ল্যান্ডক্রুজারটি হেনরীর স্বামীর এক আত্মীয়ের!
সোনালী ব্যাংকের সাবেক পরিচালক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের পরিবেশ ও বনবিষয়ক সম্পাদিকা জান্নাত আরা হেনরী দাবি করেছেন, তাঁর কোনো অবৈধ সম্পদ নেই। তাঁর ব্যবহূত বিলাসবহুল ল্যান্ডক্রুজার গাড়িটি তাঁর নিজের নয়। সেটি তাঁর স্বামীর এক আত্মীয়ের গাড়ি। তবে গাড়িটির মালিক কে, সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেননি।ঢাকার রূপনগর আবাসিক এলাকায় ‘রজনীগন্ধ্যা’ নামের বাড়িতে ফ্ল্যাট কিনে বসবাস করেন—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সোনালী ব্যাংকের সাবেক এই পরিচালক বলেন, দুদকের কাছে সিরাজগঞ্জ থেকে আমার বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে দরখাস্ত করা হয়। এর মধ্যে এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। তবে তিনি ঢাকার পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে পাঁচ কাঠার একটি প্লট পাওয়ার বিষয় স্বীকার করে বলেন, ‘এটি শিল্পী কোটায় পেয়েছি।’আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে সোনালী ব্যাংকের সাবেক পরিচালক আবারও বলেন, হলমার্ক কেলেঙ্কারির জন্য সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষই দায়ী, এর সঙ্গে পরিচালনা পর্ষদ কোনোভাবেই সম্পৃক্ত নয়। কারণ, পরিচালনা পর্ষদ ঋণ অনুমোদন করে না, ঋণ অনুমোদন করে ব্যবস্থাপনা পরিষদ।হেনরী বলেন, ‘ষড়যন্ত্র ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন পত্রপত্রিকা ও টেলিভিশন চ্যানেলে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার ও আমার পরিবারের নামে মিথ্যা, সংবাদ প্রচার করে আসছে।’ ক্লাস না করেও চাকরির সুবাদে নিয়মিত স্কুল থেকে বেতন উত্তোলন করছেন, এমন প্রশ্নের জবাবে সোনালী ব্যাংকের সাবেক পরিচালক বলেন, তিনি প্রথম দুই বছর শিক্ষা ছুটি ভোগ করেছেন। পরে এক বছর তিনি বিশেষ ছুটি ভোগ করছেন। একজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ করে তাঁর ক্লাসগুলো নেওয়া হচ্ছে। এ জন্য বেতন দেওয়া হচ্ছে তাঁর বেতনের টাকা থেকে।