এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ১২ জুলাই এসেছিলেন সরকারি টিচার্স টেনিং কলেজের (ঢাকা) সহকারী অধ্যাপক হাসনাত জাহান। কথা বলেছেন কথাবন্ধু পম্পা ঘোষের সঙ্গে। বর্তমানে শিক্ষকতা পেশার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি।কথাবন্ধু: শিক্ষকতা সম্পর্কে কিছু বলুন?হাসনাত জাহান: শিক্ষা একটি চলমান প্রক্রিয়া। শিক্ষকতার সঙ্গে শিখন জড়িত। অভিজ্ঞতা ও অনুশীলনের ফলে আচরণের যে কাঙ্ক্ষিত স্থায়ী পরিবর্তন হয়, তা-ই শিখন। শিক্ষণ, শিখন কার্যক্রমের সঙ্গে যে পেশা জড়িত, সেটাকেই আমরা শিক্ষকতা বলি। শিক্ষাকে বলা হয় একটি ত্রিমেরু প্রক্রিয়া—শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। একজনকে বাদ দিয়ে শিক্ষা সম্ভব নয়। তাই তিনজনকেই সমানতালে এগিয়ে আসতে হবে। শিক্ষকতা এমন একটি পেশা, যেখানে সব পেশাজীবীর প্রান্তিক হাতেখড়ি হয় শিক্ষকদের হাতে। ভবিষ্যতের রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক, চিকিৎসক, বিজ্ঞানী, কবি, প্রকৌশলী, কৃষিবিদ অর্থাৎ সবার প্রথম আনুষ্ঠানিক দিকটি প্রজ্বলিত হয় বিদ্যালয়ের শিক্ষকের হাতে। শিক্ষকতা তাই মহান পেশা। আর শিক্ষক হলেন জাতির জীবনপথের দিশারি। কথাবন্ধু: শিক্ষকতা পেশা না ব্রত—এ বিষয়ে আপনার মন্তব্য কী? ব্রত হলে যাঁরা এ কাজে নিয়োজিত আছেন বা ভবিষ্যতে যুক্ত হবেন, তাঁদের ভূমিকা কেমন হবে?হাসনাত জাহান: সক্রেটিস কিংবা অ্যারিস্টটলের যুগ থেকে শিক্ষকতা বিষয়টি চলে আসছে। সে সময় যাঁরা সচ্ছল ছিলেন, যাঁদের আর্থিক কোনো সমস্যা ছিল না, তাঁরাই এ পেশায় আসতেন। তখন বলা হতো, মুহ্য বা লোভ নিয়ে শিক্ষকতায় আসা যাবে না। তাই শিক্ষকতা পেশা নয়, ব্রত। কিন্তু কালের পরিক্রমায় বর্তমান যুগে এসে এখন শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেওয়া হয়েছে। তবে প্রতিটি শিক্ষকের মধ্যেই এ বোধ থাকা উচিত, এটি পেশা নয়, একটি ব্রত। তাই মনেপ্রাণে শিক্ষক হয়ে আসতে হবে। কথাবন্ধু: একজন শিক্ষককে কী কী কাজ করতে হয়?হাসনাত জাহান: একজন শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করা শিক্ষকের প্রধান কাজ। শিক্ষক আজীবনের জন্য শিক্ষার্থী। শিক্ষার্থীদের চেয়ে শিক্ষককে বেশি পড়াশোনা করতে হয়। শিক্ষকতা পেশায় যিনি আসবেন, তাঁকে সমানভাবে শেখার ও শেখানোর আগ্রহ থাকতে হবে। কারণ শেখার ইচ্ছা তাঁর জ্ঞানের ক্ষেত্রকে প্রসারিত করবে। আর শেখানোর ইচ্ছা তাঁকে একজন যোগ্য শিক্ষক হিসেবে গড়ে তুলবে। কাজেই পেশাজীবী হিসেবে শিক্ষককে তাঁর গুরুদায়িত্বের কথা মনে রাখতে হবে। এখানে লাভ-ক্ষতির প্রশ্নটি গৌণ। শিক্ষকের যাবতীয় কর্মকাণ্ড আবর্তিত হয় একজন মানবসন্তানকে নিয়ে। কথাবন্ধু: একজন শিক্ষক কখন মনে করবেন যে তিনি সফল হয়েছেন?হাসনাত জাহান: মা-বাবাকে সম্মান, মানুষকে সাহায্য করা—এ রকম মানবিক গুণাবলি তৈরি করে দেওয়া শিক্ষকের প্রথম কাজ। শিক্ষক যদি একজন শিক্ষার্থীর মধ্যে এ ধরনের মানবিক গুণাবলি তৈরি করে দিতে পারেন, যদি শিক্ষার্থীর মধ্যে এসব গুণের বিকাশ হয়, তাহলেই তিনি সফল। এ ছাড়া শিক্ষার্থী যদি ভালো পর্যায়ে যেতে পারে এবং তাঁকে আজীবন মনে রাখে তাহলেও শিক্ষক সফল।কথাবন্ধু: কারা শিক্ষকতা পেশায় আসতে পারেন? পড়াশোনা শেষ করে একজন চাকরিপ্রত্যাশী কীভাবে শিক্ষকতা করতে পারেন?হাসনাত জাহান: বেশির ভাগ সময় প্রাথমিক বিভাগে বেশি নিয়োগ হয়। এ ক্ষেত্রে নারীরাই বেশি আগ্রহ প্রকাশ করেন। এইচএসসি পাস করেই নারীরা এ বিভাগে চলে আসেন। আমাদের দেশে মফস্বল এলকায় এটি বেশি হয়। আর ছেলেদের ক্ষেত্রে স্নাতক পাস প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে আসতে হলে সর্বোচ্চ ডিগ্রির দরকার রয়েছে। তাই এটি নিজের পড়াশোনার ব্যাপ্তির ওপর নির্ভর করে আপনি কোথাই যাবেন। কথাবন্ধু: প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরে শিক্ষকতার মধ্যে পার্থক্য কী?হাসনাত জাহান: প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশুদের কাছে গিয়ে পড়াতে হয়। মাধ্যমিক স্তরে অনেকগুলো সিলেবাসের মধ্যে থেকে পড়াতে হয়। আর কলেজে লেকচার মেথডে পড়াতে হয়। বিশ্ববিদ্যালয়েও একই রকম। কথাবন্ধু: একজন শিক্ষকের আচরণ কেমন হওয়া উচিত? তাকে কোন দোষ-ত্রুটিমুক্ত থাকা উচিত বলে মনে করেন?হাসনাত জাহান: যত ভালো গুণ আছে এর সব কটি গুণের অধিকারী হবেন একজন শিক্ষক। তাঁকে শিক্ষার্থীদের পড়ানোর কৌশল বেছে নিতে হবে। তাই একজন শিক্ষকের অনেক দক্ষতা এবং গুণাবলি থাকা উচিত। এর মধ্যে প্রতিভাশালী, কৌশলী, সঞ্চালনকারী, বিশ্বাসী, উৎফুল্ল, আন্তরিক, কর্মঠ, অমায়িক, যত্নশীল, চরিত্রবান, দয়ালু, সৎ, সৃজনশীল হতে হবে। একই সঙ্গে থাকতে হবে রসবোধ, তিনি হবেন মূল্যায়ক, সম্পাদক, পাঠক, চিন্তাশীল।কথাবন্ধু: শিক্ষকের অপরিহার্য কোন দক্ষতা প্রয়োজন?হাসনাত জাহান: শিক্ষকতা পেশায় আসতে হলে সবার আগে দরকার ধৈর্যশীলতা। তারপর অন্যগুলো। বিষয়বস্তুগত যোগ্যতা থাকতে হবে। এ ছাড়া পেশাগত দক্ষতা বা যোগ্যতা, সামাজিক দক্ষতা বা যোগ্যতা, নৈতিক দক্ষতা বা যোগ্যতা থাকতে হবে। শিক্ষকের মধ্যে স্বচ্ছতা থাকতে হবে। জবাবদিহি থাকতে হবে। তাঁকে শিক্ষার্থীর দক্ষ পরামর্শদাতাও হতে হবে। কথাবন্ধু: এ ক্ষেত্রে বিশেষ কোনো বিষয়ে পড়া বা প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আছে কি?হাসনাত জাহান: প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাওয়ার পর সার্টিফিকেট ইন এডুকেশন-সিআইএনএডে একটি প্রশিক্ষণ নিতে হয়। মাধ্যমিক স্তরে স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে। তবে এ জন্য বিএডের ওপর একটি প্রশিক্ষণ নিতে হবে। কলেজের ক্ষেত্রে নায়েমে একটি ফাউন্ডেশন প্রশিক্ষণ হয় চার মাসের। এ ছাড়া এমএড করতে হবে। এর বাইরেও শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করছে শিক্ষকদের জন্য। প্রশিক্ষণ ছাড়া একজন দক্ষ শিক্ষক হওয়া সম্ভব নয়। কথাবন্ধু: একজন শিক্ষকের ভালো বেতন-কাঠামো, সামাজিক সম্মান ও সুবিধাদি বেশি থাকা প্রয়োজন—এ বিষয়ে আপনার মন্তব্য কী?হাসনাত জাহান: বেশি বেতনের আশায় অনেকেই এ পেশায় আসেন না। সবাই বাণিজ্যিক বিভাগে পেশা গড়ার দিকে মনোনিবেশ করেন। তাই কম বেতনের কারণে আমরা এখন প্রাথমিক পর্যায়ে যোগ্য শিক্ষক পাচ্ছি না। শিক্ষকদের বিষয়টি সরকারের আরও বেশি করে ভাবা উচিত।গ্রন্থনা: সুদীপ দে