লোভ ও অতিমুনাফা নয়, পরিবেশ রক্ষার দৃষ্টি নিয়ে এগোতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অধিক জনসংখ্যা ও ক্ষুদ্র আয়তনের কারণে আমাদের পরিবেশ রক্ষা করা যাচ্ছে না। জলবায়ু পরিবর্তন পরিবেশের বিপন্নতাকে আরও বাড়াচ্ছে। লোভ ও অতিমুনাফা নয়, পরিবেশ রক্ষার দৃষ্টি নিয়ে এগোতে হবে।’ গতকাল রোববার তৃতীয় আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনে বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান এ আহ্বান জানিয়েছেন। সম্মেলনের উদ্বোধনী প্ল্যানারি পর্বে বিশেষ অতিথি পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ কোপেনহেগেন সম্মেলনে আইনগত বাধ্যবাধকতাসহ চুক্তি না হওয়াকে বৈশ্বিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করে বলেন, কোপ-১৬ সম্মেলনে আইনগত বাধ্যবাধকতাসহ চুক্তি করানোর লক্ষ্যে বাংলাদেশ কাজ করে যাবে। ‘স্বল্পোন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণ কমাতে হবে না। কমালেও তার জন্য ধনী দেশগুলো অর্থ দেবে’—বাংলাদেশের জোরালো ভূমিকার কারণে কোপেনহেগেন দলিলে এই শর্তটি যুক্ত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক (বেন) আয়োজিত পরিবেশ ও জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলার স্লোগান নিয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে দেশে-বিদেশে অবস্থানরত বাংলাদেশি পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গতকাল থেকে সম্মেলনের দুই দিনব্যাপী কারিগরি অধিবেশন শুরু হয়েছে। সম্মেলনের কারিগরি অধিবেশনে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, নদী ভরাট করলে, গাছ কাটলে মুনাফা বাড়ে। এই লোভ ও অতিমুনাফার কারণে পরিবেশ বিনষ্ট হচ্ছে। ক্ষুদ্র দেশে বেশি জনসংখ্যা হওয়ায় জমি হয়েছে সোনার চেয়ে দামি। জলবায়ু পরিবর্তন এই সমস্যাগুলোকে আরও বাড়িয়ে তুলছে—এ মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের এমন একটি সমাজ ও সংস্কৃতি নির্মাণ করতে হবে, যেখানে কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যবস্থা থাকবে। পরিবেশ রক্ষার দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে।’ বাপার সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্ল্যানারি পর্বে জলবায়ু বিশেষজ্ঞ সলিমউল হক আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশকে বিশ্বের প্রধান জলবায়ু অভিযোজিত দেশে পরিণত করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের এই সচেতনতাকে এখন দক্ষতার দিকে নিয়ে যেতে হবে।’ জলবায়ু বিশেষজ্ঞ আতিক রহমান বলেন, ‘উন্নত দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে, এটা কোনো সাহায্যের ব্যাপার নয় এবং উন্নত দেশগুলোকে আমাদের পরিবেশ-উদ্ধাস্তুদের গ্রহণ করতে হবে। এখানে স্থানীয় সরকারের দক্ষতা বৃদ্ধি অনেক বেশি জরুরি।’ জাপান, ভারত, নেপাল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের পরিবেশকর্মীরা সম্মেলনে অংশ নেন। এ ছাড়া দেশের ২২টি বিশ্ববিদ্যালয় সম্মেলনের সহ-আয়োজক ছিল। সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।কারিগরি অধিবেশন: দিনব্যাপী বিভিন্ন বিষয়ে নয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সঞ্চালনায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য দেন। আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আমাদের ৯৯ বা ১০০ ডিগ্রি জ্বর হলে নিজেরা মোকাবিলা করার চেষ্টা করি। কিন্তু তাপমাত্রা তার চেয়ে বেশি বাড়লে চিকিত্সকের কাছে ছুটে যাই। পৃথিবীর তাপমাত্রা এমনভাবে বেড়েছে ও পরিবেশ ধ্বংস হয়েছে যে এখন তার চিকিত্সা দরকার।’ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কোপেনহেগেন সম্মেলনে প্রধানমন্ত্রী বিশাল প্রতিনিধিদল নিয়ে গেছেন। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া সম্মেলনের আগে ও পরে সংবাদ সম্মেলন করে তাঁর বক্তব্য দিয়েছেন। এতে প্রমাণিত হয়, জলবায়ু পরিবর্তন নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো সচেতন।’ এই পর্বে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সেক্টর কমান্ডার হারুন-উর-রশিদ ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম।