ল্যান্স নায়েকের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এপ্রিল মাসের মাঝামাঝি। ১৯৭১।চট্টগ্রাম অঞ্চলে মুক্তিযোদ্ধারা কিছুটা বেকায়দায় পড়েছেন। পাকিস্তানি বাহিনী তার সমস্ত শক্তি নিংড়ে মাঠে নেমেছে। মেজর মীর শওকত আলী অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও মুক্তিযোদ্ধাদের নিয়ে পিছে সরে মহালছড়ি (রাঙামাটি) এসেছেন। এখন থেকে এটাই ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স। মেজর শওকত মহালছড়িতে সব কর্মকর্তাকে আসতে খবর দিয়েছেন। ১৪ এপ্রিল লেফটেন্যান্ট মাহফুজ এসে পড়লেন। ওই দিনই ক্যাপ্টেন আফতাব কাদের এসে হাজির। মেজর শওকত এবার অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পুরোপুরি গুছিয়ে আনতে পারবেন। যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্ব দিচ্ছেন মেজর জিয়াউর রহমান। ৩০ মার্চের পর তিনি ভারতীয় বাহিনীর সঙ্গে যোগাযোগের জরুরি প্রয়োজনে রামগড়ের দিকে চলে গেছেন। তাঁর অবর্তমানে দায়দায়িত্ব পুরোটাই মেজর শওকতের।তিনি ব্যাটালিয়নকে কয়েকটি দলে ভাগ করে ফেললেন। ঘাঘড়ায় থাকবেন ক্যাপ্টেন আফতাব। ক্যাপ্টেন খালেকুজ্জামানকে পাঠানো হবে বুড়িঘাটে। বরকলের মাঝামাঝি অবস্থান নেবেন লেফটেন্যান্ট মাহফুজ। আর সুবেদার মুতালেব কুতুবছড়ি এলাকার দায়িত্বে থাকবেন। সবার সঙ্গে এক কোম্পানি সেনাসদস্য দেওয়া হলো। তাঁদের প্রধান দায়িত্ব আক্রমণ নয়, প্রতিরক্ষা। তাঁরা রাঙামাটিকে আগলে রাখবেন।১৭ এপ্রিল। পাকিস্তানি বাহিনী লঞ্চে করে রেকি করতে বেরিয়েছে। কুড়িজন সেনার ছোটখাটো একটি দল। মুক্তিবাহিনীর অবস্থান সম্পর্কে ভালো করে জেনে নেওয়া দরকার। রাঙামাটি-মহালছড়ি নদীপথ পাহারার দায়িত্বে আছেন ক্যাপ্টেন খালেকুজ্জামান চৌধুরী। পাকিস্তানি সেনাদের গতিবিধি তিনি অনেক আগেই টের পেয়েছেন। কিন্তু কোনো সাড়া-শব্দ করছেন না। মাটির সঙ্গে মিশে থাকা মুক্তিবাহিনীর উপস্থিতি পাকিস্তানি বাহিনী টেরই পেল না। কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানি বাহিনী মুক্তিবাহিনীর রক্ষাব্যূহের কাছাকাছি এসে পড়ে। ভয় পেয়ে পাকিস্তানি বাহিনী গুলি ছুড়তে আরম্ভ করেছে। খালেকুজ্জামান তবুও ঘাপটি মেরে আছেন। পাকিস্তানি সেনাদের লঞ্চটি বোকার মতো তাঁর আওতার মধ্যে পুরোপুরি এসে গেল। মুক্তিবাহিনী এবার গুলি ছুড়ল। হতভম্ব পাকিস্তানি সেনারা টপাটপ মরতে লাগল। গোলার আঘাতে লঞ্চটাই ডুবে গেছে। পাকিস্তানি সেনাদের কয়েকজন পালিয়ে জান বাঁচাল। দুই দিন পরের কথা। খালেকুজ্জামান তাঁর কোম্পানি নিয়ে চিংড়ি খাল বরাবর গার্ড দিচ্ছেন। বেলা তিনটায় পাকিস্তানি বাহিনী বুড়িঘাট আক্রমণ করল। দুটো বড় বড় লঞ্চ আর সাতটি স্পিডবোট নিয়ে এসেছে ওরা। পাকিস্তানি বাহিনীর তৃতীয় কমান্ডো ব্যাটালিয়নের দুই কোম্পানি সেনা একযোগে এসেছে। ক্যাপ্টেন খালেকুজ্জমান বুঝতে পারছেন তাঁর দুর্বল বাহিনী নিয়ে এত বিরাট শক্তির মোকাবিলা সম্ভব নয়। তাঁর বাহিনী টিকতে পারবে না। ক্যাপ্টেন হিসেবে তাঁর কর্তব্য নিজের কোম্পানিকে অর্থহীন মৃত্যুর হাত থেকে রক্ষা করা। কিন্তু পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল। পালিয়ে যাওয়ার উপায় নেই। শত্রু মর্টার হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে মেশিনগান নিয়ে যিনি এগিয়ে এলেন, তিনি খুবই সাধারণ একজন সৈনিক। ইপিআর বাহিনীর একজন ল্যান্স নায়েক। নাম মুন্সী আবদুর রউফ। মেশিনগান হাতে তিনি ক্যাপ্টেনকে বললেন, ‘আমি গুলি চালিয়ে যাচ্ছি, আপনি বাকি সেনাদের নিয়ে পিছু হটে যান।’ কাজটা বলতে গেলে অসম্ভব। একা গুলি চালিয়ে দুই কোম্পানি সেনা ঠেকিয়ে রাখা প্রায় অবাস্তব একটি কল্পনা। কিন্তু খালেকুজ্জামান তাঁর কথা বিশ্বাস করলেন। খুবই গড়পরতা চেহারার একটা লোক তাঁকে বলছে, ‘আপনি চলে যান, আমি দেখছি’—ক্যাপ্টেন সেটা মেনে নিলেন। মুক্তিবাহিনী পিছু হটতে শুরু করেছে। শুধু মেশিনগান হাতে একা ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ। তাঁর সামনে দুটো লঞ্চ ও সাতটি স্পিডবোট বোঝাই পাকিস্তানি সেনা। শত্রুরা অবিশ্রাম গুলি চালাচ্ছে। খুব ভেবেচিন্তে নিজের পজিশন নিয়েছেন আবদুর রউফ। তাঁকে নামতে হচ্ছে এক পৌরাণিক বীরের ভূমিকায়। পুরাকালে ঈশ্বরের বরপুত্ররা যেমন অমিত তেজে বুক পেতে দাঁড়াতেন, তিনিও সেভাবে দাঁড়িয়েছেন। শুধু পার্থক্য হলো আবদুর রউফ পৌরাণিক চরিত্র নন। তিনি খুবই সামান্য একজন ল্যান্স নায়েক। থেমে থেমে গুলি ছুড়ছেন আবদুর রউফ। তাঁর সাথিদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া দরকার। ততক্ষণ খানসেনাদের ঠেকিয়ে রাখতে হবে। পাকিস্তানি সেনারা এগোতে পারছে না। আবদুর রউফ অবিশ্বাস্য দ্রুতগতিতে নিশানা রেখে গুলি চালিয়ে যাচ্ছেন। পাকিস্তানি সেনাদের লাশ নদীতে পড়ছে।আবদুর রউফ অবাক হয়ে লক্ষ করলেন শত্রুদের সাতটি স্পিডবোটই তিনি গুলি চালিয়ে অকার্যকর করে দিয়েছেন। আবদুর রউফ অবিশ্বাস্য ক্ষিপ্রতায় যুদ্ধ করছেন। তাঁকে কোনো সহযোদ্ধা কাভার দিচ্ছে না। তিনি একদিকে নিজেকে রক্ষা করছেন, অন্যদিকে পরিমিত কিন্তু লক্ষ্যভেদী গুলি ছুড়ে শত্রুনিধন করছেন।মুক্তিবাহিনী নিরাপদ স্থানে পৌঁছে গেছে। মৃত্যুর সামনে দাঁড়িয়েও গভীর স্বস্তি অনুভব করছেন আবদুর রউফ। অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি গোটা কোম্পানি তিনি রক্ষা করতে পেরেছেন। শত্রুপক্ষ পিছু হটে আবদুর রউফের মেশিনগানের রেঞ্জের বাইরে চলে গেল। এবার শুরু হলো তিন ইঞ্চি মর্টারের গোলাবর্ষণ। লক্ষ্য এই বাংলার সাধারণ একজন ল্যান্স নায়েক, যিনি সমরবিদ্যার প্রচলিত হিসাব-নিকাশ প্রায় অচল করে ফেলেছেন। এলোপাতাড়ি গোলা পড়ছে। আবদুর রউফের সেটা নিয়ে ভাবার অবসর নেই। তাঁকে গুলি চালিয়ে যেতে হবে। আবদুর রউফকে একসময় থামতে হলো। শত্রুর ছুড়ে দেওয়া একটি গোলা আবদুর রউফকে আঘাত করেছে। আবদুর রউফের মেশিনগান থেমে গেছে। সূর্য ঢলে পড়েছে। সন্ধ্যার আর খুব বেশি বাকি নেই। আবদুর রউফের গোলার আঘাতে ছিন্নভিন্ন দেহটা পড়ন্ত সূর্যের আলোয় সোনালি দেখাচ্ছে। টীকা: ২০ এপ্রিল লেফটেন্যান্ট মাহফুজ মুন্সী আবদুর রউফের মৃতদেহ উদ্ধার করেন। গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে বুড়িঘাটে সমাহিত করা হয়। যুদ্ধকালে মুন্সী আবদুর রউফকে বীরত্বের জন্য সর্বোচ্চ খেতাবের সুপারিশ করা হয়, দেশ স্বাধীন হওয়ার পর সরকার তাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে।সূত্র: বাংলাদেশের মুক্তিযুদ্ধ (প্রথম খণ্ড: প্রথম পর্ব)—সেনা সদর, শিক্ষা পরিদপ্তর; বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র: নবম খণ্ড—তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারগ্রন্থনা: মুহাম্মদ লুৎফুল হক ও তৈমুর রেজা