লোহাগড়ায় বোরো ধানের চারা মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় বোরো চারার জন্য শুরু হয়েছে কৃষকের হাহাকার। গ্রাম থেকে গ্রামে, হাট থেকে হাটে চারার জন্য ছুটে বেড়াচ্ছেন কৃষক। যদিও কিছু চারা মিলছে, কিন্তু সেগুলোর দাম আকাশছোঁয়া। তীব্র শীত ও কুয়াশার কারণে বীজতলা নষ্ট হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে চলতি মৌসুমে এই উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।উপজেলার পারমল্লিকপুর গ্রামের কৃষক মঞ্জুর শেখ (৫০) প্রতিবছর ব্যক্তিমালিকানায় একটি সেচ মেশিন চালান। তাঁর সেচ মেশিনের আওতায় ১০ একর জমিতে বোরো ধানের চাষ হয়ে থাকে। তিনি জানান, চারার অভাবে কৃষকেরা এবার বোরো আবাদ করতে পারছেন না। তাই তাঁর সেচ মেশিন বন্ধ রয়েছে। বাকা গ্রামের ইন্তাজ গাজী (৪২) জানান, তিন একরের জায়গায় এবার এক একরে বোরো আবাদ করছেন। পারমল্লিকপুর গ্রামের লোকমান মোল্লা (৪৫), রাজ্জাক মুন্সি (৫৫) ও ভুলু শেখ (৩৮) জানান, গত বছর বোরো মৌসুমে এক পণ (৮০ আঁটি) চারা ৮০ থেকে ১০০ টাকায় কেনা গেছে, সেই একই পরিমাণ চারা এখন ৪০০ থেকে ৫০০ টাকায় কিনতে হচ্ছে। অনেক হাটে বেশি দামেও চারা মিলছে না।সরেজমিনে দেখা গেছে, বেশির ভাগ বীজতলা তীব্র শীতে ক্ষতিগ্রস্ত হলেও এখন চারাগুলো সতেজ হয়ে উঠতে শুরু করেছে, তবে আক্রান্ত চারাগুলো ততটা বেড়ে না ওঠায় কৃষকের মধ্যে এক ধরনের সংশয় সৃষ্টি হয়েছে। এ ছাড়া এখনো অনেক জমি পতিত পড়ে আছে।লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ কর জানান, মার্চের ১৫ তারিখ পর্যন্ত চারা লাগানো যাবে। এ পর্যন্ত উপজেলায় আট হাজার ৮২৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ধানের দাম বেশি ও সারের দাম কম হওয়ায় কৃষক এ মৌসুমে বোরো ধান আবাদে ঝুঁকেছিল। কিন্তু শীতে বীজতলা নষ্ট হওয়ায় প্রয়োজনীয় ভালোমানের চারার অভাবে অনেক কৃষক বোরো আবাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।