লোহাগাড়ায় মাদ্রাসার শিক্ষার্থী ও রোহিঙ্গারা অংশ নেয় সহিংসতায়
চট্টগ্রামের লোহাগাড়ার কয়েক দিনের তাণ্ডবে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে অন্তত ২২টি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ যোগ দিয়েছিল। তাণ্ডবে অংশ নেয় চার শতাধিক রোহিঙ্গাও। স্থানীয় পুলিশের কর্মকর্তারা এ তথ্য জানিয়ে বলেছেন, এ পর্যন্ত গ্রেপ্তার ৫৬ জনের মধ্যে একটি মাদ্রাসার ছয় শিক্ষার্থী রয়েছে। লোহাগাড়ায় মাধ্যমিক স্তরের ৪৮টি মাদ্রাসা রয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, ‘দোষীদের চিহ্নিত করার পর আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিংবা শিক্ষকের এমপিও বাতিলের সুপারিশ করব।’ তিনি বলেন, হামলাকারীদের মধ্যে চার শতাধিক রোহিঙ্গাও ছিল, যারা কক্সবাজার ও চকরিয়া থেকে এসেছিল। পুলিশ জানায়, গ্রাম থেকে দলীয় লোকজন এসে হামলা চালায়। এ কারণে লোহাগাড়ার আটটি ইউনিয়ন শাখা জামায়াতের আমির ও সাধারণ সম্পাদকদের মামলার আসামি করা হয়েছে। তৃণমূল পর্যায়ের ১৬ নেতার মধ্যে গ্রেপ্তার হয়েছেন কেবল পদুয়া ইউনিয়নের আমির আবুল কালাম। প্রাথমিক তদন্তে যেসব মাদ্রাসার নাম এসেছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো চুনতি হাকিমিয়া কামিল, আধুনগর ইসলামিয়া, চরম্বা জামে উলুম মাদ্রাসা। তবে কওমি মাদ্রাসাগুলোর শিক্ষকেরা তাঁদের কোনো শিক্ষার্থী ক্যাম্পাস থেকে বের হতে দেননি বলে জানা গেছে। চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুল হক নিজামী বলেন, ‘কিছু ছাত্র মিছিলে অংশ নিতে পারে, যারা নিজের বাড়িতে কিংবা লজিংয়ে থাকে। ক্লাস ও পরীক্ষা ছাড়া তাদের ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না।’শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার অভিযোগ রয়েছে চরম্বা জামে উলুম মাদ্রাসার সহকারী সুপার ও চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির শামসুল ইসলামের বিরুদ্ধে। শামসুল ইসলাম বলেন, সাঈদী সাহেবের মুক্তির দাবিতে আমিও মিছিলে গিয়েছিলাম। তবে কোনো ছাত্রকে উৎসাহ দেইনি। ওরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারে।’ একই মাদ্রাসার শিক্ষক মো. শফিকুর রহমান বলেন, ‘আগুন লাগানো ও ভাঙচুর ইসলাম সমর্থন করে না। আমরা দুই-তিনজন শিক্ষক বাধা দিয়ে ছাত্রদের নিবৃত্ত করতে ব্যর্থ হই।’ আধুনগর ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবু মুসা মো. খালেদ জামিল বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে আমাদের মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়।’ লোহাগাড়ায় এ পর্যন্ত পাঁচটি মামলা হয়েছে। তিনটি মামলায় ১৭৭ আসামির নাম উল্লেখ রয়েছে। ২৮ ফেব্রুয়ারির তাণ্ডবে পুলিশের এক কনস্টেবল এবং শিবিরের এক কর্মী নিহত হন।