লোহাগড়ায় বিধবা-ভাতা উত্তোলনে দুর্ভোগ, ভুক্তভোগী ২৯১৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ জানুয়ারি বেলা ১১টা। নড়াইলের লোহাগড়া জনতা ব্যাংকের সামনে দুই শতাধিক মহিলা অপেক্ষা করছেন। তাঁরা বিধবা-ভাতা নিতে এসেছেন। ৮০ বছরের বৃদ্ধা পাচি বেগম ভিড় ঠেলে বিধবা-ভাতার বই জমা দেওয়ার চেষ্টা করছেন। ধাক্কায় আবার পিছিয়ে আসছেন। উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরে পাচুড়িয়া গ্রামে তাঁর বাড়ি। এসেছেন সকাল ৯টায়। তিনি এ প্রতিবেদককে বলেন, ‘বাবারে হ্যান্যে আর পারছি না। আমার বইটা জুমা দিয়ে দিবা?’তাঁর মতো পারমল্লিকপুর গ্রামের আঙ্গুর বেগম (৮৫), চরমল্লিকপুর গ্রামের শুকুরননেছা (৬৪), করফা গ্রামের রহিমা বেগম (৬৮), মহিষাপাড়া গ্রামের আকলিমাসহ (৬৫) অনেকে চেষ্টা করছেন নিজের ভাতার বইটি ব্যাংকে জমা দিতে। তাঁরা জানান, ভাতা নিতে এসে হয়তো সারা দিন বসে থাকতে হবে। এই দুর্বিষহ অবস্থা থেকে পরিত্রাণ পেতে গ্রাম বা ওয়ার্ডভিত্তিক এলাকায় ভাতা বিতরণের ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।লোহাগড়া জনতা ব্যাংকের ব্যবস্থাপক নূর মোহাম্মদ বলেন, ‘এ শাখা থেকে তিনটি ইউনিয়নের ৬৭৯ জনকে বিধবা-ভাতা দেওয়া হয়। এখন মাসে ৩০০ টাকা করে গত জুলাই থেকে ডিসেম্বর মাসের ভাতা দেওয়া হয়েছে। একটি ইউনিয়নের সবার ভাতা এক দিন দেওয়া হয়। তাই ভিড় হয়। বৃদ্ধাদের কষ্ট হয় ঠিকই, কিন্তু জনবল কম থাকায় এ সমস্যা হচ্ছে।’উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমী রানি মজুমদার বলেন, ‘উপজেলায় বর্তমানে বিধবা-ভাতা পাচ্ছেন দুই হাজার ৯১৮ জন। উপজেলার ছয়টি ব্যাংকের মাধ্যমে এ ভাতা বিতরণ করা হয়। শুধু জনতা ব্যাংক নয়, সব ব্যাংকেই এ অবস্থা। বিধবা-ভাতাপ্রাপ্ত প্রায় সবাই বৃদ্ধ। নিজ নিজ এলাকার গ্রাম বা ওয়ার্ডে গিয়ে ভাতা বিতরণের ব্যবস্থা থাকলে তাঁদের কষ্ট দূর হতো।’