লোহারপুল অ্যামবুশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার চার দশক পূর্তির বছর পার করছি আমরা। স্বাধীনতার মাস মার্চে এখানে তুলে ধরা হচ্ছে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের কতগুলো উল্লেখযোগ্য যুদ্ধ-লড়াই-অভিযান১৬ অক্টোবর, ১৯৭১। আমির হোসেন খুবই বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছেন, পাকিস্তানি বাহিনীর এক কোম্পানি সৈনিক খুব ভোরে জোরারগঞ্জ অতিক্রম করবে। সূত্র তাঁর নিজের মেয়েজামাই। জামাই রাজাকার বাহিনীতে যোগ দিয়েছে। জামাই যেকোনো কারণেই হোক, আমির হোসেনকে খবরটা দিয়েছে।১ নম্বর সেক্টরের অধীন জোরারগঞ্জ (মিরসরাইয়ের অন্তর্ভুক্ত)। আমির হোসেন শুনেছেন, মঈনউদ্দিনের নেতৃত্বে এই সেক্টরের একদল মুক্তিবাহিনী জোরারগঞ্জে লুকিয়ে আছে। ৬২ বছরের বৃদ্ধ আমির হোসেন উদ্ভ্রান্তের মতো কমান্ডার মঈনউদ্দিনকে খুঁজে বেড়াচ্ছেন। সারা দিন খোঁজাখুঁজির পর বেলা তিনটার দিকে মঈনউদ্দিনের সঙ্গে তাঁর দেখা হলো পাতাকোট গ্রামে। মঈনউদ্দিন হামলার খবর পেয়েই সোর্স লাগালেন পাকা খবর আনতে। সোর্স জানিয়েছে, ঘটনা সত্যি।মঈনউদ্দিন ঠিক করলেন, পথেই পাকিস্তানি সেনাদের আক্রমণ করবেন। তিনি কয়েকজন মুক্তিসেনা সঙ্গে করে অ্যামবুশের জায়গা ঠিক করতে বেরোলেন। লোহারপুলের (জোরারগঞ্জের কাছে) পশ্চিম দিকটা ভালো। পাশাপাশি দুটি পুকুর আছে এখানে। ঝড়ের গতিতে পুকুরে কয়েকটি বাংকার খোঁড়া হলো। সন্ধ্যা সাতটার মধ্যেই তাঁরা ফিরে গেলেন ক্যাম্পে।রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি সবাই শুয়ে পড়লেন। রাত দুইটার সময় উঠতে হবে। মঈনউদ্দিন থানা কমান্ডার অহিদুল হকের কাছে এলএমজি চেয়ে পাঠালেন। পাহারায় থাকা যোদ্ধারা ঠিক দুইটার সময় সবাইকে ঘুম থেকে জাগিয়ে তুললেন। খোলা জায়গায় লাইন করে দাঁড়িয়ে শপথ নিলেন। প্রায় এক ঘণ্টা হাঁটার পর অ্যামবুশ এলাকায় এসে পড়লেন সবাই।একটু পর দেখা গেল, হারিকেন হাতে একজন এগিয়ে আসছে। কমান্ডারের নির্দেশে মোস্তফা চাদরের মধ্যে স্টেনগান লুকিয়ে রেখে খোঁজ নিতে এগোলেন। হারিকেনবাহীর কাছ থেকে জানা গেল, পাকিস্তানি সেনারা আসছে।দুটি গ্রুপে আলাদা হয়ে গেল মুক্তিবাহিনী। একটি গ্রুপ রইল মঈনউদ্দিনের সঙ্গে। আরেক গ্রুপ গেল ডেপুটি কমান্ডার আবদুল ওয়াহাবের সঙ্গে। দুই গ্রুপ যার যার জায়গায় পজিশন নিয়ে ফেলেছে। কমান্ডারের কড়া নির্দেশ, তাঁর আগে কেউ গুলি চালাবে না।পাকিস্তানি সেনারা কাছাকাছি এসে পড়েছে। যথাসময়েই মঈনউদ্দিন এলএমজি দিয়ে ফায়ার ওপেন করলেন। সঙ্গে সঙ্গে বিভিন্ন দিক থেকে ঝাঁকে ঝাঁকে গুলি ছুড়তে শুরু করল মুক্তিবাহিনী। এই অতর্কিত হামলায় পাকিস্তানি বাহিনী হকচকিয়ে গেছে।