লোহাগড়ার পারমল্লিকপুর গ্রামে দুই পক্ষের দ্বন্দ্ব, পাঁচ হাজার মানুষ জিম্মি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পারমল্লিকপুর গ্রামে এক দশক ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। গ্রামে বিএনপির শাসনামলে এক পক্ষের আর আওয়ামী লীগের শাসনামলে আরেক পক্ষের আধিপত্য। এতে জিম্মি হয়ে পড়েছে গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ। গ্রামবাসী সূত্রে জানা যায়, এক পক্ষের নেতৃত্বে আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল ঠাকুর। অন্য পক্ষের নেতা ইউনিয়ন পরিষদের সদস্য ওই গ্রামের বিএনপির কর্মী আবদুল হক। সর্বশেষ গত ১০ নভেম্বর দুই পক্ষের সংঘর্ষে আবদুল হক পক্ষের ১৩ জন এবং দুলাল ঠাকুর পক্ষের দুইজন গুরুতর আহত হন। পুলিশ দুলাল ঠাকুর পক্ষের মামলা নিলেও আবদুল হক পক্ষের মামলা নেয়নি। পুলিশের ভয়ে আবদুল হক পক্ষের লোকজন গ্রাম ছেড়ে এখনো পালিয়ে আছে। এ সুযোগে প্রতিপক্ষের লোকজন এসব বাড়িতে লুটপাট ও বিভিন্ন ধরনের অত্যাচার অব্যাহত রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে জানা গেছে, বিএনপি আমলে আবদুল হকের পক্ষ গ্রামে অত্যাচার চালিয়েছে। আর এখন দুলাল ঠাকুর পক্ষ অত্যাচার চালাচ্ছে। বর্তমানে এ গ্রামের বিভিন্ন ঘটনায় ছয়টি মামলা রয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় ২০০ জন, যার অধিকাংশই কৃষক পরিবারের। তাঁরা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল কাদের বিশ্বাস বলেন, ‘গ্রামের অধিকাংশ পরিবার হামলা-মামলা ও ভোগান্তি থেকে রেহাই পাচ্ছে না। নিরীহদের ওপর অত্যাচার আরও বেশি। গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ অশান্তিতে বসবাস করছে।’ আকরাম মুন্সির বাড়ি পাহারা দিচ্ছেন তাঁর বৃদ্ধ শাশুড়ি গোলজান বিবি। তিনি বলেন, ‘এ বাড়ির সব মালামাল লুট হয়েছে।’ বিধবা শ্রীমতির একটি গরু জোর করে নিয়ে গেছে প্রতিপক্ষরা। তিনি বলেন, ‘রাতে বাড়িতে থাকতে ভয় লাগছে।’ আবদুল হকের বাড়িতেও কোনো পুরুষ মানুষ নেই। তার ভাতিজি কলেজছাত্রী ফারজানা সুলতানা বলেন, ‘ভয়ে সন্ধ্যার আগে ঘরে ঢুকি, সকালের আগে বের হই না। নিরাপত্তাহীনতায় কলেজে যেতে পারছি না।’আবদুল হক মুঠোফোনে অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের প্রভাবে পুলিশ আমার প্রতিপক্ষকে সহযোগিতা করছে। তাই আমার পক্ষের কোনো পুরুষ মানুষ বাড়িতে নেই। আমার লোকজনের বাড়িতেই ভাঙচুর ও লুটপাট হয়েছে। এখনো চুরি অব্যাহত রয়েছে।’ এ ব্যাপারে দুলাল ঠাকুর বলেন, ‘নিজেরা গরু, ছাগল ও অন্য মালামাল আত্মীয়ের বাড়িতে রেখে এসে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। এ গ্রামের অধিকাংশ লোক বিএনপি করে। তাঁরা আমাদের প্রতিপক্ষ। বিএনপির আমলে হামলা, মিথ্যা মামলা, অত্যাচার, নির্যাতন মুখ বুজে সহ্য করেছি।’ লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শেখ বলেন, ‘দুলাল ঠাকুর থানায় মামলা করেছেন। আর আবদুল হক পক্ষ আদালতে মামলা করেছেন। আধিপত্য বিস্তার নিয়ে তুচ্ছ ঘটনায় প্রায়ই এ গ্রামে সংঘর্ষ হচ্ছে। গ্রামে মাঝেমধ্যে পুলিশ টহল দিচ্ছে।’