ল্যান্ড ক্রুজার ও প্রাডো সাংসদদের পছন্দ
শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির প্রক্রিয়ায় সাংসদদের ঝোঁক টয়োটা ল্যান্ড ত্রুদ্ধজারের দিকে। শুল্কমুক্ত ডিজেলচালিত চার হাজার সিসির এ গাড়ির দাম পড়বে ৫০ থেকে ৫৫ লাখ টাকা। আর ৪৪০ শতাংশ শুল্ক দিয়ে এ গাড়ি কিনলে এর দাম পড়ে প্রায় তিন কোটি টাকা। সাড়ে চার হাজার সিসির একটি শুল্কমুক্ত গাড়ির দাম ৫০ থেকে ৫৮ লাখের মধ্যে হলেও এর ওপর শুল্কহার ৮৩০ শতাংশ। ফলে শুল্কসহ এ ধরনের একটি গাড়ির দাম প্রায় পাঁচ কোটি টাকা।সাংসদদের দ্বিতীয় পছন্দের তালিকায় আছে টয়োটা প্রাডো। দুই হাজার ৭০০ থেকে তিন হাজার সিসির বিভিন্ন মডেলের এসব গাড়ির শুল্ক ছাড়া দাম গড়ে ৩৫ থেকে ৪৮ লাখ টাকা। আর শুল্কসহ পেট্রলচালিত এসব গাড়ির দাম দেড় কোটি টাকা ছাড়িয়ে যায়। পছন্দের তালিকায় আরও আছে তিন হাজার সিসির মিতসুবিসি পাজেরো। শুল্কমুক্ত এ গাড়ির গড় দাম পড়বে ৫০ লাখের মধ্যে। আর শুল্কসহ দুই কোটি টাকা ছাড়িয়ে যাবে।অত্যন্ত দামি ও বিলাসবহুল ১১ ধরনের গাড়ি শুল্কমুক্তভাবে আমদানি নিষিদ্ধ করার পর সাংসদেরা এবার ওই ধরনের গাড়ির প্রতি আগ্রহী হয়েছেন। গাড়ি আমদানির প্রজ্ঞাপন জারি হওয়ার পর গত এক মাসে শতাধিক আবেদন পড়েছে সংসদ সচিবালয়ে। এরই মধ্যে ৮৫টি গাড়ি আমদানির অনুমোদনপত্র দেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে সাংসদদের শুল্কমুক্ত গাড়ি আমদানির প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। শুল্কমুক্ত গাড়ি নিয়ে সরকারের নানা ধরনের চিন্তাভাবনার কারণে এই প্রক্রিয়া শুরু হতে দেড় বছর কেটে যায়।ছাড়পত্র নিয়ে অনেক সাংসদ বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে গাড়ি আমদানির উদ্যোগ নিয়েছেন। ব্যাংকগুলো সাধারণ নাগরিকদের মতো একই শর্তে সাংসদদেরও ঋণ দেবে। বেসরকারি ব্যাংক থেকেই অধিকসংখ্যক গাড়ির জন্য ঋণপত্র খোলা হয়েছে। একাধিক ব্যাংক সাংসদদের গাড়ির জন্য ঋণ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। বিভিন্ন গাড়ি কোম্পানি সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া ছাড়াও সাংসদদের বাসায় গাড়ির সব তথ্যসংবলিত কাগজপত্র পাঠাচ্ছে, যাতে সাংসদেরা সহজে গাড়ি পছন্দ করতে পারেন।খোঁজ নিয়ে জানা গেছে, গাড়ি আমদানির জন্য ছাড়পত্র পেয়েছেন— এমন সাংসদের মধ্যে নতুনদের সংখ্যাই বেশি। সরকারি দলের সঙ্গে পাল্লা দিয়ে শুল্কমুক্ত গাড়ি আমদানির প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন বিরোধীদলীয় সদস্যরাও।রাজশাহী থেকে নির্বাচিত সরকারি দলের নতুন সাংসদ এনামুল হক আবেদন করেছেন টয়োটা ল্যান্ড ক্রুজারের জন্য। আর পূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরী প্রথমে টয়োটা ল্যান্ড ত্রুদ্ধজারের জন্য আবেদন করলেও পরে তা পাল্টে টয়োটা প্রাডোর জন্য চিঠি লিখেছেন। ফজলে করিম চৌধুরীর একান্ত সচিব এম মাসুম প্রথম আলোকে বলেন, প্রথমে টয়োটা ল্যান্ড ত্রুদ্ধজারের জন্য আবেদন করা হলেও পরে অপেক্ষাকৃত কম দামের প্রাডো গাড়ি আনার চিন্তা করা হচ্ছে। সরকারি দলের প্রবীণ নেতা আমির হোসেন আমুও টয়োটা ল্যান্ড ত্রুদ্ধজার আনার উদ্যোগ নিয়েছেন।তবে মন্ত্রী, মন্ত্রী পদমর্যাদার স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং প্রতিমন্ত্রী মর্যাদার হুইপদের কেউ এখনো শুল্কমুক্ত কোটায় গাড়ি নেওয়ার আবেদন করেননি। জানা গেছে, মন্ত্রীদের এ কোটায় গাড়ি আনার বিষয়ে প্রধানমন্ত্রীর নেতিবাচক মনোভাবের কারণে তাঁরা ‘ধীরে চলো নীতি’ অনুসরণ করছেন।