লোহানের শাস্তি
‘অপরাধের পরে অপরাধ!’ গত মঙ্গলবার এ কথা বললেন বিচারক স্টেফানি সটনার। কাকে? লিন্ডসে লোহানকে। নেকলেস চুরির ওই বিচারে নারীদের এক শেল্টারে কমিউনিটি সার্ভিসে অংশ নেওয়ার হুকুম ছিল লোহানের ওপর। কিন্তু তিনি মানেননি তা। তাই ফের কাঠগড়ায় দাঁড়াতে হলো এই অভিনয়শিল্পীকে। তাও আবার বিচারকের সামনে নিয়ে যাওয়া হলো হাতকড়া পরিয়ে! আপাতত এক লাখ ডলার দিয়ে জামিন নিয়েছেন তিনি। প্রতিজ্ঞা করতে হয়েছে, আর কখনো পানশালায় সময় কাটাবেন না। ২ নভেম্বর ফের শুনানিতে অংশ নিতে হবে ২৫ বছর বয়সী এই তারকাকে। তবে সবচেয়ে ভয়াবহ শাস্তি হলো, আগামী দুই সপ্তাহে মোট ১৬ ঘণ্টা শবাগার পরিষ্কার করতে হবে তাঁকে! উল্লেখ্য, এ বছরের ২৫ জানুয়ারি নেকলেস চুরির এক ঘটনায় শাস্তি হিসেবে আদালত ৩৬০ ঘণ্টার জন্য কমিউনিটি সার্ভিসে অংশ নেওয়ার জন্য বলেছিলেন লোহানকে। এ ছাড়া থাকতে হয়েছিল গৃহবন্দী হয়ে। এপি ও ডেইলি মেইল।