লোহাগড়ায় বেড়েছে ডাকাতি, খুন হামলা ও মাদক ব্যবসা
‘সন্ত্রাসীরা আমাকে ইউনিয়ন পরিষদে যেতে নিষেধ করেছে। ইউনিয়ন পরিষদের কর্মকাণ্ডে আমার কাছ থেকে জোর করে স্বাক্ষর নেওয়া হয়, অথচ আমাকে কোনো কিছুতে অংশ নিতে দেওয়া হয় না। আমি বাড়িতে অনেকটা বন্দী হয়ে থাকি। বাইরে গেলে সন্ত্রাসীরা আমার পিছু নেয়। আমাকে হুমকি দিচ্ছে। আমাকে তারা যেকোনো সময় খুন করতে পারে। এটাই আমার জীবনের শেষ আইনশৃঙ্খলা সভা হতে পারে। আমাকে বাঁচান।’গত ৩ অক্টোবর নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা সভায় এই ভয়াবহ অবস্থার কথা বর্ণনা করেন কাশীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাদিয়ার রহমান। তিনি বলেন, ‘আমার দোষ, আমি বিএনপির লোক। আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসীরা আমাকে এই ভয়াবহ অবস্থার মধ্যে রেখেছে। ইতিমধ্যে আমাকে দুটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। পুলিশকে অবহিত করেছি। প্রতিটি মাসিক আইনশৃঙ্খলা সভায় এসব বিষয় তুলে ধরি, কিন্তু কোনো কাজ হচ্ছে না।’লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল এ সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা প্রমুখ।উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘সন্ত্রাসীরা কোনো দলের নয়। এরা প্রশাসনের প্রশ্রয় পেলে আরও বেপরোয়া হবে। এতে সরকারের ভাবমূর্তি খারাপ হচ্ছে।’সাংসদ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস কে আবু বাকের গত ৯ আগস্ট বিশেষ আইনশৃঙ্খলাবিষয়ক সভা ডাকেন। এ সভায় উপজেলা চেয়ারম্যান জানান, লোহাগড়ার অবস্থা এতই খারাপ যে এখানকার সন্ত্রাসীরা অন্য জেলার সন্ত্রাসীদের কাছে আগ্নেয়াস্ত্র ভাড়া দেয়। এ বিষয়ে প্রকাশ্যে বলতে গেলে নিজের জীবন নিরাপত্তাহীন হয়ে পড়ে।গত ১৬ সেপ্টেম্বর মাসিক আইনশৃঙ্খলাবিষয়ক সভায় জানানো হয়, লোহাগড়ায় মাদক ব্যবসা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতি সভায় মাদকের বিষয় নিয়ে আলোচনা হলেও এর উন্নতি হচ্ছে না। ভারত থেকে দেশের দক্ষিণাঞ্চলের সীমান্ত দিয়ে যে মাদকদ্রব্য এ দেশে ঢুকছে, এগুলো ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় প্রবেশের অন্যতম প্রধান রুট হলো লোহাগড়া। এ উপজেলার মধুমতী নদীর কালনাঘাট ও বকজুড়িঘাট দিয়ে মাদক অন্য এলাকায় যাচ্ছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্পটে মাদক বেচাকেনার হাট বসে। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।অনুসন্ধানে জানা গেছে, গত দুই মাসে চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, হামলা, লুটপাট ও অপহরণের ঘটনা ঘটেছে। ২৩ সেপ্টেম্বর রাতে নোয়াপাড়া গ্রামের ইমারুল শেখকে (৩০) গ্রামের প্রতিপক্ষরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষের ৪৬টি বাড়িতে লুটপাট করা হয়। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সারুলিয়া গ্রামের বাসিন্দা যশোর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মিরাজ ফকিরকে (৪০) বাড়ির পাশে ধরে নিয়ে সন্ত্রাসীরা কুড়াল দিয়ে তাঁর দুই পায়ে এলোপাতাড়ি কোপায়। অস্ত্রোপচার করে তাঁর ডান পা কেটে ফেলতে হয়েছে। ডিগ্রিরচর গ্রামের লিকু মুসল্লিকে (৩৫) সালিস বৈঠক চলাকালে ১৮ সেপ্টেম্বর রাতে গ্রামের প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে। লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র তরিকুল ইসলাম ২৩ আগস্ট রাতে সহপাঠীর লাঠির আঘাতে নিহত হয়।গত ৬ আগস্ট রাতে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন মুন্সী ও তাঁর ভাই আশরাফ মুন্সীর বাড়িতে ডাকাতি হয়। ডাকাতদের হামলায় আলাউদ্দিন মুন্সী গুরুতর আহত হন। তাঁর বাড়ি থেকে ৫২ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট হয়। একই রাতে প্রতিবেশী অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক দেলোয়ার হোসেনের বাড়ি থেকে ডাকাতেরা স্বর্ণালংকার ও টাকা লুট করে। জয়পুর গ্রামের এনায়েত মোল্লার বাড়িতে ৮ আগস্ট রাতে ডাকাতি হয়। ডাকাতেরা নারী ও পুরুষদের মারধর করে ১১ ভরি স্বর্ণালংকার ও তিন লাখ টাকা লুট করে। ১৯ আগস্ট রাতে লোহাগড়ার সরদারপাড়া ব্রিজের নিচ থেকে পুলিশ একটি পিস্তল ও গুলি উদ্ধার করে। ১৭ সেপ্টেম্বর রাতে ইতনা স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী রুমা খানমকে দুর্বৃত্তরা অপহরণ করে।বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কোলা-দিঘলিয়া গ্রামের দুই ভাই মিরাজ (৪০) ও সিরাজকে (৪৫) গত ২৬ সেপ্টেম্বর বখাটেরা কুপিয়ে গুরুতর জখম করে। দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করায় চরপাচাইল গ্রামের মান্নান খাঁকে ৩০ সেপ্টেম্বর নৃশংসভাবে কুপিয়ে আহত করা হয়। ৮ সেপ্টেম্বর রাতে চরমল্লিকপুর গ্রামের আতিয়ার শেখকে (৬০) অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর জখম করে। এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দৌলত আহমেদ খান বলেন, পুলিশের চরম অবহেলার জন্য লোহাগড়া এখন আতঙ্কের উপজেলা।আইনশৃঙ্খলা সভায় ওসি গোলাম মোস্তফা বলেন, সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচন। তাই আধিপত্য বিস্তার করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে। তবে এ পরিস্থিতির উন্নতির জন্য সবার সহযোগিতা দরকার। প্রতিটি এলাকায় শান্তি-সমাবেশ করা প্রয়োজন।