লোহাগড়ায় ১৫-২০ শতাংশ শিক্ষার্থী বই পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বছরের প্রথম দিন সব শিক্ষার্থীর হাতে থাকবে নতুন বই।’ সরকারের এ ঘোষণা বাস্তবায়িত হয়নি নড়াইলের লোহাগড়া উপজেলায়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো হাতে নয়টি বিষয়ের বই পায়নি। অন্য বইগুলোও পায়নি সব শিক্ষার্থী। ফলে বিপাকে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।লোহাগড়া উপজেলা শিক্ষা কার্যালয় ও বিভিন্ন বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১৫২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের জন্য বরাদ্দ করা পঞ্চম শ্রেণীর বাংলা, চতুর্থ শ্রেণীর বাংলা, গণিত ও ধর্ম, তৃতীয় শ্রেণীর বাংলা, গণিত, সমাজ ও ধর্ম এবং প্রথম শ্রেণীর ইংরেজি বই এখনো লোহাগড়া শিক্ষা অফিসে পৌঁছায়নি। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শতকরা ৮০-৮৫ ভাগ শিক্ষার্থী বই পেয়েছে, বাকি ১৫-২০ ভাগ শিক্ষার্থী কোনো বই পায়নি।আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী অবিদা, লিমন, তন্বী ও সাব্বির জানায়, তাদের ক্লাসের কেউ বাংলা বই পায়নি। চতুর্থ শ্রেণীর শারমিন আক্তার, শিরিনা খানম, অরিফা এবং তৃতীয় শ্রেণীর মৌসুমী, নিশান, লিমা ও তাহরিমা জানায়, তারা কোনো বই পায়নি। অভিভাবকেরা জানান, বই না পাওয়ায় ছেলেমেয়েরা কান্নাকাটি করছে। মহিষাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মমিনুল হক বলেন, সব পুরোনো বই শিক্ষা অফিস জমা নিয়েছে। কেউ নতুন বই পেয়েছে, কেউ পায়নি। এ পরিস্থিতিতে ছেলেমেয়েদের সামলানো সমস্যা হচ্ছে। কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবির বলেন, ‘প্রচার হয়েছে, এ বছর সব শিক্ষার্থী নতুন বই পাবে। এ জন্য অভিভাবক ও এলাকার প্রভাবশালী মহল আমাদের অবিশ্বাস করছে এবং আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে।’উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দীকুর রহমান বলেন, কয়েকটি বিষয়ের বই এখনো জেলায় পৌঁছায়নি। তাই সেগুলো শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা সম্ভব হয়নি। এগুলো দ্রুত এসে যাবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বই বিতরণ মনিটরিং কমিটির সভাপতি অরুণ কুমার মণ্ডল বলেন, চাহিদা অনুযায়ী বই না আসায় প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় কম বই দেওয়া হয়েছে; তবে শিক্ষার্থীরা সব বই পাবে।