চিফ হুইপ আবদুস শহীদ প্রথম আলোকে বলেন, সব সাংসদই শুল্কমুক্ত গাড়ি আমদানির যোগ্যতা রাখেন। তবে যাঁরা সরকারি গাড়ি পাচ্ছেন, তাঁরা হয়তো সাংসদদের গাড়ির জন্য মাসিক ভাতা নাও পেতে পারেন। আর মন্ত্রী হলেও যাঁরা সাংসদ নন, তাঁরা এ সুবিধা পাবেন না।বিএনপির মওদুদ আহমদ ও আবদুল মোমিন তালুকদার টয়োটা ল্যান্ড ত্রুদ্ধজার আনতে চান। মোমিন তালুকদারের মতে, এ ধরনের গাড়ি নিয়ে গ্রামগঞ্জের মেঠোপথেও নির্বিঘ্নে সাধারণ মানুষের কাছে যাওয়া সহজ হবে। সে জন্যই এ গাড়ি তাঁর পছন্দ। তিনি বলেন, এবার আইন করে ১১ ধরনের বিলাসবহুল গাড়ি আমদানি নিষিদ্ধ করায় এক বাজে প্রতিযোগিতা থেকে রক্ষা পাওয়া গেছে।স্পিকার আবদুল হামিদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, একটু দেরিতে হলেও সাংসদেরা শুল্কমুক্ত কোটায় গাড়ি আনার কাজ শুরু করেছেন। তবে এবার অধিক বিলাসবহুল গাড়ি আমদানি করা যাচ্ছে না বলে সবাই টয়োটার বিভিন্ন ধরনের জিপের দিকে বেশি ঝুঁকছেন। তিনি বলেন, অনেক সাংসদ ব্যাংক ঋণ নিয়ে গাড়ি কিনছেন। তবে সাংসদেরা গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসিক ৪০ হাজার টাকা করে ভাতা পাওয়ায় তাঁরা ওখান থেকে এটি সমন্বয় করতে পারবেন। ঋণ নিলেও তাঁদের অসুবিধা হবে না।এবার নতুন আইন অনুসারে সাংসদেরা ছয় ধরনের গাড়ি আমদানি করতে পারছেন। এগুলো হলো সর্বোচ্চ ১৬৫০ সিসির পেট্রলচালিত, ১৮০০ সিসির ডিজেলচালিত ও ২০০০ সিসির হাইব্রিড মোটরগাড়ি, ২০০০ সিসির মাইক্রোবাস, ৩০০০ সিসির পেট্রলচালিত জিপ এবং ৪৫০০ সিসির ডিজেলচালিত জিপ। তবে ১১ ধরনের বিলাসবহুল গাড়ি আমদানি করা যাবে না। এগুলো হলো মার্সিডিজ বেঞ্জ, লেক্সাস, হামার, বিএমডব্লিউ, পোরশে, ফেরারি, ক্যাডিলাক, রোলস রয়েস, জাগুয়ার, করভেট ও অডি কোম্পানির গাড়ি।যোগাযোগ করা হলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, ভারতের মতো সাংসদদের গাড়ির সুবিধা দিতে পারলেই সবচেয়ে ভালো হতো। তাহলে আর এই অসম প্রতিযোগিতার কথা উঠত না। তা ছাড়া শুল্কমুক্ত যেকোনো সুবিধা নেওয়া সাংসদদের জন্য সম্মানজনক নয়।প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি জানান, ভারতে সাংসদদের জন্য এভাবে শুল্কমুক্ত গাড়ি দেওয়ার কোনো বিধান নেই। তবে তাঁরা সংসদ অধিবেশন চলাকালে চাইলে গাড়ি ব্যবহারের সুযোগ পান। এ জন্য অবশ্য আগে থেকেই তাঁদের সংসদ কর্তৃপক্ষকে জানাতে হয়।সাংসদদের শুল্কমুক্ত গাড়ি দেওয়া শুরু হয় এরশাদের আমলে। অষ্টম সংসদ পর্যন্ত তা বহাল ছিল। সুযোগটির অপব্যবহারের ব্যাপক অভিযোগ থাকায় এটি বিতর্কিত হয়ে পড়ে। সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকার অধ্যাদেশ জারি করে এ-সংক্রান্ত আইনটি বাতিল করে। কিন্তু বর্তমান সরকার সংসদে অধ্যাদেশটির বৈধতা না দেওয়ায় তা বাতিল হয়ে যায়। ফলে আবার শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বহাল হয়।এরপর গত বছরের ৩ জুন সংসদ কমিশনের সভায় সংসদ সচিবালয় থেকে গাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আবার সরকার তেল ও চালকের খরচসহ আগের মতো শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। বর্তমান আইন অনুসারে কেউ সাংসদ নির্বাচিত হলে এক মেয়াদে একবার শুল্কমুক্ত গাড়ি নিতে পারবেন।অষ্টম সংসদের সদস্যদের নামে আমদানি করা শুল্কমুক্ত গাড়ির তালিকা থেকে দেখা যায়, অনেকেই বেশি দামি গাড়ি এনেছেন। বিএমডব্লিউ, হামার বা পোরশের মতো কোনো দামি কোম্পানি বাদ ছিল না। যত বেশি দামি গাড়ি আমদানি হবে, সরকার তত বেশি রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে।