লোহাগড়ায় মাদকবিরোধী শপথ নিল ৪০ শিক্ষার্থী
‘আমি ভুল করেও নিজে মাদক গ্রহণ করব না। বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনকে মাদক থেকে বিরত রাখব। মাদকের হিংস্র থাবায় জর্জরিত যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সচেষ্ট হব।’ চার দিনব্যাপী ১৩১তম অ্যাকটিভ ইয়ুথ সিটিজেন লিডার্স প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিন ১৯ জানুয়ারি নড়াইলের লোহাগড়া উপজেলার কলেজ পর্যায়ের ৪০ জন শিক্ষার্থী এ শপথ নেন। লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মুরাদুদ্দৌলা ছাত্রছাত্রীদের এ শপথবাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপাশা মহিলা কলেজের শিক্ষক জি এম শাহ আলম, আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাজী কামরুল হুদা ও লোহাগড়া উপজেলা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক মারুফ সামদানী।ব্রিটিশ কাউন্সিল ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গারের পরিচালনায় লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর প্রশিক্ষক ছিলেন শাহীন মাহমুদ, শাহানারা জাহান, মাসুদ পাভেজ, সাজ্জাদ হোসেন, মাসুদুর রহমান, মাহবুবুল আলম ও তানবীর হোসেন।