লোহাগড়াকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ
নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর) আসনের সংসদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস কে আবু বাকের বলেছেন, ‘আমি নিজে দুর্নীতি করি না। সন্ত্রাসী, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেই না। তাহলে কেন এগুলোর প্রতিরোধ হবে না?’ লোহাগড়াকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এক ব্যতিক্রমী সুধী সমাবেশের আয়োজন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার আবদুল হান্নান। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ব্রিগেডিয়ার আবু বাকের এ কথা বলেন। এ সমাবেশে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রায় এক হাজার লোক উপস্থিত ছিলেন। শিকদার আবদুল হান্নান অঙ্গীকার করেন, এখন থেকে তিনি দুর্নীতি করবেন না। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফকির মফিজুল হক দুর্নীতি না করার অঙ্গীকার করে বলেন, তিনি সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের ঘৃণা করবেন। লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান রাজনৈতিক সংগঠন থেকে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের বাদ দিতে হবে বলে মত প্রকাশ করেন।