লোহাগাড়ায় ৭ ইটভাটা ও ৭ করাতকল সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলের পাশে অবস্থিত সাতটি ইটভাটা ও সাতটি করাতকল সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।গতকাল সোমবার জেলা প্রশাসন, পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের সমন্বিত উদ্যোগে এ অভিযান চালানো হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংরক্ষিত বনাঞ্চলের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত গৌড়স্থানের আরএনবি, এসজিএস, এনএসবি, পুটিবিলার ডিএনসি, টিবিএম, আরবিএম ও কেএনবি ইটভাটা সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া এসব ইটভাটার মালিকদের কাছ থেকে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়।এদিকে, সংরক্ষিত বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে অবস্থিত সাতটি করাতকল বন্ধের নির্দেশ দিয়েছেন একই আদালত। করাতকলগুলো হলো: পুটিবিলার সিদ্দিক আহমদ, ফজলুল হক, ইদ্রিচ মিয়া, ফজলুল ইসলাম, নাজিউল হক, আবুল হাসেম ও নূরুল হাকিমের মালিকানাধীন করাতকল।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারা দিবা প্রথম আলোকে জানান, হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন করতে এই অভিযান পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে সংরক্ষিত বনাঞ্চলের পাশে অবস্থিত সব কটি ইটভাটা ও করাতকল বন্ধ করা হবে।প্রসঙ্গত, ১২ ডিসেম্বর প্রথম আলোতে ‘লোহাগাড়ায় সংরক্ষিত বনাঞ্চলের পাশে ২০ ইটভাটা ও ২২ করাতকল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন যুক্ত করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষ থেকে হাইকোর্টে রিট আবেদন করা হয়। আদালত সংশ্লিষ্ট প্রশাসনকে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত করে এসব অবৈধ ইটভাটা ও করাতকল বন্ধের নির্দেশ দেন।