ল্যাপটপ আমার জীবন বাঁচিয়েছে
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে কম্পিউটার বা ল্যাপটপ অনেকের জীবনেরই অপরিহার্য অংশ হয়ে উঠেছে। তবে শুধু প্রাত্যহিক নানা কাজে সহযোগিতাই নয়, এই ল্যাপটপ সব সময় সঙ্গে রাখার কারণে নিশ্চিত মৃত্যুর হাত থেকেও বেঁচে গিয়েছিলেন যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। আর পাঁচ বছর আগে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া লুসি লিন ইভান্স এখন সাইকেল চালিয়ে আনন্দময় এক জীবন কাটাচ্ছেন। সম্প্রতি তিনি ডেইলি মেইলকে শুনিয়েছেন সেই দুর্ঘটনা ও ল্যাপটপের কল্যাণে বিস্ময়করভাবে প্রাণে বেঁচে যাওয়ার গল্প।পাঁচ বছর আগে সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষ শেষ করেছিলেন পূর্ব লন্ডনের বাসিন্দা লুসি। একদিন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে আচমকা একটা প্রকাণ্ড ট্রাকের নিচে পড়ে যান এই ব্রিটিশ তরুণী। ভয়াবহভাবে তাঁর পিঠের ওপর দিয়ে চলে যায় ট্রাকটি। লুসির ভাষায়, ‘মনে হয়েছিল যেন দুটি বিশালাকৃতির মানুষ আমাকে পিষে ফেলছে।’ তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলেই প্রাণ হারানোর কথা ছিল লুসির। কিন্তু খানিক পরে হাসপাতালের বিছানায় জ্ঞান ফেরার পর তিনি বুঝতে পারলেন তিনি এ যাত্রায় প্রাণে বেঁচে গেছেন শুধু তাঁর ল্যাপটপটির জন্য। ট্রাকটি পিঠের ওপর দিয়ে চলে যাওয়ার সময় চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল লুসির সাধের ল্যাপটপটি। কিন্তু আধুনিক এই যন্ত্রটির কল্যাণেই অকালে প্রাণ হারাতে হয়নি তাঁর। সে সময়ের স্মৃতি স্মরণ করে লুসি বলেছেন, ‘আমি সত্যিই খুব ভাগ্যবতী। সেদিন যদি পিঠে ল্যাপটপটা না থাকত, তাহলে হয়তো আমার মেরুদণ্ডটি পুরোই চূর্ণবিচূর্ণ হয়ে যেত।’ তবে এরপর ১৫ বার অস্ত্রোপচার ও দীর্ঘ একটা বছর হাসপাতালে কাটাতে হয়েছে লুসিকে। তাঁকে বলা হয়েছিল, তিনি আর কখনো ভালোমতো হাঁটতে পারবেন না। কিন্তু হার মানেননি এই ব্রিটিশ তরুণী। ধীরে ধীরে আবার দাঁড়িয়েছেন নিজের পায়ে। তবে হাঁটতে বেশ কষ্ট হলেও সাইকেল চালানোটা খুব বেশি কষ্টকর ছিল না লুসির জন্য। আর এখন দুই চাকার এই বাহনটা সার্বক্ষণিক সঙ্গী হয়ে গেছে তাঁর।বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পর দুই ভাইকে সঙ্গে নিয়ে লুসি গড়ে তুলেছেন একটি সাইকেল ক্লাব। যেখানে সাইকেল চেপে নিত্যনতুন জায়গায় ঘুরে বেড়ান তাঁরা। আর এবার সদ্য শেষ হওয়া লন্ডন অলিম্পিকে ব্রিটিশ অ্যাথলেটদের সাফল্যের পর লুসি আশা করছেন আরও বেশি সাইকেলপাগল মানুষ তাঁদের সঙ্গে যুক্ত হবে।