লোহাগড়ার জেসিজি মাধ্যমিক বিদ্যালয়, ৮টি গ্রামের একমাত্র মাধ্যমিক বিদ্যালয়
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের জেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ জন পরীক্ষার্থীর সবাই এ বছর এসএসসি পাস করেছে। বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রী ২৫২। এর মধ্যে দশম শ্রেণীতে ৪৮ ও নবম শ্রেণীতে ৫২ জন। এলাকার আটটি গ্রামের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করে। অথচ নবম ও দশম শ্রেণীতে পাঠদানের অনুমতি দিচ্ছে না যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৪ সাল থেকে জয়পুর গ্রামে বিদ্যালয়টি অষ্টম শ্রেণী পর্যন্ত চালু হয়। ১৯৯৮ সালে এমপিওভুক্ত হয়। ২০০৬ শিক্ষা বর্ষ থেকে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতদল মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমে নবম শ্রেণীতে নিবন্ধনভুক্ত হয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিনুর রহমান জানান, যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে ২০০৭ সালে নিজ বিদ্যালয়ের নামেই নবম শ্রেণীতে শিক্ষার্থীরা নিবন্ধনভুক্ত হয়ে ২০০৯ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ২০০৯ সালের জানুয়ারি মাসে এক চিঠির মাধ্যমে বিদ্যালয়সংশ্লিষ্ট এলাকার জনসংখ্যা কমের অজুহাতে নবম শ্রেণীতে শিক্ষার্থী নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এরপর থেকে শতদল মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিচ্ছে। বিদ্যালয়সংশ্লিষ্ট এলাকায় চাহিদার ১২ হাজারের বেশি জনসংখ্যা রয়েছে। নবম ও দশম শ্রেণীতে পাঠদানের অনুমতি না পাওয়ায় বিভিন্ন দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষার্থীরা বিড়ম্বনায় পড়েছে। এ ব্যাপারে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ওয়াহিদুল আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সংশ্লিষ্ট এলাকার জনসংখ্যা ও দূরত্বের শর্ত পূরণ না হলে নবম শ্রেণীতে নিবন্ধনভুক্ত হতে মন্ত্রণালয়ের অনুমতি লাগে। এ বিদ্যালয়ের জন্য মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলে নিবন্ধনের নির্দেশ দেওয়া হবে।’