেখা গেল ঘাটের কাছে কয়েক শ মানুষের ভিড়। ডিপিএইচই থেকে নৌকায় করে পানি এনে গ্রামবাসীর মধ্যে সরবরাহ করা হচ্ছে। ঘণ্টাখানেকের মধ্যে পানি শেষ হয়ে যাওয়ায় খালি কলসি হাতে ফিরে যেতে দেখা গেল অনেককে।নৌকায় বসে থেকে পানি বণ্টনের দায়িত্বে থাকা ডিপিএইচইর কর্মী রবিউল জানালেন, প্রতি নৌকায় দুই হাজার লিটার পানি আনেন তাঁরা। ঘণ্টাখানেকের মধ্যে তা শেষ হয়ে যায়। তাই অনেককে খালি হাতে ফিরতে হয়।ডিপিএইচই খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামালউদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, তাঁরা সাধ্যমতো পানি দিচ্ছেন। সামনের দিনে পানির পরিমাণ বাড়ানো হবে।ডিপিএইচইর হিসাবে জানুয়ারি থেকে দক্ষিণ-পশ্চিম উপকূলের বেশির ভাগ নদী ও পুকুরের পানি লোনা হতে থাকে। মে মাস পর্যন্ত লোনার ঝাঁজ বাড়ে। বর্ষা এলে ওই পানি পান করার উপযুক্ত হয়। তারপরও আর্সেনিক ও লবণাক্ততার কারণে অর্ধেকেরও বেশি নলকূপের পানি পান করার উপযুক্ত থাকে না।চলতি সপ্তাহ পর্যন্ত এই চারটি উপজেলায় ২৩৬টি পুকুর ও টিউবওয়েলকে লোনাপানিমুক্ত করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ উত্সগুলো থেকে প্রতিযোগিতা করে পানি নিচ্ছে। আইলার পরপর ১১টি পুকুরকে লোনাপানিমুক্ত করা হলেও সম্প্রতি তা আবারও লবণাক্ত হয়ে পড়েছে। কয়রা ও দাকোপের বেশির ভাগ টিউবওয়েলে আর্সেনিক রয়েছে। স্থানীয় বাসিন্দারা সেখান থেকেই পানি সংগ্রহ করে পান করছে। ফলে এলাকায় দ্রুত আর্সেনিকোসিস রোগ ছড়িয়ে পড়তে পারে বলে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছে।