লোভের আগুন পুড়ছে পশ্চিমবঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্ষুদ্র আমানতের ব্যবসার’ মাধ্যমে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্নে বিভোর পশ্চিমবঙ্গের অনেক মানুষ এখন সর্বস্বান্ত। সারদা নামের একটি ব্যবসায়িক গোষ্ঠী পশ্চিমবঙ্গের এই মানুষগুলোকে লাভের অলীক স্বপ্ন দেখিয়ে এখন গা ঢাকা দিয়েছে। বাংলাদেশে প্রচলিত বহু ধাপ বিপণন পদ্ধতির (এমএলএম) মতো এক ব্যবসা হলো ‘ক্ষুদ্র আমানতের ব্যবসা’।এ ধরনের একটি বাস্তব ঘটনার বর্ণনা দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, গতকাল সোমবার দুপুরের দিকে ৬০ বছর বয়সী দুলাল চন্দ্র ঘরামি খুব চিন্তিত অবস্থায় নিজের বাড়িতে ফেরেন। বালিয়াডাঙার স্থানীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে টাকা ফেরত দেওয়ার জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। চারদিন ধরে পাওনা টাকার জন্য আমানতকারীরা দুলালের পেছনে লেগে রয়েছেন। লোকজন তাঁর কাছে প্রায় দুই কোটি টাকা পাবে। এ ব্যাপারে দুলাল কোনো রকমে আমানতকারীদের নিবৃত্ত করতে পারলেও তৃণমূল কংগ্রেসকে নিবৃত্ত করে রাখা তাঁর জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।কয়েক সপ্তাহ আগেও বালিয়াডাঙার লোকজনের কাছে দুলাল ঘরামি ছিলেন একটি প্রেরণার নাম, ঈর্ষা করার মতো ব্যক্তি। কারণ, প্রতি মাসে তাঁর আয় ছিল প্রায় এক লাখ ৮০ হাজার টাকা।টাইমস অব ইন্ডিয়া জানায়, ক্ষুদ্র আমানতের এই ব্যবসার প্রসার ঘটার আগে বালিয়াডাঙার মতো মফস্বল শহরের দৈনন্দিন জীবনযাপন ছিল একেবারেই ভিন্ন। সেখানকার ৬০ শতাংশ লোক কৃষিকাজ, ১০ শতাংশ ব্যবসা-বাণিজ্য এবং ৩০ শতাংশ চাকরি করত। ক্ষুদ্র আমানতের এই ব্যবসার প্রসারের সঙ্গে সঙ্গেই মফস্বলটির চেহারা পাল্টাতে শুরু করে। ওই এলাকার প্রায় সবাই কোনো না কোনোভাবে সারদা গোষ্ঠীর এই আমানতের ব্যবসায় জড়িয়ে পড়েন। এমনকি, সেখানকার চায়ের দোকানদারও দৈনিক ১০ টাকা হারে আমানত জমা দেওয়া শুরু করেন। এভাবে ওই এলাকার লোকজন প্রায় ১০ কোটি টাকার মতো আমানত জমা দেন সারদাকে। কীভাবে অল্প সময়ের মধ্যে সারদা গোষ্ঠীর এই আমানতের ব্যবসা ফুলে ফেঁপে উঠল, তা অনুসন্ধান করে দেখা গেছে, গোষ্ঠীটি কিছুদিনের মধ্যে এলাকার বেশ কয়েকজন বাসিন্দাকে ধনী বানিয়ে দেয়। তাপস হালদার তাঁদের একজন। তিনি ছিলেন একজন মিস্ত্রি, যাঁর মাসিক আয় ছিল তিন হাজার টাকার মতো। সারদার এজেন্ট হিসেবে কাজ শুরু করে তাঁর মাসিক আয় দাঁড়ায় ৫০,০০০ টাকার মতো, যা ছিল তাঁর কল্পনারও বাইরে। সারদা গোষ্ঠীর এ ধরনের লোভনীয় ‘বড় কিছু চিন্তার জন্য’ ভারত অধিকারী নামের এক ব্যক্তি মুদি দোকানের ব্যবসা ছেড়ে দিয়ে এ ব্যবসায় নেমে পড়েন।এ বিষয়ে মাধব মণ্ডল বলেন, ‘আমরা বুঝতেও পারিনি, আমাদের স্বপ্ন এভাবে ধুলায় মিশে যাবে। এ অবস্থায় আমরা এখন জনতার রোষের শিকার হয়ে বাড়ি ফিরে যেতে পারি না।’ মাধব তাঁর বিএসসি পরীক্ষার ফলাফল বের হওয়ার আগে সারদার এজেন্ট হিসেবে কাজ শুরু করেন। মাধব ভাবতেও পারেননি এভাবে লোকজন বড়লোক হওয়ার আশায় সারদায় আমানত জমা দেওয়া শুরু করবেন।উত্তম পাইন নামের এক ভুক্তভোগী এজেন্ট বলেন, ‘আমানতকারীদের আস্থা অর্জনের জন্য সারদার কর্ণধার সুদীপ্ত সেন মন্ত্রী ও এমপিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন। গত বছরের ৩১ ডিসেম্বর দক্ষিণ বারাসাতের একটি শাখায় এক কোটি ৮০ লাখ টাকা জমা পড়ে। ওই টাকা গুণতে গুণতে আমাদের সারা রাত কেটে যায়। এ ছাড়া বারুইপুরের আঞ্চলিক কার্যালয় সেদিন প্রায় ছয় কোটি টাকার জামানত সংগ্রহ করে।’টাকা-পয়সা হারিয়ে সর্বস্বান্ত হয়ে যাওয়া ওই এলাকার লোকজনের সার্বিক অবস্থার বিবরণ তুলে ধরেছেন বিশ্বরূপ মুখার্জি নামের একজন ইন্টেরিয়র ডিজাইনার। তিনি বলেন, ‘অবস্থা দেখলে মনে হয় দক্ষিণ বারাসাতে সাইক্লোন আঘাত হেনেছে। প্রতিটি পরিবারের ব্যাংক ঋণ রয়েছে। আগে যারা বন্ধু ছিল, তারা এখন শত্রুতে পরিণত হয়েছে। সুখী পরিবারগুলোর মধ্যে অশান্তি দেখা দিয়েছে। ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা পুনরায় শুরু করার আগ্রহ হারিয়ে ফেলেছেন।’রাতারাতি ধনী হওয়ার আকাঙ্ক্ষায় মনিদীপ চট্টোপাধ্যায় নামের সারদার এক এজেন্ট ঘরবাড়ি হারিয়ে এখন পাগলপ্রায়। অতিরিক্ত লোভে পড়ে নিজের বাড়িটি ব্যাংকের কাছে বন্ধক দিয়ে ঋণ নিয়েছিলেন মনিদীপ। সারদার টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাওয়ার পর কথা বলা ও খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন তিনি। এখন শূন্যদৃষ্টিতে টেলিভিশনের দিকে তাকিয়ে থাকেন। তাঁর আশা, এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশার বাণী শোনাবেন। কিন্তু গতকাল সোমবারের মুখ্যমন্ত্রীর ভাষণে আশাব্যঞ্জক কোনো বক্তব্য ছিল না। পুরোনো ব্যবসার নতুন ফন্দিএ ব্যবসা মূলত পোঞ্জি ফন্দিকে ভিত্তি করে গড়ে উঠেছে। এখানে গরিব গ্রাহকেরা তাঁদের জমানো অল্প অর্থ একটি প্রতিষ্ঠানে জমা রাখেন। প্রতিষ্ঠানটি আমানতের বিপরীতে স্বাভাবিক সুদের চেয়ে বহু গুণ বেশি সুদ দিতে সম্মত হয়। কিন্তু প্রত্যেক গ্রাহককে এ পরিমাণ সুদ দেওয়া সম্ভব নয়। তাই এসব চলে পিরামিড মডেলে। একজন গ্রাহক যদি অন্য কাউকে পটিয়ে নতুন গ্রাহক বানাতে পারেন, তবেই কেবল তাঁরা ওই সুদ পান। এভাবে প্রত্যেক গ্রাহককে নতুন সদস্য খুঁজতে বাধ্য করা হয়। কিন্তু একসময় নতুন সদস্য করার সুযোগ আর থাকে না, তখন কোম্পানি পুঁজি গুটিয়ে অর্থ আত্মসাত্ করে। যদিও ভারতের কেরালাসহ কয়েকটি স্থানে এসব ব্যবসার জন্য নির্দিষ্ট আইন আছে, পশ্চিমবঙ্গে এমন কিছু নেই।বাংলাদেশে ডেসটিনির মতো এ ধরনের কয়েকটি এমএলএম কোম্পানি রাতারাতি ধনী বানানোর স্বপ্ন দেখিয়ে বাংলাদেশের অনেক মানুষকে সর্বস্বান্ত করেছে। আমানত ফিরে পাওয়ার আশায় ভুক্তভোগীরা রাস্তায় নেমে এলেও এ বিষয়ে তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি।