লোহাগড়ার জয়পুর ইউনিয়নের ৮ গ্রামে বিদ্যুত্ নেই
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের একই এলাকার আটটি গ্রামে বিদ্যুত্ পোঁছেনি। তাই বিড়ম্বনার মধ্যে রয়েছেন এ এলাকার প্রায় ৩০ হাজার মানুষ।খোঁজ নিয়ে জানা গেছে, এ ইউনিয়নের পাশাপাশি গ্রাম আড়িয়ারা, চাচই-ধানাইড়, চরআড়িয়ারা, বেলটিয়া, আমডাঙ্গা, আস্তাইল, ধানাইড় ও চরধানাইড় গ্রামে এখনো বিদ্যুত্ পোঁছেনি। উপজেলা সদর থেকে এসব গ্রামের দূরত্ব তিন থেকে আট কিলোমিটার। এ এলাকায় দুটি মাধ্যমিক বিদ্যালয়, আটটি প্রাথমিক বিদ্যালয় ও বেশ কয়েকটি কুটির শিল্প রয়েছে। এলাকাবাসী সংশ্লিষ্ট দপ্তরে আবেদন-নিবেদন করলেও কোনো কাজ হচ্ছে না।আমডাঙ্গা গ্রামের কৃষক সৈয়দ ওমর আলী বলেন, ‘বিদ্যুতের অভাবে এ এলাকার কয়েক শ একর জমির সেচ কাজ বিঘ্নিত হচ্ছে। তাই উত্পাদন ব্যাহত হচ্ছে।’ চাচই-ধনাইড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির ওয়াহিদুজ্জামান বলেন, ‘বিদ্যুত্ না থাকায় বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা চালু করতে পারছি না। বিদ্যুতের অভাবে গরমের দিন শিক্ষার্থীদের নাভিশ্বাস ওঠে।’ আড়িয়ারা গ্রামের গৃহবধূ মর্জিনা বেগম বলেন, ‘বিদ্যুত্ না থাকার জ্বালা সেই বোঝে যার বিদ্যুত্ নেই।’জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শরিফুল আলম বলেন, ‘উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুত্ আছে, অথচ উপজেলা সদরের কাছে এ এলাকায় বিদ্যুত্ নেই। বিদ্যুতের জন্য বহু চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি।’যশোর পল্লী বিদ্যুত্ সমিতি-২ নড়াইলের উপমহাব্যবস্থাপক স্বদেশ কুমার ঘোষ বলেন, ‘বর্তমানে লাইন সম্প্রসারণ হচ্ছে না। তাই ওই এলাকার বিদ্যুতের ব্যাপারে দ্রুত প্রতিশ্রুতি দিতে পারছি না।’