লোহাগড়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মঞ্জুরুল করিম ওরফে মুনের বিরুদ্ধে প্রতিবেশীর জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ১৭ জুলাই লোহাগড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লোহাগড়া পৌর এলাকার লক্ষ্মীপাশা এলাকার সরদার নাহিদ নেওয়াজ এ অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে সরদার নাহিদ নেওয়াজ লিখিত অভিযোগে জানান, তিনি ২৫ বছর আগে খান রইসউদ্দিনের কাছ থেকে জমি কিনে ভোগদখল করছেন। ১৬ জুলাই আওয়ামী লীগের নেতা প্রতিবেশী মুন প্রায় ৩০০ যুবককে সঙ্গে নিয়ে তাঁর ৩৪ শতাংশ জমি (দাগ নং- ৩২১, ৩২২, ৩২৪ ও ৩২১/১৫৭৬) দখল করে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলেন। এ সময় তাঁরা জমির প্রায় ৪০০ গাছ কেটে ফেলেন, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা। ঘটনার সময় থানার পুলিশ উপস্থিত থাকলেও নীরব ভূমিকা পালন করে।এ বিষয়ে মঞ্জুরুল করিম ওরফে মুন বলেন, ১৯৬৭ সালে মহিউদ্দিন মোল্লা ও কাজী বজলেয়ার রহমানের কাছ থেকে ৩০ শতাংশ জমি কিনে ভোগদখল করি। ২০০৩ সালে প্রতিবেশী নাহিদ নেওয়াজ জোর করে ১৯ শতাংশ জমি দখল করেন। এ নিয়ে অনেক সালিস হয়েছে। তাঁরা সালিসের সিদ্ধান্ত মানেননি। তাই ওই ১৯ শতাংশ জমি দখলমুক্ত করা হয়েছে। ৩৪ শতাংশ দখলের অভিযোগ সঠিক নয়।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করে বলেন, ভুক্তভোগী পক্ষ কোনো লিখিত অভিযোগ করেনি, তার পরও ঘটনার সময় তিনবার পুলিশ গিয়েছে। পুলিশ থাকাকালে তারা কোনো কাজ করেনি।