নড়াইলের লোহাগড়া উপজেলার নারানদিয়া বিলে প্রভাবশালী ব্যক্তিরা বাঁধ দিয়ে মাছ চাষ করছেন। এর প্রতিবাদে নারানদিয়া গ্রামের কয়েক শ লোক উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করলেও প্রশাসন তা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না।গ্রামবাসী সূত্রে জানা যায়, গত বছর বর্ষা মৌসুমে নারানদিয়া বিলের ব্যক্তিমালিকানাধীন প্রায় ২০০ একর ফসলি জমির চারপাশে বাঁধ দিয়ে পাশের জয়পুর গ্রামের মিলন বিশ্বাস মাছ চাষ করেন। গত বছরের ১৪ জুলাই আবার তিনি মাছ চাষের জন্য বাঁধ দিতে গেলে পাশের নারানদিয়া গ্রামের লোকজন বাধা দেয়। পরে তারা বিক্ষোভ মিছিল করে।এ ব্যাপারে মিলন বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ভাই সুবোল বিশ্বাস বলেন, ‘চাচই গ্রামের মো. ফায়েকুজ্জামানের কাছ থেকে দুই একর জমি আমরা মাছ চাষের জন্য ইজারা নিই। তবে পাশের পাঁচ গ্রামের প্রভাবশালী লোকজনের সঙ্গে কথা বলে প্রায় ২০০ একর জমিতে বাঁধ দিয়ে গত বর্ষা মৌসুমে মাছ চাষ করি। এ বছরও সেভাবে করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছি।’এ ব্যাপারে গত বছর বর্ষা মৌসুমে পাশের নারানদিয়া, পুরুলিয়া, গোফাডাঙ্গা ও চোরখালী গ্রামের মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। ইউএনওর নির্দেশে উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা তদন্ত করে এর সত্যতা পান।লোহাগড়ার ইউএনও অরুণ কুমার মণ্ডল বলেন, ‘তদন্তের পর ওই বিলে বাঁধ দিয়ে মাছ চাষ না করতে ১৬ মে আমি লিখিতভাবে নির্দেশ দিয়েছি।’লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, মিলন বিশ্বাসকে মাছ চাষ করতে নিষেধ করা হয়েছে।