মুক্তিবাহিনী সংখ্যায় কম। দলে ভারী অস্ত্রশস্ত্রও নেই। কিন্তু এই আচম্বিত আক্রমণে পাকিস্তানি সেনারা পিছু হটেছে। মুক্তিবাহিনী সামান্য জনবল নিয়েই পাকিস্তানি বাহিনীকে প্রায় ঘিরে ফেলেছে। আগে থেকে শত্রুর গতিবিধি জেনে ফেলার এই এক মস্ত সুবিধা। প্রচুর জনবল আর অস্ত্রশস্ত্র নিয়েও পাকিস্তানি বাহিনী সুবিধা করতে পারছে না। গুলির আওয়াজের পরও মুক্তিবাহিনীর অবস্থান তারা ঠিক ঠাহর করতে পারছে না। নিশানার ক্ষেত্রে মুক্তিবাহিনী ভালো সুযোগ পেয়েছে। গুলি হিসাব করে খরচ করতে হচ্ছে।পাকিস্তানি বাহিনীর নিয়মিত সেনারা তো আছেই। এদের সঙ্গে যুক্ত হয়েছে রাজাকার বাহিনী। ওই বিরাট সৈন্যবহরের সঙ্গে বেশিক্ষণ মুখোমুখি যুদ্ধ সম্ভব নয়, আবার কাম্যও নয়। মুক্তিযোদ্ধারা পিছু হটে এলেন।অ্যামবুশ এলাকা থেকে পিছু হটার কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানি বাহিনী সংঘবদ্ধভাবে মুক্তিযোদ্ধাদের আক্রমণ করল। মেশিনগান আর মর্টার দিয়ে পাকিস্তানি সেনারা প্রচণ্ড গোলাবর্ষণ করছে। মুক্তিবাহিনী এবার বিপাকে পড়ে গেছে। কমান্ডার, ডেপুটি কমান্ডার দুজনেরই এলএমজিতে গুলি আটকে ফায়ার বন্ধ হয়ে গেছে। বাকিদের থ্রি নট থ্রি, এসএলআরের গুলির মজুদ প্রায় ফুরিয়ে গেছে।টানা দুই ঘণ্টা ধরে যুদ্ধ চলল। মঈনউদ্দিন পরিস্থিতি হিসাব করে ফেলেছেন। ক্ষুদ্র সামর্থ্যে পাকিস্তানি বাহিনীর যতখানি ক্ষতি করা সম্ভব, তাঁরা সেটা এরই মধ্যে করে ফেলেছেন। এখন সাহস দেখাতে গেলে বেঘোরে মারা পড়ার আশঙ্কা। তিনি সবাইকে নিরাপদে সরে গিয়ে ক্যাম্পে ফিরে যাওয়ার সংকেত দিলেন। পাকিস্তানি বাহিনী সুবিধা করতে না পেরে পিছিয়ে পড়তে লাগল। পাকিস্তানি সেনারা বেশ কিছু লাশ ফেলে গেল।সহযোদ্ধারা সবাই সরে গেছেন। শুধু দুই কমান্ডার ঘুরে ঘুরে অ্যামবুশের জায়গাটা দেখছেন। কোথাও কোনো মুক্তিযোদ্ধাকে দেখা গেল না। অত বড় বাহিনীর এত গোলাগুলিতেও মুক্তিবাহিনীর কোনো ক্ষতি হয়নি। এটা প্রায় অবিশ্বাস্য ব্যাপার। নিরাপদ আশ্রয়ে গিয়ে দেখা গেল, সবাই অক্ষত দেহে ফিরে এসেছেন। মুক্তিযোদ্ধারা গভীর আবেগে একজন আরেকজনকে জড়িয়ে ধরছেন।পাকিস্তানি শিবিরের খবর ঠিকঠাক পাওয়া গেল পরদিন ভোরবেলা। একজন মেজরসহ বিভিন্ন র্যাংকের ১১ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। সকালে স্থানীয় গ্রামবাসীকে পাকিস্তানি সেনারা জোর করে বাধ্য করল তাদের নিহত সৈনিকদের লাশ বহনে। গুলি করে তিনজন নিরীহ গ্রামবাসীকে হত্যা করা হলো। পাকিস্তানি জওয়ানদের প্রতিশোধের নমুনা! ক্ষিপ্ত পাকিস্তানি সেনারা এরপর আশপাশের কয়েকটি গ্রামে ব্যাপক তাণ্ডব চালায়। অনেক নিরীহ গ্রামবাসীকে হত্যা করা হলো।সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস (সেক্টর-এক)—মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারগ্রন্থনা: মুহাম্মদ লুৎফুল হক ও তৈমুর রেজা