লোপেজের বিরুদ্ধে সাবেক গাড়িচালকের মামলা
মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন তাঁর সাবেক গাড়িচালক। লোপেজের ম্যানেজার বেনি মেদিনা তাঁকে অপমানিত করেছেন এবং পেশাজীবন ধ্বংস করে দিয়েছেন—এমন অভিযোগ তুলে সম্প্রতি লোপেজ এবং মেডিনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জেনিফার লোপেজের সাবেক নিরাপত্তা কর্মকর্তা ও গাড়িচালক হ্যাকব ম্যানুকিয়ান। হ্যাকব তাঁর মামলার অভিযোগে দাবি করেছেন, ২০০৫ সালে লোপেজ এবং মার্ক অ্যান্থনির গাড়িচালক হিসেবে নিয়োগ পান তিনি। ধীরে ধীরে লোপেজ এবং অ্যান্থনির সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে তাঁর। তাঁদের কথামতো নিজের প্রতিষ্ঠান বন্ধ করে লোপেজের ব্যক্তিগত প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে তাঁর নিরাপত্তা প্রদানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন হ্যাকব। লোপেজের পরিবহনের দায়িত্বও দেওয়া হয় তাঁকে। এ জন্য প্রতিবছর তাঁকে দুই লাখ ডলারেরও বেশি পারিশ্রমিক দেওয়ার আশ্বাস দেন লোপেজ। কিন্তু ২০১১ সালে লোপেজ ‘হোয়াট টু এক্সপেক্ট হোয়েন ইউ আর এক্সপেক্টিং’ ছবির শুটিং শুরু করলে অনিচ্ছা সত্ত্বেও মেডিনার সঙ্গে সময় কাটাতে বাধ্য হন হ্যাকব। শুরু থেকেই মেডিনা তাঁকে পছন্দ করতেন না। তাঁর বিরুদ্ধে বাজে পোশাক পরা, ভালোমতো ইংরেজি বলতে না পারাসহ নানাবিধ অভিযোগ তোলেন মেডিনা। ধীরে ধীরে তিনি লোপেজকে প্রভাবিত করে হ্যাকবকে নিরাপত্তাপ্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করেন। পরে জোর করে লোপেজের গাড়িচালক পদ থেকেও অপসারণ করা হয় হ্যাকবকে। এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে টিএমজি।অবশ্য মেডিনা দাবি করেছেন, চাকরি নিয়ে সন্তুষ্ট না থাকার কারণে নিজে থেকেই পদত্যাগ করেছেন ইরানি বংশোদ্ভূত হ্যাকব ম্যানুকিয়ান।