লোহাগড়ায় এক বাল্যবিবাহ প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ অক্টোবর বেলা একটা। বিয়ের সুসজ্জিত গেট তৈরি হয়েছে। বাড়িভর্তি আত্মীয়স্বজন। মেহমানদের জন্য রান্না হয়েছে ২০ কেজি গরুর মাংস, ১০ কেজি খাসির মাংস, ১০ কেজি মুরগির মাংস ও ১০ কেজি মাছ। দুপুর বেলা বিয়ে হবে। এ সময় কন্যার বাড়িতে উপস্থিত হলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার, নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান ফয়জুল হকসহ একদল পুলিশ। ভেঙে দেওয়া হলো বিয়ে। মানিকগঞ্জ বাজারের কাছে বরযাত্রীর গাড়ির গতি রোধ করে বরসহ সবাইকে থানায় নেওয়া হয়।জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ছত্রহাজারি গ্রামের জালাল মোল্লার মেয়ে জুলিয়া খানমের (৯) সঙ্গে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের নবীর শেখের ছেলে হাসান শেখের (১৮) বিয়ে ঠিক হয়। জুলিয়া ছত্রহাজারি ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।ইউএনও বলেন, ‘মেয়ে উপযুক্ত হওয়ার আগে বিয়ে দিতে পারবেন না’—কন্যার মা-বাবার কাছ থেকে এই মুচলেকা নিয়ে বিয়ে ভেঙে দেওয়া হয়। পরে বরসহ বরযাত্রীদের দিঘলিয়া ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়।