চলতি বছর ৩৯তম জাতীয় স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ৩১টি ইভেন্টের মধ্যে নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় ১৩টি স্বর্ণপদক, ১০টি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পেয়ে সেরা হয়েছে।এর মধ্যে সাজ্জাদ হোসেন চারটি ও পদ্মাবতী সমাদ্দার দুটি স্বর্ণপদক পেয়ে ব্যক্তিগতভাবে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির পুরস্কার পেয়েছে। স্বর্ণপদক পাওয়া অন্যরা হলো ইমরান মুসল্লি, নেহা ইসলাম, মিতু মণ্ডল, হেলাল মিয়া, অন্তরা খানম, বোরহানউদ্দিন ও মেহেদি হাসান। রৌপ্যপদক পেয়েছে জুবায়ের ও মৌসুমী। ২৪ মার্চ খুলনা জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক ও বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী মোয়াজ্জম হোসেন বলেন, ‘আমার বিদ্যালয় জাতীয় পর্যায়ে ২০০৯ সালে ১০টি, ২০০৮ সালে সাতটি এবং ২০০৭ সালে চারটি স্বর্ণপদক পায়। এ উন্নতির পেছনে ক্রীড়া শিক্ষক দীলিপ চক্রবর্তীর কঠিন অধ্যবসায় রয়েছে।’ লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় দেশের সেরা অবস্থানে যাওয়া এবং এ বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য বিস্ময় সৃষ্টি করে।’