লোহানের মামলার হুমকি!
এবার আর মামলায় ফাঁসা নয়, নিজেই অন্যের বিরুদ্ধে মামলা করতে চাইছেন হলিউডের বিতর্কিত অভিনেত্রী লিন্ডসে লোহান। টিএমজি অনলাইন সম্প্রতি জানিয়েছে, দুবাইয়ের অনুষ্ঠান আয়োজক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাঁর নাম ব্যবহার করার অভিযোগ তুলে মামলার হুমকি দিয়েছেন লোহান।লোহান জানিয়েছেন, প্রতিষ্ঠানটি তাদের নতুন বছর বরণ উত্সবের প্রচারে লোহানের নাম ব্যবহার করেছে।এদিকে লোহানের আইনজীবীর বরাতে জানা গেছে, তিনি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর উদ্যোগ নিচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতের একটি ক্রুজশিপ পার্টিতে লিন্ডসে লোহান উপস্থিত থাকবেন বলেই তাদের প্রচারণায় উল্লেখ করেছিল প্রতিষ্ঠানটি।অবশ্য এর পরপরই লোহানের মুখপাত্র স্টিভ হনিগ লিন্ডসেসংক্রান্ত প্রচারণাটি যে ভ্রান্ত, তা উল্লেখ করে বলেন, লিন্ডসে দুবাই নয়, পরিবার ও বন্ধুদের নিয়ে লস অ্যাঞ্জেলেসে নতুন বছর উদযাপন করবেন।ইতিমধ্যেই দুবাইয়ের প্রতিষ্ঠানটির কাছে প্রতিবাদ জানিয়ে এ বিষয়ে একটি চিঠিও পাঠানোর কথা লিন্ডসের মুখপাত্র স্টিভ হনিগের।বছরের শুরুতেই মামলায় ঝোঁকার বিষয়টি সম্ভবত লিন্ডসের জন্য ঘটনাবহুল আরেকটি বছরের জন্ম দিতে যাচ্ছে।