লোহাগড়ায় এবার পাট চাষে রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাট আবার হারানো ঐতিহ্য ফিরে পাবে—নড়াইল জেলার লোহাগড়ার কৃষকেরা সেই সোনালি স্বপ্নে বিভোর। গত বছর পাটের চাহিদা ভালো থাকায় এবং দাম বেশি হওয়ায় লোহাগড়ার কৃষকেরা এ বছর পাটের আবাদ বেশি করেছেন। লোহাগড়া উপজেলায় চলতি মৌসুমে পাটের আবাদ অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে। লোহাগড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলায় চলতি মৌসুমে ১০ হাজার ৪৯০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। গত বছর চাষ হয় ছয় হাজার ৪৫ হেক্টর জমিতে। ২০০৭-০৮ মৌসুমে চার হাজার ২০০ ও ২০০৬-০৭ মৌসুমে আট হাজার ৩০০ হেক্টরে পাটের আবাদ হয়। এ মৌসুমে অনাবৃষ্টির কারণে অনেক কৃষক সঠিক সময়ে পাটবীজ বপন করতে পারেননি। সেচ দিয়ে বীজ বপন করলেও প্রচণ্ড খরতাপে ঠিকমতো চারা গজায়নি। অনেক জমিতে চারা গজালেও খরতাপে পুড়ে চারা নষ্ট হয়ে গেছে। মৌসুমের শুরুতে বৃষ্টি হলে আরও বেশি জমিতে আবাদ হতো। লোহাগড়া উপজেলার আমডাঙ্গা গ্রামের কৃষক লুৎফর রহমান জানান, বিগত (২০০৮-০৯) মৌসুমের শুরুতে প্রতি মণ পাট এক হাজার থেকে এক হাজার ৩০০ টাকা বিক্রি হলেও পরে প্রতি মণ পাট দুই হাজার থেকে দুই হাজার ৭০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের কৃষক কুদ্দুস খাঁ বলেন, গতবার পাটের দাম বেশি হওয়ায় এবার বেশির ভাগ কৃষক পাট চাষ করেছে। লোহাগড়া বাজারের পাট ব্যবসায়ী এম এম মাহফুজুর রহমান বলেন, গত মৌসুমে ক্রমাগতভাবে পাটের দাম বাড়তি থাকায় ব্যবসা ভালো গেছে।লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ কর বলেন, এ উপজেলায় চলতি মৌসুমে পাট চাষে সর্বকালের রেকর্ড অতিক্রম করেছে। কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক এ বি এম ফজলুর রহমান বলেন, অনাবৃষ্টির কারণে চাষাবাদে কিছুটা সমস্যা হলেও পাটের দাম গত বছর ভালো হওয়ায় ধান আবাদ ছেড়ে কৃষকেরা এবার পাটের আবাদ করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে পাটের ফলনও ভালো হবে। চলতি মৌসুমে নড়াইল জেলায় আট হাজার ১০০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ২০ হাজার ৭৩ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় পাঁচ হাজার ৬৭৩ হেক্টর, লোহাগড়ায় ১০ হাজার ৪৯০ হেক্টর এবং কালিয়ায় তিন হাজার ৯১০ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে।